সিয়াম ও আমাদের নৈতিক শিক্ষা
মাইজদী, সদর, নোয়াখালি يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟ كُتِبَ عَلَيْكُمُ ٱلصِّيَامُ كَمَا كُتِبَ عَلَى ٱلَّذِينَ مِن قَبْلِكُمْ لَعَلَّكُمْ تَتَّقُونَ (সূরা বাকারা, ২/১৮৩) ♦অনুবাদঃ “হে ঈমানদারগণ! তোমাদের উপর সিয়াম ফরজ ক

বিসমিল্লাহির রাহমানির রাহিম
মাইজদী, সদর, নোয়াখালি
يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟ كُتِبَ عَلَيْكُمُ ٱلصِّيَامُ كَمَا كُتِبَ عَلَى ٱلَّذِينَ مِن قَبْلِكُمْ لَعَلَّكُمْ تَتَّقُونَ (সূরা বাকারা, ২/১৮৩)
♦অনুবাদঃ “হে ঈমানদারগণ! তোমাদের উপর সিয়াম ফরজ করা হয়েছে[১] যেভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছিল[২], যাতে করে তোমাদের মধ্যে ত্বাকওয়া সৃষ্টি হয়।[৩]”
♦নামকরণঃ এই সূরার ৬৭-৭১ নং আয়াত পর্যন্ত একটি গাভীর কথা উল্লেখ রয়েছে। এই জন্য এই সূরাকে (সূরা বাকারা) গাভীর ঘটনা সংক্রান্ত সূরা বলা হয়।
♦নাযিলের সময়কালঃ সিয়াম ফরজ করা হয় রাসূল ﷺ এর নবুওয়তের ১৫ তম বর্ষ ২য় হিজরীতে।
♦বিষয়বস্তু ও সারকথা: আয়াতটির মূল বিষয় হলো মুসলিম নর-নারীদের উপর সিয়াম ফরজ ও এই সিয়াম পূর্ববর্তী উম্মতদের উপর ও ফরজ ছিল তা আমাদেরকে অবহিত করা। সর্বশেষ এটা বলা হয়েছে যে, এই সিয়াম পালনের মাধ্যমে ত্বাকওয়া/আল্লাহভীতি অর্জন করা যায়।
♦তাফছীর ও ব্যাখ্যাঃ (বিভিন্ন স্বনামধন্য তাফসীর গ্রন্থের আলোকে)
১.আল্লাহ তায়ালা এই উম্মতের ঈমানদারগণকে সম্বোধন করে বলেছেন যে, তারা যেন সিয়াম পালন করে। সিয়াম অর্থই হচ্ছে আল্লাহ পাকের নির্দেশ পালনের খাঁটি নিয়তে সুবহে সাদিক উদয় হওয়ার পূ্র্ব থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার ও স্ত্রী যৌন ত্রিয়া থেকে বিরত থাকা। সিয়াম ইসলামের মূল ভিত্তি বা আরকানের অন্যতম। সিয়ামের অপরিসীম ফজিলত রয়েছে। সিয়াম দ্বারা নফসের কামনা বাসনা থেকে বিরত থাকার অভ্যাস গড়ে উঠবে। তখন যেসব কামনা বাসনা শরীয়তের হারাম তা থেকে নফসকে দমন করতে সক্ষম হবে। আর সিয়ামের দ্বারা নফসের শক্তি ও লালসা দুর্বল করে দেয়। এই জন্যে হাদিসে রাসূল ﷺ অবিবাহিত যুবকদেরকে সিয়াম রাখার প্রতি তাগিদ দিয়েছেন, কারণ সিয়াম