প্রশ্নোত্তরে জমি বন্টনের বিধান
সৈয়দপুরী, নীলফামারী ভূমিকা: ইসলামে জমি বন্টনের বিধান অত্যন্ত সুচারুরূপে বর্ণিত হয়েছে। কুরআনে এ বিষয়ে যত বিস্তারিত এসেছে অন্য কোন বিধান সম্পর্কে তা আসে নি। ইসলাম ওয়ারিস তথা উত্তরাধিকারীদেরকে তাদের প্রাপ্যসহ উল্লেখ করেছে।

বিসমিল্লাহির রাহমানির রাহিম
সৈয়দপুরী, নীলফামারী
ভূমিকা: ইসলামে জমি বন্টনের বিধান অত্যন্ত সুচারুরূপে বর্ণিত হয়েছে। কুরআনে এ বিষয়ে যত বিস্তারিত এসেছে অন্য কোন বিধান সম্পর্কে তা আসে নি। ইসলাম ওয়ারিস তথা উত্তরাধিকারীদেরকে তাদের প্রাপ্যসহ উল্লেখ করেছে। ইসলাম নারী-পুরুষ উভয়কে সম্পত্তির ভাগ প্রদান করেছে। নারীদের ক্ষেত্রে যে বৈষম্য দেখা যায় সেটিও ইসলাম নিষিদ্ধ করেছে এবং তাদের জন্যও একাধিক বিধান প্রবর্তন করেছে। এ সবই আল্লাহ্র পক্ষ থেকে আসা নেয়ামত।
উত্তরাধিকারী পুরুষগণ নিম্নরূপ-
১. পুত্র ২. নাতী (ছেলের পুত্র) ৩. পিতা ৪. দাদা ৫. সহোদর ভাই ৬. বৈমাত্রেয় ভাই, তথা পিতা একই কিন্তু মা ভিন্ন ৭. বৈপিত্রেয় ভাই, তথা একই মা ও ভিন্ন বাবার সন্তান ৮. ভাতিজা ও ভাতিজার ছেলে ৯. বৈমাত্রেয় ভাতিজা ও তার ছেলে ১০. আপন চাচা ১১. বৈমাত্রেয় চাচা ১২. আপন চাচাতো ভাই ১৩. আপন চাচাতো ভাইপো ও তার ছেলে ১৪. স্বামী ১৫. দাস মুক্তিদাতা
নারীদের মধ্যে যারা রয়েছেন তারা নিম্নরূপ-
১. কন্যা ২. নাতনী (ছেলের মেয়ে) ৩. মা ৪. নানী ৫. স্ত্রী। ৬. দাদী ৭. সহোদর বোন ৮. বৈমাত্রেয়ী বোন। ৯. বৈপিত্রেয়ী বোন ১০. দাস/দাসী মুক্তিদাত্রী ইত্যাদি।
কতিপয় যঈফ হাদীসের তাহকীক: জমি-জমা বন্টন তথা ফারায়েয সম্পর্কে কয়েকটি প্রসিদ্ধ যঈফ হাদীস নিম্নরূপ-
হাদীস-১: تَعَلَّمُوا الْفَرَائِضَ فَإِنَّهَا مِنْ دِينِكُمْ - ওমর (রা) বলেছেন, ‘তোমরা ফারায়েয শিখো। কেননা এটি তোমাদের দীনের অংশ’ (মুসান্নাফ ইবনু আবী শায়বাহ হা/৩১০৩৪; আত-তাহকীকাতুল মারযিইয়াত পৃ. ১৫)।
তাহকীক: এটি দুটি কারণে যঈফ। প্রথমত: আমাশ রহিমাহুল্লাহ তাদলীস করেছেন (ইবনু হাজার, তাবাকাতুল মুদাল্লিসীন, রাবী নং ৫৫)। দ্বিতীয়ত: ইবরাহীম নাখাঈ রহিমাহুল্লাহ ওমর রাযিআল্লাহু আনহুকে পান নি। সুতরাং, বর্ণনাটি মুনকাতি তথা সূত্র বিচ্ছিন্ন।
