সত্য নবী
একজন লেখক এবং দাঈ ইলাল্লাহ ১. আচ্ছা ধরুন, আপনি একজন খুবই সাধারণ লেখক। আপনার লেখক হিসেবে কোন নামধাম নেই। কিন্তু, হঠাৎ আপনি এমন একটি বই লিখলেন, যেটি খুব উঁচুমানের সাহিত্য হিসেবে বিবেচিত হল। আপনার ভাষায় লেখা শ্রেষ্ঠ সাহিত্য

বিসমিল্লাহির রাহমানির রাহিম
একজন লেখক এবং দাঈ ইলাল্লাহ
১. আচ্ছা ধরুন, আপনি একজন খুবই সাধারণ লেখক। আপনার লেখক হিসেবে কোন নামধাম নেই। কিন্তু, হঠাৎ আপনি এমন একটি বই লিখলেন, যেটি খুব উঁচুমানের সাহিত্য হিসেবে বিবেচিত হল। আপনার ভাষায় লেখা শ্রেষ্ঠ সাহিত্য বলে বিবেচিত হল আপনার লেখা৷ আপনার ভাষার সব বড় বড় লেখক আপনার লেখার কাছে নতি স্বীকার করলেন। এমন পরিস্থিতিতে, আপনি কি কখনো বলবেন যে এটি আমার লেখা না, বরং অন্য কারো লেখা?
এই পৃথিবীতে তাকিয়ে দেখুন। সাধারণ ফেসবুকে দু'চার লাইনের লিখা অন্য কেউ নিজের নামে চালিয়ে দিলে লেখকরা এ নিয়ে উঠেপড়ে লাগেন। কেউ কেউ তো মামলাও করে দেন। কপিরাইট ইস্যুতে সারাবিশ্ব সোচ্চার। বড় বড় ইন্ডাস্ট্রির বিরুদ্ধে মামলা হয় কনসেপ্ট চুরি করার জন্য। সাধারণ মামলা নয়, বিলিয়ন বিলিয়ন ডলারের মামলা। লেখা কিংবা কন্টেন্ট কিংবা আইডিয়ার এত বেশি মূল্য বিশ্বজুড়ে! এমন একটি পরিস্থিতিতে কেউ কি নিজের লেখার ক্রেডিট নিজে নিতে চাইবেনা বলে আপনার মনে হয়? তাও যদি হয় সেটা তার ভাষায় রচিত সেরা সাহিত্য! এবার আসুন, আপনাকে সেই মহামানবের ইতিহাসে নিয়ে যাই। মুহাম্মাদ ﷺ যখন কুর'আন নিয়ে এলেন, তখন কাফিররা হতভম্ব হয়ে গেল! আরবরা তখন ছিল সাহিত্যে বিশ্বসেরা৷ কিন্তু, এই সাহিত্য তাদের সব সাহিত্যকে ছাপিয়ে গিয়েছিল। আল্লাহ এ বিষয়ে কুর'আনে চ্যালেঞ্জও দিয়েছেন।
প্রথমে বলেছেন কাফিরদেরকে কুর'আনের অনুরূপ দশটি সূরা লিখতে। পরে সেটা কমিয়ে একটি সূরায় নিয়ে এলেন। এরপর আরো কমিয়ে বলেছিলেন, "কুর'আনের মতই হতে হবে না, অন্তত কাছাকাছি কিছু!" যেন তারা রচনা করে আনে। কাফিররা চেষ্টাও করেছিল, কিন্তু পারেনি। অথচ তারা দাবি করেছিল এটা মুহাম্মাদ ﷺ এর লেখা। ভেবে দেখুন, যদি রাসূল ﷺ এর কাছে এই কুর'আন নাযিল না হত, যদি সত্যিই তিনি এটি লিখে থাকতেন, তবে কি একবারের জন্যও তাঁর মানবীয় সত্তা তাকে এর ক্রেডিট নেয়ার প্রলোভন দেখাতো না? কী করে বিশ্বসেরা একটি সাহিত্য নিজের লেখা বলে ক্রেডিট না নিয়ে তিনি থাকতে পারতেন? এবার হয়ত আপনি বলতে পারেন তিনি ক্রেডিট নেয়ার চেয়ে বড় ইন্টেরেস্ট খুঁজেছেন। সেটা কী? হতে পারে তিনি চেয়েছেন নেতৃত্ব, ধন-দৌলত আর নারী যা কেবল নবী হলেই পেতে পারতেন। তবে আপনাদের অল্প করে ঘুরিয়ে আনি সেই বিশ্বনবী ﷺ এর জীবনে, যেখানে আপনার এই ধারণাগুলো ভুল প্রমাণিত হবে।
