কোরআন ও আধুনিক বিজ্ঞান
ডিংগাডোবা, রাজশাহী সকল প্রশংসা মহান আল্লাহ তায়া’লার জন্য যিনি সৃষ্টি করেছেন নিখিল বিশ্ব। আল্লাহ তা’য়ালা মানুষ ও জিন জাতিকে সৃষ্টি করেছেন কেবল তাঁর ইবাদতের জন্য। শুধু সৃষ্টি করেই ছেড়ে দেননি বরং মানবজাতির জন্য সঠিক ও সুন

বিসমিল্লাহির রাহমানির রাহিম
ডিংগাডোবা, রাজশাহী
সকল প্রশংসা মহান আল্লাহ তায়া’লার জন্য যিনি সৃষ্টি করেছেন নিখিল বিশ্ব। আল্লাহ তা’য়ালা মানুষ ও জিন জাতিকে সৃষ্টি করেছেন কেবল তাঁর ইবাদতের জন্য। শুধু সৃষ্টি করেই ছেড়ে দেননি বরং মানবজাতির জন্য সঠিক ও সুন্দর পথের দিশা দেখিয়েছেন। যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামীন মানবজাতির হেদায়াতের জন্য বহু দিক নির্দেশনা প্রেরণ করেছেন। মানবজাতির শিক্ষক হিসেবে পাঠিয়েছেন নবী ও রাসূল। তারা আল্লাহ তায়া’লার বাণী মানুষের নিকট পৌঁছে দিয়েছেন। মানবজাতির জন্য আল্লাহ তায়া’লার অশেষ এক নেয়ামত হল আল-কুরআন। মানবজাতির হেদায়াতের জন্য আল্লাহ তায়া’লা হযরত জিবরাঈল আ’লাইহিস সালাম এর মাধ্যমে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর যে কিতাব অবতীর্ণ করেন সেটিই আল-কুরআন। এটি সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ আসমানী কিতাব।
অন্যদিকে বিজ্ঞান হচ্ছে বিশেষ এক ধরনের জ্ঞান। বিজ্ঞান শব্দের বিশ্লেষিত রূপ হচ্ছে বি+জ্ঞান। বি অর্থ বিশেষ আর জ্ঞান অর্থ সম্যক জ্ঞান বা ধারণা। ভৌতবিশ্বের যা কিছু পর্যবেক্ষণযোগ্য, পরীক্ষণযোগ্য ও যাচাইযোগ্য তার সুশৃঙ্খল এবং নিয়মতান্ত্রিক গবেষণালব্ধ জ্ঞান ভান্ডারের নাম বিজ্ঞান। অন্যভাবে বলতে গেলে বিভিন্ন যুক্তি, তত্ত্ব কিংবা গবেষণালব্ধ ফলাফলের উপর ভিত্তি করে প্রাপ্ত ধারণাকে বলা হয় বিজ্ঞান। আল-কুরআনের সাথে বিজ্ঞানের সম্পৃক্ততা রয়েছে। আল-কুরআন কিয়ামত পর্যন্ত সমগ্র মানবজাতির জন্য পথনির্দেশিকা। এখানে জ্ঞান বিজ্ঞানের বিভিন্ন বিষয় বর্ণনা করা হয়েছে। আল-কুরআন জ্ঞানের আঁধারে পরিপূর্ণ পূর্ণাঙ্গ একমাত্র কিতাব। এতে অন্যান্য বিষয়ের সাথে বিজ্ঞানের নানা তথ্যও জড়িয়ে রয়েছে।