হাদীস-২: আবূ হুরায়রা (রা) হতে বর্ণিত। রাসূল (সা) বলেন, تَعَلَّمُوا الْفَرَائِضَ وَعَلِّمُوهَا، فَإِنَّهُ نِصْفُ الْعِلْمِ - ‘তোমরা ফারায়েয শিখো ও শিখাও। কেননা এটা ইলমের অর্ধেক’ (ইবনু মাজাহ হা/২৭১৯; আত-তাহকীকাতুল মারযিয়াত পৃ. ১৩)।
তাহকীকঃ যঈফ হাদীস। অত্র হাদীসের রাবী হাফসের কারণে একে যঈফ বলা হয়েছে। আলবানী (রহ) এবং আলী যাঈ (রহ) হাদীসটিকে যঈফ বলেছেন (ইরওয়াউল গলীল হা/১৬৬৪; তাহকীক ইবনু মাজাহ হা/২৭১৯-এর তাহকীক দ্র.)। ইমাম বায়হাকী (রহ) হাফসকে ‘শক্তিশালী রাবী নন’ বলেছেন (আস-সুনানুল কুবরা হা/১২১৭৫)। হাফেয যাহাবীও এ হাদীসকে যঈফ বলেছেন (তালখীসুল মুসতাদরাক হা/৭৯৪৯)।
হাদীস-৩ঃ আবদুল্লাহ বিন আমর (রা) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘ইলম তিন প্রকার। এর বাইরে যা আছে তা অতিরিক্ত। (তিনটি ইলম হল) (১) আয়াতে মুহকামাতের জ্ঞান। (২) সুন্নাতে কায়িমার জ্ঞান। (৩) ফারীযায়ে আদিলার জ্ঞান’।
তাহকীকঃ হাদীসটি সঊদী আরবের কিবার আলেম, উস্তাদ আল্লামা শায়েখ ফাওযান হাফিযাহুল্লাহ স্বীয় ‘আত-তাহকীকাতুল মারযিয়াত’ (পৃ. ১৩) গ্রন্থে উদ্ধৃত করে ফারায়েযের গুরুত্ব বুঝাতে চেয়েছেন। এটি আবূ দাঊদ (হা/২৮৮৫), ইবনু মাজাহ (হা/৫৪), তাবারানী (হা/৭২), হাকেম (আল-মুসতাদরাক হা/৭৯৪৯) এবং বায়হাকী (সুনানে কুবরা হা/১২১৭২) বর্ণনা করেছেন। হাদীসটি যঈফ। কেননা এ হাদীসের বর্ণনাকারী ‘তানূখী’ ও ‘ইবনু যিয়াদ আফরীকী’ উভয়ই যঈফ। যেমন-
(১) আলবানী (রহ) যঈফ বলেছেন (ইরওয়াউল গলীল হা/১৬৬৪; যঈফা হা/৩৯৪১; তামামুল মিন্নাহ পৃ. ৪; যঈফুল জামে হা/৩৮৭১)।
(২) আলী যাঈ (রহ) যঈফ বলেছেন (তাহকীক মিশকাত হা/২৩৯, ১/১১৩)।
(৩) ইবনু আব্দুল বার্র (রহ) আবূ ওমরের উদ্ধৃতিতে লিখেছেন, ‘এর সনদে দুজন রাবী আছেন যাদের দ্বারা দলীল পেশ করা যায় না’ (জামে বায়ানিল ইলম ওয়া ফাযলিহ হা/১৩৮৬)।
(৪) যাহাবী (রহ) যঈফ বলেছেন (তালখীসুল মুসতাদরাক হা/৭৯৪৯)।
(৫) আব্দুল কাদীর আরনাঊত (রহ) দুজনকেই যঈফ বলেছেন (তাহকীক জামেউল উসূল হা/৫৮৩৩)।
(৬) ইবনুল কাত্তান (রহ) এ দুজন রাবীকে সমালোচনা করেছেন (বায়ানুল ওয়াহমি ওয়াল-ঈহাম হা/৮৩৬)।