যৌন চাহিদা দূর্বল করে দেয়। যারা মনের গোলাম ও খেয়াল-খুশির পূজারী তাদের জন্য সিয়াম অত্যান্ত কঠিন। গীবত, পরনিন্দা, কু-কথা, কু-ব্যবহার ইত্যাদি জিহ্বা দ্বারা সম্পাদনযোগ্য যাবতীয় পাপ থেকে সাওম পালনের সময় বিরত থাকার কঠোর ভাবে তাগিদ করা হয়েছে। বুখারী ও মুসলিমের বর্ননায় এসেছে, যখন তোমাদের কেউ সিয়াম রাখবে সে যেন অশ্লীল ভাষা প্রয়োগ না করে ও হৈ-হট্টগোল না করে। আর যদি কেউ গালাগালি করে অথবা তার সাথে লড়াই বা ঝগড়া করে, তাহলে সে যেন বলে যে, আমি সিয়ামকারী। বুখারীর অন্য বর্ণনায় এসেছে যে, যখন কোনো ব্যক্তি মিথ্যা বলা ও তার উপর আমল করা পরিহার না করে তাহলে তার সিয়াম আল্লাহর কোন দরকার নেই। নির্ধারিত সঠিক ভাবে পন্থায় সিয়াম পালনের মাধ্যমে আল্লাহর সাথে আমাদের আনুগত্যের বন্ধন স্থাপিত হয় এবং আল্লাহর দেওয়া সীমার মধ্যে জীবন যাপনের অভ্যাস গড়ে উঠে। সিয়ামের এই প্রশিক্ষণের মাধ্যমে চতুর্দিকে ছড়িয়ে থাকা যৌন আকর্ষনসহ অন্যান্য ইন্দ্রীয় লিপ্সা থেকে বাঁচা সহজ হয়ে যায়। ব্যক্তি নিয়ন্ত্রণ করতে পারে নিজেকে হাজারো প্রকারের দুনিয়াবি আকর্ষণ থেকে, যা মানুষের মধ্যে এক প্রবল ও অন্ধ আবেগ সৃষ্টি করে। এই বিষয়ে সকলে একমত যে, সিয়াম দৈহিক রোগ-ব্যধি দূর করার জন্য উত্তম চিকিৎসা ও মানবদেহের জন্য উত্তম পরিষোধক।
২. এরপর আল্লাহ তা'য়ালা এটা বলছেন যে, এই সিয়ামের হুকুম শুধুমাত্র উম্মতে মুহাম্মাদির উপর হচ্ছেনা বরং তাদের পূর্ববর্তী উম্মতদের প্রতিও সিয়ামের বিধান ছিলো। অর্থাৎ এই উম্মত যেনো সিয়াম পালনের দিক থেকে পূর্ববর্তী উম্মত থেকে পিছিয়ে না পড়ে। এক তাফছীরে এটার ব্যাখ্যা এইভাবে করা হয়েছে যে, এর উদ্দেশ্য হচ্ছে পূর্ববর্তী উম্মতগণ সিয়ামকে মনগড়াভাবে পালন করতো আমরা যেন তাদের মতো না হই এজন্য আমাদেরকে সতর্ক করা হচ্ছে।
৩. এই সিয়ামের মূল উদ্দেশ্যেই হলো ত্বাকওয়া/ পরহেজগারী/আল্লাহভীরুতা অর্জন করা। আর আল্লাহভীরুতা মানুষের চরিত্র ও কর্মকে সুন্দর করার জন্য মৌলিক ভুমিকা পালন করে। সিয়ামের সবচেয়ে বড় হেকমত এই যে, বেয়াড়া নফসকে সংশোধন করা যায়, শরীয়তের যেসব বিধান নফছের কাছে কঠিন ও কঠোর ঠেকায় তা মেনে চলা সহজ হয়। নফস যখন দুর্বল হয়ে