কুরআন কি এলোমেলো!!
গপাগপ মুখের ভিতর দুই গাল ভাত ঠুঁসে মামা ভাগ্নে বেরিয়ে পড়লাম হোটেল থেকে। দুপুর দু’টোয় ট্রেন। হাতে টাইম একদম কম। গন্তব্য সিলেট। কমলাপুর রেলওয়ে স্টেশনে মানুষের ভিড় ঠেলে দ্রুত খুঁজে নিলাম আমাদের বগিটা। খুব বেশি ভারী জিন

বিসমিল্লাহির রাহমানির রাহিম
গপাগপ মুখের ভিতর দুই গাল ভাত ঠুঁসে মামা ভাগ্নে বেরিয়ে পড়লাম হোটেল থেকে। দুপুর দু’টোয় ট্রেন। হাতে টাইম একদম কম। গন্তব্য সিলেট। কমলাপুর রেলওয়ে স্টেশনে মানুষের ভিড় ঠেলে দ্রুত খুঁজে নিলাম আমাদের বগিটা। খুব বেশি ভারী জিনিসপত্র নেই সাথে। মামা ভাগ্নের একটা ছোট্ট লাগেজেই হয়ে গেছে। দ্রুত বগিতে উঠতে খুব একটা বেগ পেতে হলো না। লাগেজটা উপরের তাকে ঢুকিয়ে ধুপ করে বসে পড়লাম নিজেদের সিটে। যাক, সামনের দিকে মুখ করে সিট পাওয়া গেছে। ভাগ্নের ইচ্ছামত সে বসলো জানালার ধারে। এখনো ট্রেন ছাড়েনি। খুব সম্ভবত মিনিট দুয়েকের মধ্যেই ছেড়ে দিবে। এ সময় এক ভদ্রলোক এসে বসল আমাদের বিপরীত সিটে। মুখ গোলগাল, ক্লিন শেভ করা, জিন্স প্যান্টের সাথে ফুল শার্ট ইন করে আছেন। বেশ স্বাস্থ্যবান। মধ্যবয়সী হবেন। আমরা যাচ্ছি সিলেট শাহজালাল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। আমরা বলতে আমি আর আমার ভাগ্নে সাদিক। রিজিওনাল ফিজিক্স অলিম্পিয়াডে টিকেছে সে। এখন পাড়ি জমাচ্ছি ন্যাশনাল রাউন্ডের ভেন্যুতে, SUST এ।
তুলনামূলক কমবয়সী এবং বেকার লোক হওয়ায় ভাগ্নেকে নিয়ে যাওয়ার দায়িত্বটা আপা আমার ঘাড়েই তুলে দিলেন। আমিও না করতে পারলাম না। তাছাড়া এই সুযোগে মামা ভাগ্নে একসাথে সিলেট ঘুরা হয়ে যাবে। আমাদের ট্রেন ইতিমধ্যেই স্টেশন ছেড়ে শহরের কোলাহল পেরিয়ে এগিয়ে চলেছে গন্তব্যের দিকে। পেপার পড়া আমার অভ্যাস। চশমার লেন্স দিয়ে আমার চোখ খুঁজে চলেছে নতুন নতুন সব খবরের বাহার। এদিকে ভাগ্নে সিটে মাথা রেখে চোখ বুজে আছে। সামনের লোকটা হাতের ফোন নিয়ে ফেসবুকে স্ক্রোলিং করছে বলে মনে হচ্ছে। এভাবে যোহরের ওয়াক্ত পেরিয়ে আসর গড়ালে মামা ভাগ্নে ট্রেনেই সালাত সেড়ে ফেললাম। সামনের লোকটা বোধহয় বিরক্তই হলেন আমাদের কর্মকাণ্ডে।
- হুট করে তিনি বলে উঠলেন, এভাবে নামাজ হয়?
আমি বললাম, রাসূল ﷺ সফরকালীন এভাবেই সালাত আদায় করতেন।
তিনি মুচকি হাসলেন। বললেন, আপনাদের দেখে বড় অবাক লাগে! কী সব আদিকালের একটা বই আপনারা অনুসরণ করেন যার জন্য আবার এত মারামারি, এত কাটাকাটি।
মামা-ভাগ্নে আমরা একে অপরের দিকে তাকালাম। সাদিক জিজ্ঞাসা করল, কেন? আপনি বিশ্বাস করেন না??