(৭) ইবনুল মুলাক্কিন (রহ) ‘আফরীকীর মধ্যে দুর্বলতা আছে’ বলেছেন (আল-বাদরুল মুনীর ৭/১৮৯)।
(৮) হাসান সানআনী এ দুজন রাবীর ব্যাপারে সমালোচনা আছে বলে অভিমত দিয়েছেন (ফাতহুল গফ্ফার হা/৪০৯৪)।
সারাংশঃ হাদীসটি যঈফ। অত্র দু’জন রাবীকে যঈফ প্রমাণ করার মত আরো অসংখ্য দলীল আছে। কলেবর বৃদ্ধির আশঙ্কায় এখানেই শেষ করছি।
প্রশ্ন ও উত্তরসমূহ
প্রশ্ন-১ঃ মৃত ব্যক্তির একজন স্ত্রী, দু কন্যা এবং একজন নাতী রয়েছে। মৃত ব্যক্তি যদি ওসিয়ত করে তাহলে কতটুকু অংশ এবং কাদের জন্য ওসিয়ত করতে পারবে? বিস্তারিত জানাবেন।
জবাবঃ ১. সন্তান থাকাকালীন স্ত্রী পাবে ৮ ভাগের ১ ভাগ (নিসা ৪/১২)। ২. দু বা ততোধিক কন্যা থাকলে তারা ৩ ভাগের ২ ভাগ পাবে (নিসা ৪/১১)। পুত্র থাকলে এ বিধান প্রযোজ্য নয়। ৩. অবশিষ্ট বেঁচে যাওয়া সম্পত্তি নাতী পাবে। ওসিয়ত কেবল ৩ ভাগের ১ ভাগ হবে। এর চেয়ে বেশী করা যাবে না (বুখারী হা/৬৭৩৩)।
প্রশ্ন-২: ছেলে জীবদ্দশায় বাবার জমি দেখাশোনা করতেন। বাবা মারা যাবার পর অন্যান্য উত্তরাধিকারীগণ জমি দাবী করলে তিনি বলেন, ‘আমাকে বাবা সব দিয়ে গিয়েছেন। তবে তিনি লিখিত দেন নি’। এক্ষণে এর বিধান কী হবে?
জবাবঃ জমি দেখাশোনা বাবদ বাবা সন্তানকে কিছু দিতে পারেন। তবে বাকী ওয়ারিসরা যেন মাহরূম না হন সেটাও দেখতে হবে। এক্ষণে তাকে জমির বাকী অংশটুকু ছেড়ে দিতে হবে যা তার ভাগের মধ্যে পড়ে না। যদি বাবা তাকে জমি দেখাশোনা বাবদ কিছু দিয়ে থাকে তাহলে সেটি ও তার ভাগের সম্পদ নিয়ে তাকে অবশিষ্ট সম্পদ ছেড়ে দিতে হবে। নতুবা তা তার জন্য হারাম হবে।
প্রশ্ন-৩ঃ আব্দুল্লাহ (ছদ্মনাম) নামের একজন ব্যক্তি যুবক বয়সে সামাজিক অবক্ষয়ে ডুবে ছিল। তার পিতা মাতা ছেলের অবস্থা বেগতিক দেখে তার মামার মধ্যমে সৌদি আরবে পাঠিয়ে দেয়। বাবা বিত্তশালী। ঢাকায় অনেক জায়গায় অসংখ্য বিল্ডিং আছে। যাহোক, এই ছেলে সৌদি আসার পরে সৌদি ইসলামিক দাওয়া সেন্টারের মাধ্যমে পরিবর্তন হয়। এক্ষণে তারা এক ভাই ও এক বোন। বাবা তার অধিকাংশ প্রপার্টি মেয়ের নামে (বাবা মৃত্যুর আগে) লিখে গেছেন। তার বোন এখন সম্পত্তির লোভে বলে এটা আমার বাবা আমার নামে লিখে দিয়েছে। অবশিষ্ট সম্পত্তিও বোন দখল নিতে চায়। এখন এর সমাধান কিভাবে হবে?