প্রথমেই আসি নেতৃত্বের ব্যাপারে। কুরাইশরা তখন মক্কার নেতৃত্বে ছিল। বনু হাশিম ছিল কুরাইশদের সবচাইতে সম্ভ্রান্ত গোত্র। রাসূল ﷺ এর দাদা আবদুল মুত্তালিবকে যেমন কুরাইশরা নেতা মানতো, এর পরবর্তীতে তাঁর চাচা আবু তালিব সেই সম্মানটি পেয়েছিলেন। বংশানুক্রমে মুহাম্মদ ﷺ ই হতেন পরবর্তী নেতা, এতে কোন সন্দেহ নেই। তাঁর চরিত্র, সত্যবাদিতা, ন্যায়পরায়ণতা এসব ব্যাপারে তিনি আরবদের মধ্যে ছিলেন অবিসংবাদিত। তাই তাঁকে নেতৃত্ব পাওয়ার জন্য আলাদাভাবে নব্যুয়ত নিয়ে মিথ্যাচার করার প্রয়োজনও ছিল না।
এরপর সম্পদের কথায় আসি। সম্পদ অর্জন মানুষ কেন করে? জাঁকজমকপূর্ণ জীবনের জন্য, ভাল খাবার, পোশাক, দাসদাসী ইত্যাদির জন্য তাইতো? কিন্তু, প্রিয়নবীর লাইফস্টাইলের দিকে আপনি যদি তাকান, তাহলে দেখবেন তাঁর জীবন কেমন অনাড়ম্বর ছিল! তিনি নিজের জামা নিজে সেলাই করতেন, তিনি কোথাও যেতে কোন নিরাপত্তারক্ষী ব্যবহার করতেন না। আর খাবার? এমনও অনেক দিন গেছে তাঁর উনুনে আগুন জ্বলেনি। তাঁরা শুধু খেজুর আর পানি খেয়ে থেকেছেন। এ প্রসঙ্গে মা আয়িশা(রা) এর একটি হাদীসও আছে। তাহলে? তিনি তো সম্পদের লোভও করেননি!
তবে কি নারী? আপনি যদি তাঁর জীবনের দিকে তাকান, তবে দেখবেন তিনি তাঁর সম্পূর্ণ যৌবন একটি নারীর সঙ্গেই কাটিয়েছেন, আর তিনি হলেন খাদিজা(রা)। তাঁর বয়স যখন ৫০, তখন খাদিজা(রা) মারা যান। আর নবীজী ﷺ তাঁর অধিকাংশ বিয়ে সম্পন্ন করেছিলেন নব্যুয়তের শেষ দশকে। অর্থাৎ ৫৩-৬৩ বছর বয়সের মধ্যে। এবং তিনি যেসব নারীকে বিয়ে করেন তার মধ্যে অধিকাংশই ছিলেন বিধবা। কেবল আয়িশা(রা) ছাড়া নবীজী ﷺ আর কোন কুমারী মেয়ে বিয়ে করেননি। যদি তাঁর নারী লোভ থাকতো, তবে তো তিনি কুমারী, অল্পবয়স্কা নারী বিয়ে করতে পারতেন, তা তো তিনি করেননি। আর তাঁর এতগুলো বিয়ে করার বেশ কিছু কারণ ছিল। এমনি এমনি তিনি এমনটা করেন নি।24পড়ুন পৃষ্ঠা ৭৬৯, সীরাতুর রাসূল (ছা) (৩য় মুদ্রণ), মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব। বইটির ইবুক ডাউনলোড করুন উপরের QR code টি স্ক্যান করে
পড়ুন পৃষ্ঠা ৭৬৯, সীরাতুর রাসূল (ছা) (৩য় মুদ্রণ), মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব। বইটির ইবুক ডাউনলোড করুন উপরের QR code টি স্ক্যান করে