যায় মানুষ মন্দ কাজ পরিত্যাগ করে নেকির কাজের প্রতি ধাবিত হয়। যার ফলে সহজে ত্বাকওয়া অর্জন করে মুত্তাকি হওয়া যায়। সহীহ হাদীসের বর্ননায়, এই ত্বাকওয়া অর্জনকারী ব্যক্তিকে আল্লাহ নিজ হাতে প্রতিদান এবং জান্নাতের ‘রাইয়ান’ নামক দরজা দিয়ে প্রবেশ করার প্রতিশ্রুতি দিয়েছেন। তাছাড়া সায়েমের (রোযাদারের) মুখের গন্ধকে মেশকে আম্বরের সুঘ্রাণের চেয়ে বেশী প্রিয় বলে অবহিত করা হয়েছে। সায়েমের ২টি আনন্দ মূহুর্ত রয়েছে- ১ম টি হচ্ছে ইফতারে মূহুর্তে ২য় টি হচ্ছে আখিরাতে স্বয়ং আল্লাহর সাথে সাক্ষাতকালে।
♦শিক্ষা:
১. সমস্ত (সুস্থ,সাবালক) ঈমানদার নর-নারীর উপর সিয়াম ফরজ করা হয়েছে।
২. সিয়াম পালন করতে হবে রবের নির্ধারিত সঠিক পন্থায়।
৩. পূর্ববর্তী উম্মতদের উপর ও সিয়ামের বিধান ছিলো।
৪. সিয়াম অবস্থায় গীবত, মিথ্যা, ঝগড়া-বিবাদ ইত্যাদি রবের অপছন্দনীয় কাজগুলো পরিহার করতে হবে।
৫. সিয়াম মূলত একটা প্রশিক্ষণ, এর মাধ্যমে আমরা সঠিকভাবে সিয়ম পালনের মাধ্যমে বাকি জীবন রবের সন্তুষ্টি মোতাবেক অতিবাহিত করে খোদাভীরুদের অন্তর্ভূক্ত হতে পারি।
أَيَّامًا مَّعْدُودَٰتٍ فَمَن كَانَ مِنكُم مَّرِيضًا أَوْ عَلَىٰ سَفَرٍ فَعِدَّةٌ مِّنْ أَيَّامٍ أُخَرَ وَعَلَى ٱلَّذِينَ يُطِيقُونَهُۥ فِدْيَةٌ طَعَامُ مِسْكِينٍ فَمَن تَطَوَّعَ خَيْرًا فَهُوَ خَيْرٌ لَّهُۥ وَأَن تَصُومُوا۟ خَيْرٌ لَّكُمْ إِن كُنتُمْ تَعْلَمُونَ (সূরা বাকারা, ২/১৮৪)
“এটা নির্দিষ্ট কয়েক দিনের জন্য[১] কিন্তু তোমাদের মধ্যে কেউ যদি অসুস্থ হয় অথবা সফরে বের হয় তবে সে অন্য কোনদিন সমসংখ্যক সিয়াম পালন করবে।[২] আর যারা এতে অক্ষম তারা তৎপরিবর্তে একজন দরিদ্রকে খাদ্য দান করবে।[৩] অতএব যে ব্যক্তি স্বতঃস্ফূর্তভাবে কোনো পূন্যের কাজ করে, তবে তার জন্য তা কল্যান।[৪] এবং তোমরা যদি বুঝে থাকো তবে সিয়ামেই তোমাদের জন্য কল্যানকর।[৫]”
♦তাফসীর/ব্যাখ্যা: (বিভিন্ন স্বনামধন্য তাফসীর গ্রন্থের আলোকে)
১. অর্থাৎ গননা করা যায় এমন কয়টা দিনতো বেশী নয়। এই কয়টা দিন সিয়াম রাখবে। এর দ্বারা রামাদানের সিয়াম বুঝানো হয়েছে। পরবর্তী আয়াতে এই সম্পর্কে বলা হয়েছে।