জবাবঃ এর সমাধান দুভাবে করা যাবে। এখানে দুটি মূলনীতি লক্ষণীয়।-
প্রথম মূলনীতিঃ যদি বাবা তার জীবদ্দশায় মেয়েকে সম্পত্তি লিখে থাকে তাহলে পূর্ণ সম্পত্তিকে দুভাগে ভাগ করে ভাই-বোনের মাঝে সমানভাবে বন্টন করতে হবে। আবার নতুন করে হিসেব-নিকেশ করে সমান ভাগ বের করতে হবে। কেননা জীবদ্দশায় সমানভাবে সম্পত্তি দান না করলে তা বাতিল করে পুণরায় বন্টনের কথা নবী (সা) বলেছেন। তিনি এ মর্মে আদেশ জারী করেছেন (বুখারী হা/২৫৮৬)। অতএব, বাবা যেভাবে ভাগ করে দিয়েছেন তা বাতিল করতে হবে। এবং পুণরায় বন্টনের মাধ্যমে সমতা জারী করতে হবে।
দ্বিতীয় মূলনীতিঃ যদি বাবা সম্পত্তি না লিখে থাকে তাহলে বাবার মৃত্যুর পর ছেলে দ্বিগুণ এবং মেয়ে একগুণ-এ মূলনীতিতে পুণরায় সমগ্র সম্পত্তি বন্টিত হতে হবে। যেহেতু প্রশ্ন দ্বারা প্রতীয়মান হচ্ছে যে, বাবা জীবদ্দশায় মেয়েকে অধিকাংশ সম্পত্তি লিখে দিয়েছেন। সেহেতু প্রথম মূলনীতির আলোকে ভাগ-বন্টন করতে হবে।
প্রশ্ন-৪ঃ মৃত ব্যক্তি একজন পুত্র ও ছয়জন কন্যা রেখে মারা গেছেন। তারা ব্যতীত মৃত ব্যক্তির আর কোন ওয়ারিস নেই। এক্ষণে কিভাবে জমি বন্টিত হবে? অনেকে মনে করেন কন্যা এখানে কোনরূপ ভাগ পাবে না। এমনটা বলা কি ঠিক?
জবাবঃ মৃত ব্যক্তির সম্পদকে ৮ ভাগে ভাগ করতে হবে। অতঃপর ছেলেকে দু ভাগ এবং অবশিষ্ট ৬ ভাগ মেয়েদেরকে দিয়ে দিতে হবে। কেননা ছেলের অর্ধেক মেয়েরা পায় (নিসা ৪/১১)।
প্রশ্ন-৫ঃ আমার বাবা মারা গেছেন। আমরা পরিবারে মা, দু ভাই এবং চার বোন জীবিত রয়েছি। এক্ষণে বাবার সম্পদ কিভাবে বন্টিত হবে?
