তাঁদের পানে
"৭০০০০। প্রত্যেক হাজারের জন্য আরো ৭০০০০।" "কী বলছিস এসব?", কাঁধ ঝাঁকাতে ঝাঁকাতে রায়হানকে ডাকে ইফতি। "ধ্যাঁত! ঘুমটা ভাঙায় দিলি! কী সুন্দর একটা স্বপ্ন দেখছিলাম।" "সকাল হয়েছে তো। স্কুলে যাবি না? উঠ উঠ!" চোখে পানির ঝাপটা দিল

বিসমিল্লাহির রাহমানির রাহিম
"৭০০০০। প্রত্যেক হাজারের জন্য আরো ৭০০০০।"
"কী বলছিস এসব?", কাঁধ ঝাঁকাতে ঝাঁকাতে রায়হানকে ডাকে ইফতি।
"ধ্যাঁত! ঘুমটা ভাঙায় দিলি! কী সুন্দর একটা স্বপ্ন দেখছিলাম।"
"সকাল হয়েছে তো। স্কুলে যাবি না? উঠ উঠ!"
চোখে পানির ঝাপটা দিল ইফতি। হোস্টেলের দুই তলার ওয়াশরুমের বেসিনটা বেশ বড়। পাশাপাশি বেশ কজন দাঁড়ানো যায়। ১০-১২ জন তো হবেই। বিরাট একটা আয়না। কিছুটা ময়লা হলেও এতেই কাজ সেরে যায় সবার। অন্তত টয়লেটের থেকে ঢের ভালো। টয়লেটের যা অবস্থা!
"তুই তখন কী যেন বলছিলি? ঘুমের মধ্যে কথা বলার তোর বদ অভ্যাস গেল না," ব্রাশে পেস্ট লাগাচ্ছে অহি।
সকালে ইফতি যখন রায়হানকে ডাকছিল তখন তাদের পাশেই ঝিমুচ্ছিল অহি। রাত জেগে পড়াশোনা করা অভ্যাস। স্কুল না গেলে স্যারের বকা খেতে হবে। আজ তো আবার ডন স্যারের ক্লাস। স্যারের নামের সাথে তার চেহারার মিল না থাকলেও আচরণে ডনের থেকে কোনো অংশেই কম না। কিন্তু স্থূলদেহ আর ইয়ামোটা লেপটাকে হটানোর কথা চিন্তা করতেই আবার ঘুম চলে আসে অহির। হঠাৎ ইফতির ডাকাডাকিতে খুব কষ্টে উঠে বসে। ওদিকে আবার রায়হান বরাবরের মতোই কথা বলতে থাকে ঘুমের ঘোরে। প্রতিদিন তার নতুন নতুন কথা। তবে আজকের ৭০০০০ এর কথাটা কেন যেন অন্যরকম লাগলো অহির।
"ঘুমের মধ্যে কথা বলার জন্যও ট্যালেন্ট লাগে বস," অহির পাশে ব্রাশ করতে থাকা রায়হান উত্তর দেয়।
"তোরা কী নিয়ে কথা বলছিস রে?"
প্রশ্ন ছুড়ে দেয় সিয়াম। চিকন হলেও কথায় বেশ জোর।
"আরে বলিস না আর। এই রায়হানকে নিয়ে আর পারছি না। নিজেতো শোবে রাত ২টোর দিকে আর এদিকে আমাদের ঘুমাতে দেবে না। কিছুক্ষণ পরপর কীযে বিড়বিড় করে। যত্তসব!" পাশে ভাঙা একটা ডেস্কের উপর বসে থাকা ইফতি কথা বলে ওঠে।
"হ্যাঁ, আর তোর নাকের ঘ্যানঘ্যানানি কত্তো সুন্দর!" রায়হান হাসতে শুরু করে। সাথে সাথে বাকি দুজনও হেসে উঠে।
"ঠিক বলছিস রে। ওর বাঁশির সুর শুনে কাকও হেসে ওঠে" অহির কথা শুনে জোরে জোরে হাসতে থাকে সবাই।
"প্রতিদিন সকালে ডেকে দেই দেখে মুখ ফুটেছে। স্যারের বকা খাইলে তখন আবার আমার কাছেই আসতি। - 'ইফতিরে ডেকে দিস তো!' "
ইফতি রাগী চোখে তাকায় ওদের দিকে।
একটু রগচটা টাইপের ছেলে ইফতি। পড়াশোনা, খেলাধুলাতে সিরিয়াস। কিন্তু ওই এক সমস্যা, একটুতেই রেগে যায়।
"আহারে! সোনাবাবা ক্ষেপে গেছে।"
সিয়াম আরো ক্ষ্যাপায় দেয় ইফতিকে।
ইফতি ক্লাস ৮ এ পড়ে। বাকিরা সবাই পড়ে ক্লাস নাইনে। একই রুমে থাকে ইফতি, রায়হান আর অহি। দুইশত ১০ নাম্বার রুমে। সিয়াম থাকে তিন তলায়। তিনশ ৪ নাম্বারে। তবে একই স্কুলে পড়ায় তাদের যোগাযোগ বেশ ভালো। মাঝে মাঝেই সিয়াম এসে ঘুমিয়ে যায় ইফতিদের রুমে। বেচারা অহির জায়গার এমনিতেই সংকট তার উপর আবার সিয়ামের ঠ্যালা। তবে দিনকাল ভালোই যায় তাদের। ইফতি মাঝে মাঝে ক্ষেপে গেলেও পরক্ষণেই আবার ঠিক হয়ে যায়। ইফতিকে ক্ষ্যাপায় মজাও পায় সবাই।
"ওই এবার চল। নাশতা সেড়ে স্কুলে যাই"
তাড়া দেয় রায়হান।
সবাই তাড়াতাড়ি ফ্রেশ হয়ে বেড়িয়ে পড়ে।
...