২. যে ব্যক্তি অসুস্থ যার জন্যে সিয়াম পালন করা কঠিন এবং যে সফরে থাকে মুসাফিরের জন্যে সিয়াম না রাখার ইখতিয়ার রয়েছে। যতগুলো সিয়াম অসুস্থ বা সফর অবস্থায় ভঙ্গ হয়েছে তা রামাদান ছাড়া অন্য সময় আদায় করে নিতে হবে।
৩. প্রথম যখন সিয়াম ফরজ হয় তখন এই সুযোগ দেওয়া হয়েছিলো যে, যদি কেউ সিয়াম রাখতে না চায় তবে সে ফিদিয়া দিতে পারবে। পরবর্তী আয়াত দ্বারা এ বিষয়টি রহিত হয়ে যায়। আলোচ্য আয়াতে যে সুযোগের কথা বলা হয়েছে তা ছিল কিছুদিনের জন্য। এই সুযোগ এখন নেই। যারা সক্ষম, সামর্থ্যবান তারা অবশ্যই রামাদান মাসে সিয়াম পালন করবে। তবে যারা অতিবৃদ্ধ তাদের জন্য ফিদিয়ার বিধান এখনো বলবৎ আছে। যারা সিয়াম রাখতে সক্ষম নয়, ভবিষ্যতে তারা সুস্থ এবং সক্ষম হবে সে আশঙ্কাও নেই। ফিদিয়ার বিধান এদের জন্যেই। মোট কথা এই যে, যে ব্যক্তি নিজ আবাসে আছে সুস্থ-সবল অবস্থায় রয়েছে তার জন্য এই নির্দেশনা নয় বরং তাকে সিয়াম রাখতে হবে। হযরত আব্বাস (রাঃ) এর তাফসীরে এটা সাব্যস্থ হয়েছে যে, যারা সিয়াম পালনের সামর্থ্য নেই তাদের ফিদিয়া দিতে হবে। ইমাম বুখারী (রাহিঃ) এই মতটি চয়ন করেছেন। আর সিহাহ সিত্তার সকল হাদিস গ্রন্থে, সন্তানকে দুগ্ধপ্রদানকারী মহিলা ও গর্ভবতী নারীর জন্য সিয়াম ক্বাযা করার সুযোগ রয়েছে, যদি তাদের ভয় হয় যে, সিয়াম রাখলে তাদের বাচ্চাদের কষ্ট হবে।
৪. সিয়ামের ফজিলত, হেকমত এবং উপকারিতা উপলব্ধি করলে তোমরা জানতে পারবে যে, সিয়াম রাখা ফিদিয়া দেওয়ার চাইতে উত্তম। তোমরা সিয়াম পালনে আলস্য করোনা।
৫. অর্থাৎ সিয়াম আমাদের ত্বাকওয়া অর্জনের অন্যতম মাধ্যম, যা পূর্বের আয়াতে বলা হয়েছে। এই ত্বাকওয়া অর্জনকারী ব্যক্তিদের প্রতিদান নিয়েও পূর্বের পর্বে আলোচনা করা হয়েছে।
♦শিক্ষা:
১. রামাদানের সিয়াম নির্দিষ্ট কয়েকদিনের জন্য ২৯/৩০ দিন।
২. অসুস্থ ও সফরে থাকাকালিন কালে সিয়াম পালনের রুখসত রয়েছে।
৩. যাদের উপরে সিয়াম ক্বাযা করার বিধান রয়েছে, তারা রামাদানের পরবর্তী সময় সমসংখ্যক সিয়াম পালন করে পূর্ন করতে হবে।
৪. যারা সিয়াম পালনে অক্ষম তাদের জন্য ফিদিয়া দেওয়ার বিধান রয়েছে।
৫. যে কোন কল্যান কাজ আমাদেরকে স্বতঃস্ফূর্ত ভাবে গ্রহন করা উচিত।
৬. সিয়াম আমাদের জন্য দুনিয়া ও আখিরাতের জন্য অত্যান্ত কল্যানকর।