জবাবঃ ১. মা সমুদয় সম্পদের ৮ ভাগের ১ ভাগ পাবেন। আল্লাহ বলেন, فَإِنْ كَانَ لَكُمْ وَلَدٌ فَلَهُنَّ الثُّمُنُ مِمَّا تَرَكْتُمْ ‘যদি তোমাদের সন্তান থাকে, তাহলে তাদের (স্ত্রীদের) জন্য রয়েছে অষ্টমাংশ। যা তোমরা রেখে গিয়েছো তা থেকে’ (নিসা ৪/১২)।
২. অতঃপর বাকি সম্পদকে এমনভাবে ভাগ করতে হবে যেন ছেলেরা যা পাবে মেয়েরা তার অর্ধেক পায়। কেননা বাবা মারা যাবার পর দুজন কন্যা যে পরিমাণ সম্পদ পাবে একজন পুত্রও সে পরিমাণ সম্পদ পাবে (নিসা ৪/১১)।
উদাহরণস্বরূপ- পুরো সম্পদকে ৬৪ ভাগ করুন। এরপর ৬৪ ভাগের মধ্য হতে ৮ ভাগ মাকে প্রদান করুন। অতঃপর ১৪+১৪ (মোট ২৮ ভাগ) দু ছেলেকে প্রদান করুন। এরপর ৭+৭+৭+৭ (মোট ২৮) ভাগ চার বোনকে দিন।
সারকথাঃ ৬৪ ভাগের মধ্য হতে ৮ ভাগ স্ত্রী পাবে। ২ ছেলে ১৪ ভাগ করে মোট ২৮ ভাগ পাবে। চার মেয়ে (তথা প্রশ্নকারীর ৪ বোন) ৭ ভাগ করে মোট ২৮ ভাগ পাবে।
বিশেষ দ্রষ্টব্য-১ঃ সম্পত্তি মূল্যমানের দৃষ্টিকোণ থেকে বন্টিত হবে। আকার-আকৃতির দৃষ্টিকোণ হতে নয়। অর্থাৎ, মূলের দিকে থেকে সমতা বিধান করতে হবে। উদাহরণস্বরূপ- বাজারের এক শতক জমির দাম ৫ লাখ টাকা। অন্যদিকে গ্রামের ভিতরে থাকা জমির দাম শতকপ্রতি ৫০ হাজার টাকা। এখন বাজারের ১ শতক আর গ্রামের ১ শতকের মূল্যমান যেহেতু সমান নয় সেহেতু কোন ব্যক্তি স্বীয় দুই ছেলেকে ১ শতক করে জমি প্রদান করলে তা বাতিল হবে। বরং মোট সম্পত্তির মূল্য আসছে ৫ লাখ ৫০ হাজার টাকা। এমনভাবে জমি ভাগ করতে হবে যেন গড়ে সমান মূল্যমানের সম্পত্তি দুজনের ভাগে পড়ে। এখানে জমির আকার-আকৃতি দেখে (তথা দুজনকে ১ শতক করে দিয়ে) সমতা জারী করা যাবে না।
বিশেষ দ্রষ্টব্য-২ঃ বাবা জীবিত থাকাকালীন সম্পদ বন্টিত হলে ছেলে-মেয়ে উভয়ে সমান পাবে। এক্ষেত্রে ছেলের অর্ধেক মেয়েকে দেয়া যাবে না।
প্রশ্ন-৫ঃ আমার বাবা মারা যাবার সময় সামান্য কিছু আবাদী জমি রেখে যান। এক্ষণে আমরা দু ভাই, দু বোন ও মাতা জীবিত। এক্ষেত্রে জমি বন্টিত হবে কিভাবে? উপরন্তু আমার ১ বোন বাবার জীবদ্দশায় মারা যান। তাকেও কি এ বন্টনে শামিল করতে হবে?