বিজ্ঞানের অগ্রযাত্রায় সাথে সাথে এ তথ্যগুলো স্পষ্ট থেকে আরও স্পষ্টতর হচ্ছে। একজন বিজ্ঞানী যখন গবেষণার মনোভাব নিয়ে কুরআন অধ্যয়ন করেন তখন তিনি কুরআনের বর্ণনায় বিজ্ঞান এর সর্বশেষ তথ্য উপলব্ধি করতে পারেন। কুরআনের তথ্য কে সামনে রেখে যুগে যুগে মুসলিম পন্ডিতগণও ধাপে ধাপে এগিয়ে চলেছেন এবং জ্ঞান বিজ্ঞানের অগ্রযাত্রায় রেখে চলেছেন তাঁদের স্মরণীয় অবদান।
মুসলিম সভ্যতার ইতিহাসের পাঠক মাত্রই জানেন যে জ্ঞান-বিজ্ঞান, শিক্ষা সভ্যতা, সাহিত্য-শিল্প ধর্ম-কর্ম ত্যাগ-তিতিক্ষা, মহানুভবতা, চরিত্র-মাধুর্য সবক্ষেত্রেই মুসলিম জাতিই দুনিয়ার শীর্ষস্থান অধিকার করে রেখেছিল। কুরআনের সাথে বিজ্ঞান ওতপ্রোতভাবে জড়িত। কুরআনের অনেক তত্ত্ব রয়েছে যেগুলো ১৪০০ বছর আগেই বর্ণিত হয়েছে কিন্তু বিজ্ঞানীরা অনেক পরে তা গবেষণা করে প্রমাণ করেছেন।
যদি কোন ধর্মগ্রন্থ সম্ভাব্য সর্বোৎকৃষ্ট সর্বোচ্চ মানের কাব্যিক ভাষায় বলে যে, পৃথিবীটা চ্যাপ্টা তাহলে কোন আধুনিক যুক্তিবাদী মানুষ কখনো এ ধর্মীয় পুস্তককে গ্রহণ করবে না। এর কারণ হল আমরা এমন এক যুগে বাস করি যেখানে মানবিক বিচারবুদ্ধি, যুক্তি ও বিজ্ঞানকে প্রাধান্য দেওয়া হয়েছে। তাই অনেকেই কেবল কুরআনের অসাধারণ সুষমামণ্ডিত ও নান্দনিক ভাষা দেখে একে আল্লাহ্ প্রেরিত বলে বিশ্বাস নাও করতে পারে। কোন গ্রন্থ নিজেকে আল্লাহ্ প্রেরিত বলে দাবী করলে তাকে অবশ্যই নিজের কারণ, যুক্তির জোরেই গ্রহণযোগ্য হতে হবে। আল-কুরআন এমন এক অনন্য গ্রন্থ যার প্রত্যেকটি বাণী নির্ভুল ও অপরিবর্তনীয় এবং যৌক্তিক।
প্রথমেই বলে রাখা প্রয়োজন যে কুরআন বিজ্ঞানের কোন পুস্তক নয়। এটি অসংখ্য ‘নিদর্শন’ অর্থাৎ আয়াতের পুস্তক। কুরআনের আয়াত সংখ্যা ৬ হাজারের অধিক। এর মধ্যে এক হাজারের অধিক আয়াত বিজ্ঞান সম্পর্কিত। এখন আমরা আল-কুরআনের আলোকে বিভিন্ন তত্ত্ব ও বিজ্ঞানের গবেষণা লব্ধ বিভিন্ন বৈজ্ঞানিক যুক্তির অসাধারণ সামঞ্জস্যতা নিয়ে আলোচনা করবো ইন শা আল্লাহ।
মহাবিস্ফোরণ তত্ত্বঃ
প্রথমেই আসা যাক বিশ্বজগতের সৃষ্টির বিষয়ে। বহু দশকব্যাপী বিজ্ঞানীগণ কর্তৃক সংগৃহীত পর্যবেক্ষণমূলক ও গবেষণামূলক তথ্য-উপাত্ত দ্বারা ‘মহাবিস্ফোরণ’ বা Big Bang আজ অনেকটাই প্রমাণিত ও ব্যাপক জনপ্রিয় একটি মতবাদ। মহাবিস্ফোরণ তত্ত্বানুযায়ী সমগ্র বিশ্বজগত প্রাথমিক বা আদি অবস্থায় একটি পিন্ড আকারে বিদ্যমান ছিল। সে পিণ্ডটি ছিল অত্যন্ত ক্ষুদ্র। কিন্তু ক্ষুদ্র হলেও আল্লাহ্র অসীম কৃপায় মহাবিশ্বের সমগ্র ভর সেখানে একত্রিত