شَهْرُ رَمَضَانَ ٱلَّذِىٓ أُنزِلَ فِيهِ ٱلْقُرْءَانُ هُدًى لِّلنَّاسِ وَبَيِّنَٰتٍ مِّنَ ٱلْهُدَىٰ وَٱلْفُرْقَانِ فَمَن شَهِدَ مِنكُمُ ٱلشَّهْرَ فَلْيَصُمْهُ وَمَن كَانَ مَرِيضًا أَوْ عَلَىٰ سَفَرٍ فَعِدَّةٌ مِّنْ أَيَّامٍ أُخَرَ يُرِيدُ ٱللَّهُ بِكُمُ ٱلْيُسْرَ وَلَا يُرِيدُ بِكُمُ ٱلْعُسْرَ وَلِتُكْمِلُوا۟ ٱلْعِدَّةَ وَلِتُكَبِّرُوا۟ ٱللَّهَ عَلَىٰ مَا هَدَىٰكُمْ وَلَعَلَّكُمْ تَشْكُرُونَ (সূরা বাকারা, ২/১৮৫)
♦অনুবাদ: “রমযান সে মাস যাতে কুরআন অবতীর্ণ করা হয়েছে।[১] বিশ্বমানবতার জন্য পথ প্রদর্শক এবং সু-পথের উজ্জ্বল নিদর্শন ও প্রভেদকারী কুরআন অবতীর্ণ হয়েছে,[২] অতএব তোমাদের মধ্যে যে ব্যক্তি এই মাস পাবে সে এই মাসে অবশ্যই সিয়াম পালন করবে।[৩] এবং যে ব্যক্তি অসুস্থ কিংবা সফরে থাকে তবে সে অন্য কোনদিন এ পরিমাণ পূর্ণ করে।[৪] আল্লাহ তোমাদের সাথে সহজ আচরন করতে চান। তিনি তোমাদের বিষয়ে জটিলতা সৃষ্টি করতে চাননা।[৫] অতএব তোমার (সিয়াম) গণনা পূর্ণ কর।[৬] আল্লাহ তোমাদেরকে যে পথ প্রদর্শন করেছেন, তাতে আল্লাহ’র ত্বাকবীর পাঠ কর[৭], আর তোমরা কৃতঙ্গতা প্রকাশ কর।[৮]”
♦তাফসীর/ব্যখ্যাঃ (বিভিন্ন স্বনামধন্য তাফসীর গ্রন্থের আলোকে)
১. এখানে রামাদান মাসের সম্মান ও মর্যাদার বর্ণনা দেওয়া হচ্ছে যে, এই পবিত্র মাসেই পবিত্র কুরআন অবতীর্ণ হয়েছে। কুরআনুল কারীম লাওহে মাহফুজ থেকে শবে ক্বদরের রাত্রিতে দুনিয়ার আকাশে একবারেই অবতীর্ণ হয়। অতঃপর প্রয়োজন অনুপাতে পৃথিবীর বুকে দীর্ঘ ২৩ বছরে অবতীর্ণ হয়। এই জন্যই ক্বদরের রাত্রিকে লায়লাতুল মুবারাকাহ বা বরকতময় রাত বলা হয়।
২. অতঃপর কুরআনুল কারীমের প্রশংসা করা হচ্ছে যে, এটা বিশ্ব মানবের জন্য পথ প্রদর্শক এবং তাতে প্রকাশ্য ও উজ্জ্বল নিদর্শনাবলী রয়েছে। ভাবুক ও চিন্তাশীল ব্যক্তিরা এর মাধ্যমে সঠিক পথে পৌছতে পারে। এটা সত্য ও মিথ্যা, হালাল ও হারামের মাঝে পার্থক্য সৃষ্টিকারী। সুপথ ও কুপথ, ভালো ও মন্দের মাঝে পার্থক্য আনয়নকারী।