ভদ্রলোক বললেন, বিশ্বাস করিনা ঠিক তা নয়। তবে মনে হয় কুরআন অনেক পুরানো হয়ে গেছে। তাছাড়া এরমধ্যে কোনো সামঞ্জস্যতা আমি খুঁজে পাইনি। বাবা চাচারা সবাই ধর্মীয় অনুষ্ঠান পালন করতো। আমিও করি। তাদের কষ্ট দিয়ে কী আর করবো। তবে আমার অনেক প্রশ্ন রয়েছে কুরআন নিয়ে।
ওহো! যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়। ভাগ্নের সাথে চলাচল করছি বহুদিন। এরকম চ্যালেঞ্জিং সিচুয়েশন ট্যাকেল করতে সে পছন্দ করে। এখন নিশ্চয় একটা লম্বা বক্তব্য দিবে সাদিক। তবে বিতর্কে সে যে জয়ী হবেই এটা আমি শতভাগ নিশ্চিত। “আপনার প্রশ্ন গুলো কি শুনতে পারি?”, সাদিক বলে উঠলো।
- প্রশ্ন তো অনেকগুলো আছে। কিন্তু এগুলো কাউকে জিজ্ঞাসা করলে হয় সে মনমতো উত্তর দিতে পারেনা না হয় নাস্তিক বলে অপমান করে।
- আমি আপনাকে সে রকম কিছু বলব না। আপনি আপনার প্রশ্নটি করতে পারেন।
- আচ্ছা শোনো তাহলে। কুরআনের সূরার মধ্যে আলোচ্য বিষয়গুলো আমার কাছে এলোমেলো মনে হয়। একটা বিষয়ে কথা হতে হতেই আরেকটা বিষয়ে চলে যাওয়া, একটার সাথে আরেকটার কোনো কানেকশন খুঁজে না পাওয়া ইত্যাদি আমাকে অনেক সন্দেহের মধ্যে ফেলে দেয়। আধুনিক যুগের বইয়ের সাথে যেটা সম্পূর্ণ বেমানান। এ ব্যাপারে কিছু বলতে পারবে?
নাহ। এবার বিষয়টা জটিল বলে মনে হচ্ছে। সাদিক কি আসলে উত্তর জানে! আমারও জানা নেই বিষয়টা। কিন্তু লোকে শুনলে কি বলবে ভেবে কখনো প্রশ্ন করা হয়নি। দেখা যাক ভাগ্নে কী বলে! ইতিমধ্যেই সাদিক তার ঘাড়ে থাকা ব্যাগ থেকে একটা খাতা আর কলম বের করে ফেলেছে। তার মানে নিশ্চয়ই নতুন কোন চমক আসতে যাচ্ছে।
Section-01: বিশ্বাস ও ঈমান
Section-02: আদম আলাইহিস সালামের ঘটনা (লোভ)
Section-03: বনী ইসরাঈল
Section-04: ইব্রাহিম আলাইহিস সালাম
Section-05: কিবলা পরিবর্তন
Section-06: মুহাম্মাদ ﷺ
Section-07: উম্মাতে মুহাম্মাদ ﷺ
Section-08: লোভ থেকে বাঁচার উপায়
Section-09: ঈমান ও ঈমান রক্ষার দোয়া
চটকরে সাদিক এগুলো লিখে ভদ্রলোকের দিকে তাকাল।
এগুলো কি?- ভদ্রলোকের প্রশ্ন।
- এগুলোর সূরা বাকারায় আলোচিত বিষয়বস্তু।
আমি আর সেই ভদ্রলোক খাতায় মন দিলাম। সুবহানআল্লাহ! আমি এই সেকশনগুলোর মধ্যে আল্লাহর অসাধারণ মুজিযা লক্ষ্য করছি- সাদিক বলল।
কীভাবে কীভাবে? - অনেকটা একসাথে আমি আর সেই ভদ্রলোক বলে উঠলাম।
সাদিক বললো, আচ্ছা তাহলে মন দিয়ে শুনুন।
i) এখানে মোট নয়টি সেকশন আছে। সূরা বাকারা যদি আপনি গভীরভাবে পড়েন তাহলে এর টপিকসগুলোকে মোটাদাগে এই নয় ভাগেই ভাগ করা সম্ভব। এখানে প্রথম টপিকটা কী? ঈমান এবং বিশ্বাস। গায়েবে বিশ্বাসের কথা এখানে বলা হয়েছে। বিশ্বাসীদের স্বরূপ, অবিশ্বাসীদের ও মুনাফিকদের বৈশিষ্ট্য বর্ণনা করা হয়েছে। অন্যদিকে Section-09 এ আল্লাহ তাআলা আবার বিশ্বাস নিয়ে কথা বলেছেন। সেখানে গায়েবের সেই বিষয়গুলোর কথা বলেছেন যা আমাদের বিশ্বাস করতে হবে এবং আমাদের বিশ্বাস রক্ষার দোয়া তিনি শিখিয়ে দিয়েছেন। তাহলে Section-01 এবং Section-09 এর মধ্যে একটা মিল দেখা যাচ্ছে!