জবাবঃ ১. মা সমুদয় সম্পদের ৮ ভাগের ১ ভাগ পাবেন। আল্লাহ বলেন, فَإِنْ كَانَ لَكُمْ وَلَدٌ فَلَهُنَّ الثُّمُنُ مِمَّا تَرَكْتُمْ ‘যদি তোমাদের সন্তান থাকে, তাহলে তাদের (স্ত্রীদের) জন্য রয়েছে অষ্টমাংশ। যা তোমরা রেখে গিয়েছো তা থেকে’ (নিসা ৪/১২)।
২. অতঃপর বাকি সম্পদকে এমনভাবে ভাগ করতে হবে যেন ছেলেরা যা পাবে মেয়েরা তার অর্ধেক পায়। কেননা বাবা মারা যাবার পর ছেলেদের অর্ধেক মেয়েরা পায় (নিসা ৪/১১)।
উদাহরণস্বরূপ- পুরো সম্পদকে ৪৮ ভাগ করুন। এরপর ৪৮ ভাগের মধ্য হতে ৬ ভাগ মাকে প্রদান করুন। অতঃপর ১৪+১৪ (মোট ২৮ ভাগ) দু ছেলেকে প্রদান করুন। এরপর ৭+৭ (মোট ১৪) ভাগ ২ বোনকে দিন। আর যে বোনটি মারা গেছেন তিনি কোন সম্পদের ভাগীদার হবেন না। তার ছেলে-মেয়ে থাকলেও সম্পত্তি পাবে না। কেননা সন্তান জীবিত থাকাকালীন নাতী-নাতনীরা সম্পত্তি ওয়ারিস হিসেবে পায় না।
সারকথাঃ ৪৮ ভাগের মধ্য হতে ৮ ভাগ স্ত্রী (প্রশ্নকারীর মা) পাবে। ২ ছেলে ১৪ ভাগ করে মোট ২৮ ভাগ পাবে। আর ২ মেয়ে (তথা প্রশ্নকারীর ২ বোন) ৭ ভাগ করে মোট ১৪ ভাগ পাবে।
প্রশ্ন-৬ঃ এক নারী মারা যাওয়ার সময় দুজন পুত্র এবং চারজন কন্যা ছেড়ে যান। উক্ত নারী কিছু টাকা তার এক জামাইয়ের কাছে রেখেছিলেন। এক্ষণে এক পুত্র ও দু কন্যা চান যে, এ টাকা মসজিদ কিংবা মাদরাসায় দান করা হোক। কিন্তু অপর পুত্র ও কন্যার এ বিষয়ে কোন কিছু জানা নেই। এছাড়াও অপর পুত্রের কাছে এর চাইতেও অধিক পরিমান টাকা রয়েছে যা বাবা তাকে সংরক্ষণের জন্য দিয়েছিলেন। কিন্তু বাবার মৃত্যুর পর সেই পুত্র অত্র টাকা কাউকে দিতে রাজী নয়। উপর্যুক্ত উত্তরাধিকারীগণ ব্যতীত মৃত বাবার প্রথম পক্ষের একজন সৎ ছেলেও রয়েছে। এ ব্যপারে শরীয়তের বিধান কী?
জবাবঃ প্রশ্নের আলোকে প্রতীয়মান হল, সৎ ভাই সহ মোট তিন ভাই ও চার বোন রয়েছে।
প্রথমতঃ জামাইয়ের কাছে থাকা যাবতীয় টাকা/সম্পত্তি ফেরত দিতে হবে। এখানে জামাইয়ের কোন হক নেই। তার উচিত হবে, তার কাছে থাকা টাকা/সম্পদ ভাই-বোনদের হাতে তুলে দেয়া। কেননা জামাই এখানে ওয়ারিস তথা উত্তরাধিকারী নয়। অতএব তার কোন অধিকারও নেই সম্পদ নিজের হাতে রাখা।
দ্বিতীয়তঃ ভাই-বোন তথা মৃতার সন্তানেরা যদি একমত হয়ে সম্পত্তি হতে কিছু অংশ মায়ের নামে দান-খয়রাত করতে চায় তাহলে করতে পারবে। সম্পত্তি বন্টনের আগেও তারা দান করতে পারবে। অর্থাৎ, সম্পদ হতে কিছু দান করার পর বাকী সম্পদ বন্টন করে স্ব স্ব প্রাপ্য বুঝে নিবে। কিংবা সম্পত্তি মালিকানায় নেবার পর প্রত্যেকে নিজের প্রাপ্ত সম্পত্তি হতেও দান করতে পারবে। এটা তাদের ইখতিয়ারে থাকবে।
তৃতীয়তঃ জামাইয়ের কাছে থাকা সমুদয় টাকা/সম্পত্তি ৮ ভাগ করে ছেলেকে ২+২=৪ ভাগ এবং মেয়েদেরকে ১+১+১+১=৪ ভাগ প্রদান করতে হবে। আর যে জানে না তাকে আগেই জানিয়ে দিতে। সবার কাছে বিষয়টি অভিহিত করার পরই সম্পত্তি হস্তান্তর ও বন্টন হবে। তার আগে কোনভাবেই বন্টনে অগ্রসর হওয়া যাবে না।
এভাবে প্রথমে মায়ের সম্পত্তি বন্টনের পর বাবার রেখে যাওয়া সম্পত্তি ভাগ করতে হবে। বাবার রেখে যাওয়া সম্পত্তিকে ১০ ভাগে ভাগ করতে হবে। অতঃপর তিন ছেলেকে (প্রশ্নকারীর সৎ ভাইসহ) ২+২+২=৬ ভাগ এবং বাকী সম্পদ ৪ বোনকে ১+১+১+১=৪ প্রদান করতে হবে।
প্রশ্ন-৭ঃ এক ব্যক্তির একজন স্ত্রী, তিন পুত্র ও এক কন্যা রয়েছে। সেই ব্যক্তি জীবিত অবস্থায় জমি বন্টন করতে চান। তিনি কি জমি বন্টন করতে পারবেন?