৩. বুখারীর বর্ণিত একটি হাদিসে রয়েছে যে, যে ব্যক্তি বিশ্বাস রেখে ও সৎ নিয়তে রামাদানের সিয়াম পালন করে তার পূর্বের সমস্ত পাপ ক্ষমা করে দেওয়া হয়। মোট কথা এই আয়াত দ্বারা সাব্যস্ত হচ্ছে যে, রামাদানের চন্দ্র উদয়ের সময় যে ব্যক্তি বাড়িতে অবস্থান করবে, মুসাফির হবেনা এবং সুস্হ ও সবল হয়। সে যদি সাবালক, সুস্থমস্তিষ্ক, নারীগণ হায়েয-নিফাস থেকে পবিত্র থাকেন তাহলে তাদের উপর সিয়াম পালন করা অত্যাবশ্যক।
৪. আল্লাহ তাআলা রুগ্ন ও মুসাফিরের জন্য সিয়াম ছেড়ে দেওয়ার অনুমতির কথা বর্ননা করেছেন। তাদের জন্য বলা হচ্ছে যে, তারা এই সময় সিয়াম পালন করবেনা বরং পরে আদায় করে নিবে।
৫. এখানে অসুস্থ, মুসাফির প্রভৃতিকে অবকাশ দেওয়া এবং তাদের অপারগ মনে করার কারন এই যে, আল্লাহ তায়ালা তার বান্দাদের সাধ্যের বাহিরে কোন কিছু কোন কিছু চাপিয়ে দিতে চাননা, তিনি সহজ করতে চান এবং বান্দার জন্য যা পালন করা অতি কষ্টের তা দিতে চাননা।
৬. অর্থাৎ যে সিয়াম গুলো অসুস্থ বা সফরে থাকালিন ভঙ্গ হয়েছে তার পরবর্তী সময় ক্বাযা আদায় করার নির্দেশ দেওয়া হচ্ছে।
৭. এই আয়াতে একটি সুক্ষ্ম বিষয়ের প্রতি ইঙ্গিত করা হয়েছে যে, এ আয়াতে তাকবীর বলতে সিয়ামের পর আমরা যে ঈদের সালাতে ত্বাকবীর দিয়ে থাকি।
৮. অতঃপর বলা হচ্ছে যে, তোমরা কৃতজ্ঞ হও। অর্থাৎ আল্লাহ তা'আলার নির্দেশাবলী পালন করে, তার নিষিদ্ধ কাজ গুলা থেকে বিরত থেকে তার সীমারেখার হেফাজত করে তোমরা কৃতজ্ঞ বান্দা হয়ে যাও।
♦শিক্ষাঃ
১. রামাদান মাসে পবিত্র কুরআন অবতীর্ণ হয়।
২. কুরআন বিশ্ব মানবতার একমাত্র সঠিক পথপ্রদর্শক।
৩. কুরআন গভীরভাবে অধ্যয়নের দ্বারা রবের আদেশ-নিষেধ ও সত্য-মিথ্যা সম্পর্কে অবগত হতে পারি।
৪. সুস্থ-সবল, সাবালক সকল ঈমানদার নারী-পুরুষ এবং হায়েয-নিফাস থেকে পবিত্র নারীদেরকে অবশ্যই রামাদান মাসে সিয়াম পালন করতে হবে।
৫. যারা শরিয়তের ওজরের কারণে সিয়াম পালন করতে পারেনাই তারা পরবর্তী সময় সিয়াম আদায় করে নিবে।
৬. আল্লাহ তার বান্দাকে সাধ্যের বাহিরে কোন কিছু চাপিয়ে দেননা।
৭. সর্ব অবস্থায় আমাদেরকে নেয়ামতের শুকরিয়া আদায় করতে হবে।
মহান আল্লাহ তায়ালা রমজানের সিয়াম সাধনার মাধ্যমে আমাদের কে পরিপূর্ণ ত্বাকওয়া অর্জন করার তাওফিক দিন। আমিন।
পাঠকের মন্তব্য
এখনও কোনো মন্তব্য হয়নি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