নেতৃত্ব, সম্পদ, নারী কোনটারই তার লোভ ছিল না, যা অর্জনের জন্য তিনি নব্যুয়তের দাবী করবেন। আর তাছাড়া যদি এই তিনটিই তিনি চাইতেন, তবে একেবারে শুরুতেই পেতেন। কাফিররা ইসলামের প্রাথমিক পর্যায়ে তাঁর চাচা আবু তালিবের কাছে প্রস্তাব রেখেছিলেন যে, রাসূল ﷺ যদি চান, তারা তাঁকে এই মক্কার নেতা বানিয়ে দেবে, যত ধনসম্পদ চান দেবে, যে সুন্দরী নারীকে বিয়ে করতে চান তারা দেবে, তবুও যেন তিনি ইসলাম প্রচার বন্ধ করেন! এই প্রস্তাব শুনে রাসূল ﷺ বলেছিলেন, "তারা যদি আমার এক হাতে চাঁদ আর আরেক হাতে সূর্যও এনে দেয়, তবুও আমি সত্য প্রচার হতে বিরত থাকবো না।" অর্থাৎ, নেতৃত্ব, নারী বা সম্পদ কোনটিই তাঁর কাছে মাইনে রাখতো না। তিনি চেয়েছিলেন আল্লাহর দ্বীন প্রচার করতে, কারণ তিনি ছিলেন সত্য নবী, আল্লাহর রাসূল।
২. "ঠাডা পইড়া বগা মরসে, ওস্তাদে কয় আমার কেরামতি!" এই প্রবাদটি শোনেননি এমন মানুষ খুবই কম আছে। অধিকাংশ ভণ্ড পীর, ভণ্ড সাধু, ভণ্ড নবীদের একটি সাধারণ বৈশিষ্ট্য হচ্ছে যেকোন প্রাকৃতিক ঘটনাকে নিজের কেরামতি বলে চালিয়ে দেয়া। ভণ্ড পীরেরা নিজেদের কেরামতি প্রমাণ করার জন্য বৈজ্ঞানিক কলাকৌশলের আশ্রয় নেয়ার ঘটনাও আছে। শুধু তাই নয়, একটি ঘটনা পড়েছিলাম, হতে পারে সেটা মিথ। ফিরাউন তার খোদাত্ব প্রমাণ করার জন্য শয়তানের সাহায্য নিয়ে আকাশে বৃষ্টি নামিয়েছিল। পরে দেখা গেল, সে বৃষ্টিতে সব ফসল পুড়ে নষ্ট হয়ে গেল। আদতে শয়তান আর তার সাগরেদরা আকাশ থেকে পেশাব করে বৃষ্টি বর্ষণ করেছিল। ফিরাউন এ নিয়ে অভিযোগ করলে শয়তান বলেছিল, "তুই যেমন খোদা, তেমনই তো তোর বৃষ্টি হবে!" যাহোক, এটি সত্যি হোক বা নোক, বর্তমান সমাজে এই ঘটনার প্রতিফলন দেখা যায়। দেখা যায়, তথাকথিত ভণ্ড পীরেরা নিজেদের কেরামতি প্রমাণ করতে গিয়ে শঠতার আশ্রয় নিচ্ছে।
একবারের কথা, রাসূল ﷺ এর সর্বকনিষ্ঠ সন্তান এবং ছেলে ইবরাহীম মারা যান, সেদিন সূর্যগ্রহণ হয়েছিল। সারা আরবে হু হু করে একটা কথা ছড়িয়ে পড়ল। হুজুর আকরাম ﷺ এর ছেলের মৃত্যুতে সূর্যও ইচ্ছে করে ডুবে গেছে, আকাশ আঁধারে ছেয়ে গেছে, সূর্যগ্রহণ হয়েছে। কিন্তু এই কথা রাসূল ﷺ এর কানে যেতেই তিনি সঙ্গে সঙ্গে ঘোষণা দেন যে, চন্দ্রগ্রহণ-সূর্যগ্রহণ এগুলো আল্লাহর ইচ্ছায় হয়, এর সাথে কারো জন্ম-মৃত্যুর কোন সংযোগ নেই। ভেবে দেখুন, যদি তিনি মিথ্যে নবী হতেন, তাহলে কি এমনটা করতেন? তিনি বরং এই ইস্যুটিকে কাজে লাগিয়ে নবীত্ব প্রমাণ করতে চাইতেন, দম্ভ করতেন। এটাই স্বাভাবিক নয়? কিন্তু, তিনি তা করলেন না। তিনি সত্যকে প্রকাশ করলেন, মিথ্যার আশ্রয় নিলেন না।
৩. আমরা হিরোদের গল্প পড়ি। হারকিউলিস কিংবা আলেকজান্ডারের মত দুর্ধর্ষ যোদ্ধাদের গল্প, যাঁরা ছিলেন অকুতোভয়। শত্রুর বিরুদ্ধে তাঁদের বীরত্বের কথা, কিংবা সারাজীবনে কোনকিছুতেই ভীত না হওয়ার গল্প শুনে আপ্লুত হই! এরাই তো লেজেন্ডস। গ্রিক মিথোলজির হোক কিংবা ইজিপশিয়ান অথবা রোমান, সব যোদ্ধাই ছিলেন অকুতোভয়, কোন পরিস্থিতিতে ভয়ের গল্প ছিল না তাঁদের। তাই তাঁরা হিরো!