জবাবঃ জি। জীবিত থাকাবস্থায় স্বীয় সমুদয় সম্পদ বন্টন করতে পারবে। তবে এটি ফরয নয়। বরং ঐচ্ছিক। তবে এভাবে দান করার পূর্বে নিম্নোক্ত বিষয়গুলি ভালভাবে বিবেচনা করতে হবে। যেমন-
১. সম্পদ বন্টনের পর সেই ব্যক্তির নতুন সন্তান জন্মাতে পারে। যদি নতুন সন্তান আসে তাহলে তার জন্য সম্পত্তি কিভাবে দিবে বা দেবার কোন উপায় থাকবে কি না তা অবশ্যই ভাবতে হবে।
২. সম্পদ দিয়ে দেবার পর সেই বাবা বিপদেও পড়তে পারেন। সন্তানেরা যদি তাকওয়াবান না হয় তাহলে তারা সম্পদ পাবার পর নিজের মা-বাবাকে রাস্তায় ছুড়ে ফেলতেও দিধা করবে না। যেমনটা অহরহ হচ্ছে।
এছাড়াও আরো নানাবিধ সমস্যা হতে পারে। যা সম্পদ প্রদানের পূর্বেই ভালভাবে অনুধাবন করতে হবে।
প্রশ্ন-৮ঃ মৃত ব্যক্তির একজন স্ত্রী, তিন পুত্র ও এক কন্যা রয়েছে। এক্ষণে এর বিধান কিরূপ হবে?
জবাবঃ ১. স্ত্রী পাবেন ৮ ভাগের ১ ভাগ।
২. কন্যার তুলনায় পুত্র দ্বিগুণ আকারে পাবে। যা পূর্বে আলোচিত হয়েছে। উদাহরণস্বরূপ- সমুদয় সম্পদকে ৮টি ভাগে ভাগ করুন। স্ত্রীকে ১ ভাগ, ৩ পুত্রকে (২+২+২) ৬ ভাগ এবং কন্যাকে ১ ভাগ প্রদান করুন।
প্রশ্ন-৯ঃ মৃত মহিলার স্বামী, তিন পুত্র ও এক কন্যা রয়েছে। এক্ষণে এর বিধান কিরূপ হবে?
