প্রশান্তি
আমরা মানুষ; আল্লাহর সর্বশ্রেষ্ঠ সৃষ্টি। আমরা অন্যান্য প্রাণীর তুলনায় শ্রেষ্ঠ কারণ আল্লাহ্ আমাদের বিবেক বুদ্ধি দেয়ার পাশাপাশি চিন্তা ও সিন্ধান্ত গ্রহণের স্বাধীনতা দিয়েছেন। অন্য সকল জীব আল্লাহ্কেই মানতে বাধ্য; তারা আল্লা

বিসমিল্লাহির রাহমানির রাহিম
আমরা মানুষ; আল্লাহর সর্বশ্রেষ্ঠ সৃষ্টি। আমরা অন্যান্য প্রাণীর তুলনায় শ্রেষ্ঠ কারণ আল্লাহ্ আমাদের বিবেক বুদ্ধি দেয়ার পাশাপাশি চিন্তা ও সিন্ধান্ত গ্রহণের স্বাধীনতা দিয়েছেন। অন্য সকল জীব আল্লাহ্কেই মানতে বাধ্য; তারা আল্লাহর একমাত্র অনুসারী। অন্যদিকে মনুষ্যজাতিকে আল্লাহ স্বাধীনতা দিয়েছেন বিবেক বুদ্ধি দ্বারা বিবেচনা সাপেক্ষে তাঁকে মেনে চলার অথবা তাঁকে অমান্য করার।
আল্লাহ তাঁর এই সর্বশ্রেষ্ঠ সৃষ্টি কে তৈরি করেছেন ইবাদতের জন্য। কিন্তু এই ইবাদত দ্বারা মানুষ মুলত নিজেদেরই কল্যাণ সাধন করে । যেকোন খারাপ কাজ অথবা হারাম দ্রব্য থেকে বিরত থাকার দ্বারা যে শুধু আল্লাহর ইবাদতই হয় না বরং ব্যক্তি এর দ্বারা নিজেই নিজের সুন্দর ও সুস্থ জীবন নিশ্চিত করে থাকে। আল্লাহ তায়ালা মহান, মহাজ্ঞানী; তিনি সকল অভাব মুক্ত। আমরা ইবাদত ও তাঁর প্রশংসা না করলেও তিনি মহান থাকবেন। কিন্তু মানবজাতির উপকার এর উদ্দেশ্যে আল্লাহ তাঁর কালাম আল-কুরআনে তাদেরকে একমাত্র তাঁরই ইবাদত এর নির্দেশনা দিয়েছেন । আর ইবাদতের পূর্বশর্ত হল ইমান। প্রকৃতপক্ষে ইমানের স্বরূপ কী? কেমন হওয়া উচিত আল্লাহ(মা’বুদ) ও তাঁর বান্দার সম্পর্ক!!
বস্তুত, মানুষ প্রতিটি ক্ষুদ্রাতিক্ষুদ্র জিনিসের জন্য আল্লাহর মুখাপেক্ষী। বেঁচে থাকার ও সুন্দর জীবনযাপনের সকল উপাদান মহান আল্লাহ্ অবিরত নেয়ামত রূপে দান করছেন, যেগুলো ছাড়া আমাদের অস্তিত্ব কল্পনা করাও অসম্ভব। আপনি যদি কাউকে আশ্রয় দেন ও তার সব অভাব পূরণ করেন; কিন্তু সেই মানুষ যদি আপনার সাথে প্রতারণা করে, অথবা আপনার অবাধ্য হয়, তাহলে আপনার কেমন অনুভূতি হবে! তাহলে ভাবুন, আল্লাহ আমাদের সীমাহীন নেয়ামত দিয়েছেন, আমাদের জীবনের মালিক তিনি অথচ আমরা তাঁর দেয়া বিধান অনুসারে জীবন পরিচালিত করি না; প্রায়শই তাঁর আদেশ অমান্য করি। দুনিয়ার মায়ামোহ , চাকচিক্য বা দুনিয়াবি ব্যস্ততার কারণে আমরা আল্লাহকে স্মরণ করার অবকাশও পাইনা। এই অকৃতজ্ঞতার শাস্তিস্বরূপ আল্লাহ চাইলেই এক সেকেন্ডেরও কম সময়ে আমাদের খাদ্য, বাসস্থান তথা সবকিছু কেড়ে নিয়ে আমাদের ধ্বংস করে দিতে পারেন। কিন্তু তিনি তা করেন না; কারণ তিনি অতি ক্ষমাশীল, পরম দয়ালু। প্রকৃতপক্ষে, আল্লাহ ও তাঁর বান্দার মধ্যকার সম্পর্ক আরো বৃহৎ ও সম্প্রসারিত ।