ii) এরপর Section-02 এ আদম আলাইহিস সালাম এর ঘটনা বর্ণনা করা হয়েছে। যদি পুরো ঘটনা মন দিয়ে পড়ে একটি মাত্র ওয়ার্ড দিয়ে এই ঘটনাটি প্রকাশ করতে বলা হয় তাহলে তা হবে ‘লোভ’। শয়তান আমাদের আদি পিতা ও মাতাকে ফেরেশতা ও জান্নাতে চিরস্থায়ী হওয়ার লোভ দেখিয়েছিল যা তাদেরকে সাময়িকভাবে বিচ্যুত করেছিল যা সূরা আরাফের 20 নং আয়াতে আল্লাহ আমাদের জানিয়েছেন। আর Section-08 এ আল্লাহ ঠিক এই লোভ থেকে বাঁচার উপায়গুলোর কথা বলেছেন। তিনি সুদমুক্ত জীবন, দান-সাদকা এবং অর্থনৈতিক লেনদেনের সময় কীভাবে লোভমুক্ত থেকে হিসাবের ক্ষেত্রে সাক্ষী রাখতে হয় সেগুলোর প্রতি ইঙ্গিত করেছেন। তাহলে দাঁড়ালো….
Section-01 <> Section-09
Section-02 <> Section-08
iii) এরপর প্রথম থেকে তৃতীয় সেকশন অর্থাৎ Section-03 এ আল্লাহ বনী-ইসরাঈলকে দেওয়া বিভিন্ন নিয়ামত এবং তাদের জীবনের বিভিন্ন বিধি-বিধান উল্লেখ করেছেন। ঠিক তেমনিভাবে তিনি শেষ থেকে তৃতীয় সেকশন অর্থাৎ Section-07 এ উম্মতে মুহাম্মাদকে দেওয়া বিভিন্ন বিধি-বিধান নিয়ে আলোচনা করেছেন। তাহলে এ ক্ষেত্রেও আমরা Section-03 এবং Section-07 এর মধ্যে একটি মিল পাচ্ছি।
iv) প্রথম থেকে চার নম্বর সেকশনে অর্থাৎ Section-04 এ মহান আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম এর সম্পর্কে বলেছেন। আর শেষ থেকে চার নম্বর সেকশনে অর্থাৎ Section-06 এ তিনি মুহাম্মাদ ﷺ এর কথা বলেছেন। আপনি তো ভাবছেন এখন এনাদের মধ্যে কি মিল সেটা বলবো তাই না?
এতক্ষণে সাদিক একটু থামল বলে মনে হচ্ছে। - হ্যাঁ,অবশ্যই তাই তো মনে হচ্ছে, বলে উঠলো ভদ্রলোক। সাদিক আবার বলা শুরু করল, আসলেই বলতাম কিন্তু এটা এতই গভীর আর এতই অসাধারণ যে এটি নিয়ে আলোচনা করলে দুই রাত ঘুম হবে না। এই দুই নবীর মধ্যে যে মিল আছে তার একটা ছোট্ট প্রমাণ সূরা বাকারার বাইরে থেকে দেই। আমরা সালাতে দরুদ শরীফে কোন দুই নবীর জন্য দোয়া করি? মুহাম্মাদ ﷺ এবং ইব্রাহিম আলাইহিস সালাম, তাই না? তাহলে তাদের মধ্যে একটি মিল যে রয়েছে এটি তো বোঝা যাচ্ছে? আচ্ছা সূরা বাকারায় তাদের মধ্যে যে মিলের কথা বলা হয়েছে তা না হয় নাইবা বলি। সুবহানাল্লাহ! আমি যখন এটা নিয়ে ভাবি আমি বলে বুঝাতে পারবো না আমার মধ্যে দিয়ে কী যায়! আচ্ছা টপিকে ফিরি। যে সেকশনগুলোর মধ্যে মিল রয়েছে সেগুলো এক নজরে দেখলে দাঁড়ায়:
Section-01 <> Section-09
Section-02 <> Section-08
Section-03 <> Section-07
Section-04 <> Section-06
v) আচ্ছা,তাহলে মাঝে কি থাকলো? Section-05 তাই না? মহান আল্লাহর এই সেকশনে কী নিয়ে আলোচনা করেছেন জানেন? কিবলা পরিবর্তন নিয়ে। সুবহানআল্লাহ! যেন তিনি মুহাম্মাদ ﷺ এর আগের ঘটনা বলা শেষ করে কিবলা পরিবর্তন করলেন এবং তারপর তিনি মুহাম্মাদ ﷺ এর দিকে ঘুরে এবার আমাদের নিয়ে আলোচনা শুরু করলেন এবং এই আলোচনা মহান আল্লাহ কত নাম্বার আয়াতে করেছেন জানেন? 143 নাম্বার আয়াতে।