হয়েছিল। এরপরে সেখানে ঘটে এক মহা-বিস্ফোরণ (মাধ্যমিক পৃথককরণ)। এরই ফলে গঠিত হয় অসংখ্য ছায়াপথ (গ্যালাক্সি)। অতঃপর এগুলো বহু খন্ডে বিভক্ত হয়ে সৃষ্টি হয় নক্ষত্রপুঞ্জ, গ্রহপুঞ্জ, সূর্য, চন্দ্র ইত্যাদি। বিশ্বজগতের এই বিস্তৃতিটি সত্যিই অনন্য। বিশ্বজগতের এই সূচনা সম্পর্কে আল-কুরআনের নিম্নে বর্ণিত আয়াতে উল্লেখ রয়েছে।
أَوَلَمْ يَرَ ٱلَّذِينَ كَفَرُوٓا۟ أَنَّ ٱلسَّمَـٰوَٰتِ وَٱلْأَرْضَ كَانَتَا رَتْقًۭا فَفَتَقْنَـٰهُمَا ۖ وَجَعَلْنَا مِنَ ٱلْمَآءِ كُلَّ شَىْءٍ حَىٍّ ۖ أَفَلَا يُؤْمِنُونَ
অবিশ্বাসীরা কি দেখে না যে, আকাশ আর যমীন একসঙ্গে সংযুক্ত ছিল, অতঃপর আমি উভয়কে আলাদা করে দিলাম, আর প্রাণসম্পন্ন সব কিছু পানি থেকে সৃষ্টি করলাম। তবুও কি তারা ঈমান আনবে না? (সূরা আল-আম্বিয়া, ২১/৩০)
কুরআনের আয়াত ও মহাবিস্ফোরণ বা ‘বিগ ব্যাং’ এর মধ্যে এই যে বিস্ময়কর সাদৃশ্য তা কোনোভাবে এড়ানো যাবেনা। চৌদ্দশ' বছর পূর্বে মরুময় আরবে প্রথম আবির্ভূত একটি কিতাব কিভাবে এরূপ একটি জ্ঞানগর্ভ, বৈজ্ঞানিক সত্যকে ধারণ করতে পারলো? কুরআনের মহত্ত্বতা এখানেই প্রমাণিত হয়।
ছায়াপথ সৃষ্টির পূর্বে মহাবিশ্বে কী ছিল?
বিজ্ঞানীগণ বলেন যে মহাবিশ্বে ছায়াপথ গঠনের পূর্বে মহাকর্ষীয় বস্তু ছিল আদিতে গ্যাসীয় পদার্থের আকারে। সংক্ষেপে বললে বলা যায় যে ছায়াপথ সৃষ্টির পূর্বে বিপুল গ্যাসীয় পদার্থ বা মেঘমালা বিদ্যমান ছিল। আদি মহাকাশীয় বস্তুকে ‘গ্যাসের’ চেয়ে ‘ধূম’ শব্দটি দ্বারা বর্ণনা করা অধিকতর সঠিক। আল-কুরআনের নিম্নবর্ণিত আয়াতে বিশ্বজগতের অবস্থা বর্ণনা প্রসঙ্গে ‘দুখান’ শব্দের উল্লেখ রয়েছে। ‘দুখান’ শব্দের অর্থ হলো ধূম্র।
ثُمَّ ٱسْتَوَىٰٓ إِلَى ٱلسَّمَآءِ وَهِىَ دُخَانٌۭ فَقَالَ لَهَا وَلِلْأَرْضِ ٱئْتِيَا طَوْعًا أَوْ كَرْهًۭا قَالَتَآ أَتَيْنَا طَآئِعِينَ
অতঃপর তিনি আকাশের দিকে মনোনিবেশ করেন যা ছিল ধূম্রপুঞ্জ বিশেষ। অতঃপর তিনি ওটাকে এবং পৃথিবীকে বললেন, “তোমরা উভয়ে এসো স্বেচ্ছায় অথবা অনিচ্ছায়।” তারা বলল, “আমরা এলাম অনুগত হয়ে।” (সূরা ফুসসিলাত, ৪১/১১)
এই ঘটনাটি হল মহাবিস্ফোরণের স্বাভাবিক পরিণতি। কিন্তু রাসূল ﷺ এর সময় আরবদের নিকট এটা ছিল অজানা। তাহলে সে সময়ে এ জ্ঞানের উৎস কী হতে পারে?
পৃথিবীর আকার কেমন?