যারা ভাবেন রাসূল ﷺ হিরো হতে চেয়েছিলেন, গ্ল্যামার চেয়েছিলেন, গল্পের পাতায় ঠাঁই পেতে চেয়েছিলেন, তাদের জন্য একটি ঘটনা বলি। যখন রাসূল ﷺ প্রথম ওহী পান, তখন জীব্রিলকে তাঁর স্বরূপে দেখে তিনি প্রচণ্ড ভীত হয়েছিলেন। জীব্রিল তাঁকে জড়িয়ে ধরে প্রচণ্ড চাপ দিয়েছিলেন, এতে তাঁর মনে হচ্ছিল তিনি মারা যাবেন। সেই ওহীপ্রাপ্ত হওয়ার পর তিনি হেরাগুহা থেকে বাড়ি ফেরেন কাঁপতে কাঁপতে। খাদিজা(রা) কে তিনি বলতে লাগলেন, "আমাকে চাদরে আবৃত করো!"
অর্থাৎ, নব্যুয়ত প্রাপ্তির ঘটনাটি ছিল তাঁর জন্য ভীষণ ভয়ের! তিনি গৌরবান্বিত বোধ করেননি তখন, তিনি সাধারণ একজন মানুষের মতই ভয় পেয়েছেন। অথচ, যদি তিনি নিজেকে লেজেন্ড কিংবা হিরো প্রমাণ করতে চাইতেন, তিনি কি পারতেন না এই ঘটনাটিকে রঙচঙ মেখে বর্ণনা করতে? তিনি কি বলতে পারতেন না, তিনি ভয় পাননি। বরং জীব্রিলকে দেখে তিনি উল্টো চোখ রাঙানি দিয়েছেন, কিংবা বলতে পারতেন, "আমি আগে থেকেই ধারণা করতে পারছিলাম এমন কিছু হবে!" অথবা বলতে পারতেন, তিনি খুব স্বাভাবিক ছিলেন সেদিন, কেননা তিনি তো নবী। কিন্তু না, রাসূল ﷺ সেদিনের ঘটনার বর্ণনা দিলেন হুবহু যেভাবে ঘটেছিল সেভাবেই। তিনি অতিরঞ্জন করলেন না, নিজেকে হিরো প্রমাণ করলেন না, অকপটে নিজের মানবসত্তার যে স্বাভাবিক ব্যাপারটি তাও স্বীকার করে নিলেন।
তাঁর সম্পর্কে পড়ুন! যাঁকে পড়তে বলা হয়েছে বিশ্বজগতের সবচাইতে অমূল্য সাহিত্য! যিনি লিখতে ও পড়তে জানতেন না, তাঁর মাধ্যমে বিশ্বজগৎকে পড়ানো ও লেখানো হয়েছে এক রত্নভাণ্ডার, এক অমূল্য বই। যেই বইয়ে আছে বিজ্ঞান, যেই বইয়ে আছে জীবন পরিচালনার সব মূলনীতি। সুতরাং, পড়ুন। পড়ুন সেই মহামান্য কুর'আন এবং সত্য নবী সম্পর্কে। পড়ুন!25তথ্যসূত্রঃ সীরাহ রেইনড্রপস, Is the Quran God's word? Dr. Zakir Naik, সীরাত ইবনে হিশাম
তথ্যসূত্রঃ সীরাহ রেইনড্রপস, Is the Quran God's word? Dr. Zakir Naik, সীরাত ইবনে হিশাম
পাঠকের মন্তব্য
এখনও কোনো মন্তব্য হয়নি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