“ওয়েট! ওয়েট! সূরা বাকারায় 286 টা আয়াত থাকলে 143 নম্বর আয়াত তো মধ্যের আয়াত হচ্ছে!”, আমি বিস্ময়ে বলে উঠলাম।
- এমনকি এই মধ্য সেকশনে এবং এই মধ্য আয়াতে আল্লাহ তা'আলা আমাদের মধ্যপন্থি জাতি হিসেবে উল্লেখ করেছেন।
- Wow! That's amazing. What a beautiful order it is! I have never known it before. ভদ্রলোক বলে উঠলো।
- ধন্যবাদ আঙ্কেল। আসলে কুরআনের অনেক সূরায় এই প্যাটার্ন পাওয়া যায়। আরো কত রকম প্যাটার্ন আছে তা নিয়ে পড়াশোনা করছি আলহামদুলিল্লাহ। আর আপনি কুরআন নিয়ে যতই পড়বেন এবং চিন্তা করবেন এর প্রতি আপনার ভালোবাসা ততোই বাড়তে থাকবে। কুরআনের প্রত্যেকটা লেটার, হরকত, ওয়ার্ড এর উপর তাদাব্বুর অজান্তেই আপনার মুখ থেকে কেবল একটা বাক্য বের করে দিবে যে- This cannot be from any human being! Allahu Akbar!
আমাদের মাঝে একরাশ নিরবতা বিরাজ করছে। আমারও মনে হচ্ছে এতক্ষণ অন্য কোনো জগতে ছিলাম। এত কিছু এই কুরআনের মধ্যে জানার আছে অথচ আমরা কী কী নিয়ে ব্যস্ত!! দেখতে দেখতে সিলেটের একদম কাছে চলে এসেছি। সূর্যটা একটু পরেই ডুবে যাবে। ট্রেন জার্নিতে সিলেটে ঢোকার জায়গাটা খুবই সুন্দর। ডান দিকে বড় রাস্তায় সব হেডলাইটগুলো জ্বলে গেছে। আমরা এর পাশ দিয়ে ঝিকঝিক করে এগিয়ে চলেছি স্টেশনের দিকে। দুইপাশের গাছগুলো যেভাবে রেললাইনকে ঢেকে রেখেছে তা মনোমুগ্ধকর।
হঠাৎ ভদ্রলোক বললো, বাবা আমার আরো কিছু প্রশ্ন আছে। বলতে পারবা?
সাদিক বলল, জ্বী, বলুন।
ভদ্রলোক বললেন- আল্লাহ মানুষ সৃষ্টির সময় ফেরেশতাদের আগেই বলেছিলেন যে তিনি পৃথিবীর জন্য মানুষকে সৃষ্টি করবেন। তাহলে...
“লিবেন বাদাম বাদাম বাদাম বাদাম বাদাম,” পাশে বাদামওয়ালা চিৎকার দিয়ে ওঠায় প্রথম প্রশ্নটা আমি শুনতে পেলাম না।
ভদ্রলোক তাঁর কথা কন্টিনিউ করলেন, “আর দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে- ফেরেশতারা যখন বললো মানুষ পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করবে তখন মহান আল্লাহ একটা কথা বলেছিলেন যে- আমি যা জানি তোমরা তা জানো না। আল্লাহ কী জানার কথা বলেছিলেন?
সাদিক মুচকি হাসল। বললো- আঙ্কেল এর উত্তর আসলে সূরা বাকারার মধ্যেই আছে। একটু গভীরভাবে পড়তে হবে শুধু। আর আমি যে পার্টটা স্কিপ করেছি অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাম ও মুহাম্মাদ ﷺ এর মধ্যে যে মিল সেখানে উত্তরটি আছে। সেগুলি নিয়ে নাহয় অন্য কোনোদিন আলোচনা হবে।
ট্রেনের হুইসেল বেজে উঠল। গতি কমে আসছে। তার মানে আমরা পৌঁছে গেছি। ভদ্রলোককে আমাদের কন্টাক্ট নাম্বার দিয়ে ট্রেন থেকে নেমে পড়লাম। ভদ্রলোকও নেমে গেছেন। মামা ভাগ্নে ব্যাগগুলো একটি দোকানে রেখে দ্রুত মসজিদের দিকে রওনা দিলাম। অজু করে নামাজের কাতারে দাঁড়িয়ে দেখি পাশে সেই ভদ্রলোক দাঁড়ানো যে কিনা একটু আগে সংশয়বাদীদের মধ্যে একজন ছিল।
পাঠকের মন্তব্য
এখনও কোনো মন্তব্য হয়নি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