জবাবঃ স্ত্রী মারা গেলে তার স্বামী সমুদয় সম্পদের মধ্য হতে দুভাবে ভাগ পায়।
১. স্ত্রী যদি নিঃসন্তান অবস্থায় মারা যান তাহলে স্বামী স্ত্রীর সমুদয় সম্পদ হতে দুভাগের ১ ভাগ পাবেন (নিসা ৪/১২)।
২. আর যদি স্ত্রী সন্তান রেখে মারা যান তাহলে স্বামী সমুদয় সম্পদ হতে ৪ ভাগের ১ ভাগের মালিক হবেন (নিসা ৪/১২)।
যেহেতু স্ত্রী সন্তান রেখে মারা গিয়েছেন সেহেতু স্বামী পাবেন ৪ ভাগের ১ ভাগ। আর সন্তানেরা পিতার সম্পত্তি হতে যেভাবে ভাগীদার হবেন এক্ষেত্রে অনুরূপভাবেই ভাগী হবেন। অর্থাৎ ‘ছেলে কন্যার তুলনায় দ্বিগুণ’-মূলনীতির আলোকে সম্পত্তি বন্টিত হবে।
উদাহরণস্বরূপ- সমুদয় সম্পদকে ২৮ ভাগে ভাগ করুন। অতঃপর স্বামীকে ৭ ভাগ, তিন ছেলেকে ৬+৬+৬=১৮ ভাগ এবং কন্যাকে ৩ ভাগ প্রদান করুন। মোট ২৮ ভাগ হল। আর এটাই হল সঠিক পদ্ধতি।
প্রশ্ন-১০ঃ মৃত ব্যক্তি চারজন সন্তান রেখে মারা গেছেন। দুজন পুত্র ও দুজন কন্যা। কিন্তু মৃত ব্যক্তির জীবদ্দশায় তার একজন কন্যা মারা যান। এক্ষণে মৃত কন্যার দুজন সন্তান ও দুজন কন্যা জীবিত রয়েছে। তারা কি সম্পত্তির ভাগ পাবে?
জবাবঃ মূলনীতি হল, নিকটবর্তী ওয়ারিস থাকলে দূরবর্তী ওয়ারিসগণ মাহরূম হবে। অর্থাৎ ছেলে থাকলে ছেলের পুত্র/কন্যা (নাতী-নাতনী) ভাগ পাবে না। অনুরূপভাবে মেয়ে থাকলে মেয়ের ছেলে/কন্যা (নাতী-নাতনী) কোনরূপ ভাগ পাবে না ওয়ারিস হিসেবে। আলোচ্য প্রশ্নে উল্লিখিত দুজন পুত্র ও দুজন কন্যাই কেবল সম্পত্তির ভাগ পাবে। মৃত কন্যা ও সেই কন্যার ছেলে-মেয়েরা কোন ভাগ পাবে না। তবে মৃত ব্যক্তি যদি কোন ওসিয়ত করে যান তাহলে ওসিয়ত অনুসারে মৃত কন্যার সন্তানদেরকে সম্পত্তি হতে ভাগ দিতে হবে। এক্ষেত্রে সমস্ত সম্পত্তিকে তিনভাগ করে তন্মধ্যে সর্বোচ্চ ১ ভাগ ওসিয়ত হিসেবে দিতে হবে (বুখারী হা/২৭৪২)। এর বেশী দেওয়া যাবে না। উল্লেখ্য, মৃত কন্যার নামে কোন ওসিয়ত থাকলেও তা বাস্তবায়ন করা যাবে না। কেননা ওয়ারিসদের নামে ওসিয়ত করা যাবে না (আবূ দাঊদ হা/২৮৭০, হাদীস সহীহ)। নাতী-নাতনী ওয়ারিস হিসেবে থাকলেও এখানে তারা ওয়ারিস হিসেবে গণ্য হচ্ছে না। কেননা নিকটবর্তী ওয়ারিস থাকার কারণে তাদের উত্তরাধিকারীত্ব এখানে প্রযোজ্য নয়। অতএব, হাদীসের ভাষ্যানুসারে তারা যেহেতু এখানে ওয়ারিস নয় সেহেতু তাদেরকে ওসিয়ত করে কিছু দেয়া যাবে। সেটাও তিন ভাগের ১ ভাগের বেশী নয়।
আর যদি মৃত ব্যক্তি কোন ওসিয়ত না করে থাকে তাহলে উচিৎ হবে, নিজেদের সম্পত্তি নিজেদের দখলে নেবার পর সেখান থেকে মৃতার সন্তানদেরকে সাহায্য করা। কেননা বান্দাকে সাহায্য করলে আল্লাহও সাহায্যকারীকে সাহায্য করেন (মুসলিম হা/২৬৯৯)। চলবে…
পাঠকের মন্তব্য
এখনও কোনো মন্তব্য হয়নি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