আদিমকালে মানুষ বিশ্বাস করতো যে পৃথিবীটা চ্যাপ্টা। বহু শতাব্দীব্যাপী মানুষ বহুদূর গমনে ভয় পেত এজন্য যে পাছে সে পৃথিবীর কিনার হতে পড়ে যায়! স্যার ফ্রান্সিস ড্রেক (1540-1596) হলেন প্রথম ব্যক্তি যিনি পৃথিবীর চারিদিকে জলপথে ভ্রমণ করে প্রমাণ করেছিলেন যে পৃথিবী গোলাকার। আল-কুরআনের নিম্নোক্ত আয়াতে পৃথিবীর গোলাকৃতির কথা পরোক্ষভাবে উল্লেখ করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তায়া’লাঃ
خَلَقَ ٱلسَّمَـٰوَٰتِ وَٱلْأَرْضَ بِٱلْحَقِّ ۖ يُكَوِّرُ ٱلَّيْلَ عَلَى ٱلنَّهَارِ وَيُكَوِّرُ ٱلنَّهَارَ عَلَى ٱلَّيْلِ ۖ وَسَخَّرَ ٱلشَّمْسَ وَٱلْقَمَرَ ۖ كُلٌّۭ يَجْرِى لِأَجَلٍۢ مُّسَمًّى ۗ أَلَا هُوَ ٱلْعَزِيزُ ٱلْغَفَّـٰرُ
তিনি যথাযথভাবে আকাশমন্ডলী ও পৃথিবী সৃষ্টি করেছেন। তিনি রাত দ্বারা দিনকে আচ্ছাদিত করেন এবং রাতকে আচ্ছাদিত করেন দিন দ্বারা। সূর্য ও চন্দ্রকে তিনি করেছেন নিয়মাধীন। প্রত্যেকেই পরিক্রমন করে এক নির্দিষ্ট কাল পর্যন্ত। জেনে রেখ, তিনি পরাক্রমশালী, ক্ষমাশীল। (সূরা আয-যুমার ৩৯/৫)
এখানে আরবি শব্দ يُكَوِّرُ ব্যবহার করা হয়েছে। এ শব্দটির অর্থ হল আচ্ছাদিত করা, জড়ানো, কুণ্ডলিত করা যেভাবে মাথার চারদিকে পাক দিয়ে পাগড়ি বাঁধা হয়। দিন ও রাতের এই আচ্ছাদন বা জড়ানো তখনই সংঘটিত হতে পারে যদি পৃথিবী হয় মোটামুটি গোলাকার। এভাবেই কুরআনে পৃথিবীর আকৃতির সঠিক বর্ণনা রয়েছে। যদিও কুরআন যখন পৃথিবীতে অবতীর্ণ হয় তখন অধিক প্রচলিত ধারণা ও বিশ্বাস ছিল যে পৃথিবী চ্যাপ্টা।
চাঁদের আলো প্রতিফলিত আলোঃ
প্রাচীন যুগে মানুষ বিশ্বাস করতো যে চাঁদ নিজেই আলো ছড়ায়। কিন্তু আধুনিক বিজ্ঞান আজ আমাদের বলে চাঁদের আলো আসলে প্রতিফলিত আলো। কুরআন সাড়ে চৌদ্দশ বছর আগেই এই সত্যটি উল্লেখ করেছে নিম্নোক্ত আয়াতেঃ
تَبَارَكَ ٱلَّذِى جَعَلَ فِى ٱلسَّمَآءِ بُرُوجًۭا وَجَعَلَ فِيهَا سِرَٰجًۭا وَقَمَرًۭا مُّنِيرًۭا
সুমহান তিনি, যিনি নভোমন্ডলে সৃষ্টি করেছেন তারকারাজি এবং তাতে স্থাপন করেছেন প্রদীপ ও জ্যোতির্ময় চাঁদ! (সূরা আল-ফুরক্বান, ২৫/৬১)
কুরআনে সূর্যের জন্য আরবি প্রতিশব্দ হলো ‘শামস’। আবার কোথাও সূর্যকে উল্লেখ করা হয়েছে ‘সিরাজ’ বলে যার অর্থ হলো মশাল। অথবা ‘দিয়া’ হিসেবে যার অর্থ তেজস্কর। এই তিনটি বর্ণনাই সূর্যের ক্ষেত্রে যথোচিত এবং মানানসই। অন্তর্দহনে তীব্র তাপ ও আলো উৎপাদন করে। চাঁদের জন্য আরবি প্রতিশব্দ হলো ‘ক্বামার’ যা কুরআনে ‘মুনীর’ শব্দ দ্বারা প্রকাশ করা হয়েছে। ‘মুনীর’ মানে হলো সেই বস্তু যা নূর বা আলো দেয়। আবার কুরআনের বর্ণনায় চাঁদ নিজে কোনো আলো দেয় না বরং এটি প্রতিফলিত করে সূর্যের আলো। সূর্য চন্দ্রের আলোর প্রকৃতি সম্পর্কে আল-কুরআনের নিম্নে বর্ণিত আয়াতটি বিবেচনা করা যায়।
هُوَ ٱلَّذِى جَعَلَ ٱلشَّمْسَ ضِيَآءًۭ وَٱلْقَمَرَ نُورًۭا
তিনি সূর্যকে করেছেন তেজোদীপ্ত, আর চন্দ্রকে করেছেন আলোকময়। (সূরা ইউনুস, ১০/৫)
তাই দেখা যায়, মহিমান্বিত কুরআন ও আধুনিক বিজ্ঞান সূর্য ও চন্দ্রের আলোর প্রকৃতির মধ্যে বিরাজমান পার্থক্যের ব্যাপারে পুরোপুরি একই দৃষ্টিভঙ্গি পোষণ করে।
সূর্য কি স্থির নাকি গতিশীল?