আজ কেন যেন রায়হানকে অন্যরকম লাগছে। জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছে। বিদঘুটে একটা স্বপ্ন দেখেছে সে।
চারদিকে তীব্র আলো। চোখ খুলে রাখতে কষ্ট হচ্ছে খুব। একটু কষ্ট করে তাকালে বুঝতে পারে সে মসজিদের ভেতরে বসে আছে। চার তলা মসজিদের ঠিক ওপর তলাতে। আজকে একটু আগেই সে মসজিদে চলে এসেছে। কেন জানি ইচ্ছা করল মসজিদে যেতে। খুব বেশি আগে না। মিনিট পাঁচেক হবে। জুমার বয়ান চলছে।
"৭০০০০। প্রত্যেক হাজারের জন্য আরো ৭০০০০।"
খতিব বেশ জোর গলায় কথাটা বললেন। রায়হান দেরীতে আসায় আগের কথাগুলো শুনতে পায়নি।
"কীসের কথা বলছে হুজুর? কিছুই তো বুঝছি না।"
নিজের সাথেই কথা বলে ওঠে রায়হান।
"ভাইয়েরা আমার। এই সত্তর হাজারের মাঝে থাকতে পারলে আমাদের জীবন সার্থক। আর কিছু চাই না জীবনে, কিচ্ছু না।"
কথাটি শেষ না করতেই কান্নার স্বর ভেসে আসে কানে। বৃদ্ধ খতিব। আজ ৬৫ পেরিয়ে পৌঢ়ের দিকে ধীরে ধীরে এগোচ্ছেন তিনি। কে জানে আর ক'দিন এভাবে খুতবা দিতে পারবেন?
"বিনা হিসাবে জান্নাতী না হতে পারলে, জাহান্নামে কীভাবে থাকব আমরা? এক মূহুর্তও পারব না। হায় আল্লাহ!"
খতিবের কথা শেষ না হয় না। চারদিকে চাপা কান্নার মৃদু গুঞ্জন ছড়িয়ে পড়ে। "৭০০০০। প্রত্যেক হাজারের জন্য আরো ৭০০০০। আরো ৭০০০০। আরো ৭০০০০।"
ঘুমের ঘোরে কথাগুলো বলতে থাকে রায়হান। ইফতির ডাকে ঘুম ভাঙলেও ঘুমের ঘোর কাটেনি তখনো। কী এক তীব্র আবেশ ভর করে তার উপর। সবকিছু অবাস্তব মনে হতে থাকে। হয়তো আজকের পর আর সে আগের মতো থাকবে না। মোহাচ্ছন্ন এই জীবনের মুহূর্তগুলো তার কাছে অবাস্তবই মনে হবে। কিন্তু তার পরিবার, বন্ধুবান্ধব, স্যারেরা কি তা মেনে নেবে? না না না! এসব ভাবলে চলবে না। তার কাছে এখন বাস্তবতা হবে একটাই। সামনে যেন সে নিশ্চিত দেখতে পাচ্ছে ৭০০০০। কেবলই ৭০০০০।
রেফারেন্সঃ
১। সহিহ মুসলিম, হাদিস নং ৪১৫
২। জামে' আত-তিরমিজি, হাদিস নং ২৪৩৭ হাদিসের মান: সহিহ হাদিস Source: আল হাদিস অ্যান্ড্রয়েড অ্যাপ, IRD
পাঠকের মন্তব্য
এখনও কোনো মন্তব্য হয়নি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