একসময় মানুষ বিশ্বাস করতো যে সূর্য স্থির এবং অন্যান্য গ্রহগুলো একে কেন্দ্র করে ঘুরছে। আবার এ বিশ্বাসের অনেক আগে মানুষ অন্য ধারণা পোষণ করতো। তারা ভাবতো পৃথিবী স্থির এবং পৃথিবীকে কেন্দ্র করে অন্য গ্রহগুলো ঘুরছে। কিন্তু আধুনিক বিজ্ঞান এর সম্পূর্ণ উল্টো মতবাদ প্রদান করে। ১৬০৯ খ্রিস্টাব্দে জার্মান বিজ্ঞানী ইউহান্নাস কেপলার ‘অ্যাস্ট্রোনমিয়া নোভা’ নামে একটি লেখা প্রকাশ করেন। তিনি এই লেখার উপসংহারে একথা বলেন যে সূর্যের চারদিকে গ্রহ গুলো উপবৃত্তাকার কক্ষপথে শুধু ঘুরছে না বরং অনিয়মিত বেগে তারা নিজেদের অক্ষের চারদিকে ঘুরছে। আসুন দেখি কুরআন এ ব্যাপারে কী বলে।
وَهُوَ ٱلَّذِى خَلَقَ ٱلَّيْلَ وَٱلنَّهَارَ وَٱلشَّمْسَ وَٱلْقَمَرَ ۖ كُلٌّۭ فِى فَلَكٍۢ يَسْبَحُونَ
তিনিই সৃষ্টি করেছেন রাত ও দিন, সূর্য আর চন্দ্র, প্রত্যেকেই তার চক্রাকার পথে সাঁতার কাটছে। (সূরা আল-আম্বিয়া, ২১/৩৩)
অন্যত্র কুরআনে উল্লেখ আছে -
لَا ٱلشَّمْسُ يَنۢبَغِى لَهَآ أَن تُدْرِكَ ٱلْقَمَرَ وَلَا ٱلَّيْلُ سَابِقُ ٱلنَّهَارِ ۚ وَكُلٌّۭ فِى فَلَكٍۢ يَسْبَحُونَ
সূর্যের পক্ষে সম্ভব নয় চাঁদকে ধরে ফেলা, আর রাতের পক্ষে সম্ভব নয় দিনকে ছাড়িয়ে আগে বেড়ে যাওয়া, প্রত্যেকেই নিজ নিজ কক্ষ পথে সাঁতার কাটছে। (সূরা ইয়া-সীন, ৩৬/৪০)
এই আয়াতে এমন সঠিক তথ্যের উল্লেখ রয়েছে যা মাত্র সাম্প্রতিক আধুনিক জ্যোতির্বিজ্ঞান আবিষ্কার করতে সক্ষম হয়েছে।
মহাবিশ্বের সম্প্রসারণশীলতাঃ
১৯২৫ সালে এডউইন হাবল (Edwin Hubble) নামে এক আমেরিকান জ্যোতির্বিজ্ঞানী পর্যবেক্ষণমূলক সাক্ষ্য প্রমাণের আলোকে ঘোষণা করেন যে ছায়াপথগুলো পরস্পর পরস্পর থেকে দূরে সরে যাচ্ছে। যার অর্থ হচ্ছে মহাবিশ্ব সম্প্রসারিত হচ্ছে। মহাবিশ্বের এই প্রসারণ আজ বিজ্ঞানমহলে বেশ প্রতিষ্ঠিত বলা যায়। অত্যন্ত (জ্বী, অত্যন্ত) অবাক করা বিষয় হচ্ছে যে মহাবিশ্বের এই প্রকৃতি সম্পর্কে আল-কুরআনেও বলা হয়েছে। সুবহানাল্লাহ!
وَٱلسَّمَآءَ بَنَيْنَـٰهَا بِأَيْي۟دٍۢ وَإِنَّا لَمُوسِعُونَ
আর আসমান আমরা তা নির্মাণ করেছি আমাদের ক্ষমতাবলে এবং আমরা নিশ্চয়ই মহাসম্প্রসারণকারী। (সূরা আয-যারিয়াত, ৫১/৪৭)
প্রতিটি জীবের গঠনে বেশির ভাগ পানি রয়েছেঃ
আল-কুরআনে বর্ণিত হয়েছে,
أَوَلَمْ يَرَ ٱلَّذِينَ كَفَرُوٓا۟ أَنَّ ٱلسَّمَـٰوَٰتِ وَٱلْأَرْضَ كَانَتَا رَتْقًۭا فَفَتَقْنَـٰهُمَا ۖ وَجَعَلْنَا مِنَ ٱلْمَآءِ كُلَّ شَىْءٍ حَىٍّ ۖ أَفَلَا يُؤْمِنُونَ
অবিশ্বাসীরা কি দেখে না যে, আকাশ আর যমীন এক সঙ্গে সংযুক্ত ছিল, অতঃপর আমি উভয়কে আলাদা করে দিলাম, আর প্রাণসম্পন্ন সব কিছু পানি থেকে সৃষ্টি করলাম। তবুও কি তারা ঈমান আনবে না? (সূরা আল-আম্বিয়া, ২১/৩০)
কেবলমাত্র বিজ্ঞানের অগ্রযাত্রার পরেই আমরা জানতে পেরেছি যে জীবকোষের মৌলিক উপাদান সাইটোপ্লাজমের ৮০% পানি দিয়ে তৈরি। আধুনিক গবেষণা আরো প্রকাশ করেছে যে অধিকাংশ জীবের ৫০% হতে ৯০% পার্সেন্ট পানি আছে এবং প্রতিটি জীবের বেঁচে থাকার জন্য পানির প্রয়োজন। সমস্ত জীবিত জিনিসই পানি দ্বারা গঠিত। এ সত্যটি চৌদ্দশ' বছর পূর্বে অনুমান করা কি কোন মানুষের পক্ষে সম্ভব? মোটেই না! অথচ দেখুন কুরআনের নিম্নোক্ত আয়াতে পানি হতে প্রাণ সৃষ্টির উল্লেখ রয়েছে।
وَٱللَّهُ خَلَقَ كُلَّ دَآبَّةٍۢ مِّن مَّآءٍۢ ۖ فَمِنْهُم مَّن يَمْشِى عَلَىٰ بَطْنِهِۦ وَمِنْهُم مَّن يَمْشِى عَلَىٰ رِجْلَيْنِ وَمِنْهُم مَّن يَمْشِى عَلَىٰٓ أَرْبَعٍۢ ۚ يَخْلُقُ ٱللَّهُ مَا يَشَآءُ ۚ إِنَّ ٱللَّهَ عَلَىٰ كُلِّ شَىْءٍۢ قَدِيرٌۭ
আল্লাহ পানি হতে সমস্ত জীবন সৃষ্টি করেছেন। তাদের কতক পেটের ভরে চলে, কতক দু’পায়ের উপর চলে, আর কতক চার পায়ের উপর চলে। আল্লাহ যা চান তাই সৃষ্টি করেন। আল্লাহ সর্ববিষয়ের উপর সর্বোচ্চ ক্ষমতার অধিকারী। (সূরা আন-নূর, ২৪/১)
আল-কুরআনে এরকম অনেক তথ্য রয়েছে যেগুলো আজও বিজ্ঞান প্রমাণ করতে পারেনি। তবে এটা মনে রাখা দরকার যে আল-কুরআন কোন বিজ্ঞানের বই নয়। বরং এটি আয়াত তথা নির্দশনসমৃদ্ধ একটি বই। এসব নিদর্শন আল্লাহ্ সুবহানাহু ওয়া তায়া’লার অকল্পনীয় মহিমার প্রতি নির্দেশ করে মাত্র। কুরআনের মহত্ত্ব ও তাৎপর্য বোঝার জন্য আমাদের অর্থ সহকারে বেশি বেশি কুরআন তেলাওয়াত করতে হবে এবং ব্যাখ্যা পড়তে হবে। কুরআনের বাণীগুলো যদি আমরা বাস্তব জীবনে অনুশীলন করতে পারি তবেই ব্যক্তিগত, সামাজিক ও রাষ্ট্রীয় তথা সকল স্তরে কল্যাণ লাভ করা সম্ভব। (কোডগুলো স্ক্যান করে দেখুনতো কী পান?)
পাঠকের মন্তব্য
এখনও কোনো মন্তব্য হয়নি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