ইসলামে ইমান ও আক্বাইদের গুরুত্ব অত্যাধিক কারণ এই ইমানের মাধ্যমেই আল্লাহর সাথে বান্দার সম্পর্কের ভিত্তি তৈরি হয় । আল্লাহকে এক ও অদ্বিতীয় হিসেবে মনে প্রাণে বিশ্বাস করাই ইমান; এটাই মূলকথা । কিন্তু এখানেই শেষ নয় । আল্লাহর সকল গুণাবলিকে অন্তর থেকে শতভাগ বিশ্বাস করা ও সে অনুযায়ী আমল করাও ইমানের গুরুত্বপূর্ণ অংশ ।
কিন্তু এই বিশ্বাস কোনো সাধারণ বিশ্বাস নয়; এটা সেই অনন্য বিশ্বাস যেখানে বিন্দুমাত্র খাঁদ নেই। আল্লাহর প্রতি চূড়ান্ত বিশ্বাস সেটাই যেটার মূল অন্তর থেকে উৎসারিত। এটা সেই ইমান যাকে পৃথিবীর কোনো শক্তি দুর্বল করতে পারে না; বান্দাকে সেইসব চাকচিক্য আকর্ষণ করতে পারে না যা আল্লাহর ইচ্ছার বহির্ভূত। আমরা সাধারণ মানুষরা ইমান এর বিষয়টি কে খুব গুরুত্ব না দিয়েই অন্যান্য ইবাদতে অধিক মনোযোগী।
কিন্তু ইমানের বিষয়টিতে দুর্বলতা থাকলে আমাদের তাকওয়া দুর্বল হয়ে যাওয়ার সমূহ সম্ভাবনা থাকে। ফলে আমাদের প্রাত্যহিক জীবনের বিভিন্ন কাজ, বিষয় এমনকি ব্যক্তিত্বও আল্লাহ তায়ালার প্রদত্ত বিধানের বাইরের ও শরিয়ত অননুমোদিত বিষয়বস্তু দ্বারা প্রভাবিত হয়। এভাবে অজান্তেই ছোট বড় অসংখ্য গুনাহ হয়ে যাওয়ার সম্ভাবনা সৃষ্টি হয়। তাই পরিপূর্ণ ও পূর্ণাঙ্গ ইমান অর্জন করা একান্ত জরুরি ।
কিন্তু যেখানে শয়তানের ধোঁকা সর্বত্র ও সর্বদা বিরাজমান, সেখানে এই একনিষ্ঠ ইমান অর্জন করা মোটেও সহজসাধ্য বিষয় নয়। শয়তান আপনাকে এমনভাবে ধোঁকা দিতে পারে যে আপনি অজান্তেই মহান আল্লাহ তায়ালার নৈকট্য থেকে দূরে সরে যেতে পারেন; কিন্তু স্মরণে রাখুন, আল্লাহ সর্বশক্তিমান; মহা পরাক্রমশালী। আপনি অন্তরের গভীর থেকে আল্লাহর কাছে প্রার্থনা করুন। মহান আল্লাহই আপনাকে শয়তান থেকে হেফাজত করবেন; তিনিই আপনাকে ইসলামের পথে চলতে সহায়তা করবেন।
আল্লাহ তায়ালা ও তাঁর বান্দার সম্পর্ক আরও স্পষ্ট হয়ে উঠে যখন বান্দা নিখাঁদ বিশ্বাস থেকে হালাল ও শরিয়তসম্মত কিছু প্রার্থনা করে এবং আল্লাহ বান্দাকে প্রদান করেন। শুধুমাত্র এই একনিষ্ঠ ইমানের জোরে বান্দা আল্লাহর সীমাহীন রহমত লাভ করে থাকে। আঁধার জীবনে যেখানে আলো আসার সকল রাস্তা কঠোরভাবে বন্ধ, সেখানে আল্লাহ এমনভাবে দিশা প্রদান করেন যা বান্দার চিন্তাধারার বাহিরের বিষয়। আর আপনি যদি আল্লাহর নিকট হতে কাঙ্ক্ষিত জিনিসটি লাভ না করেন, তবে হতাশ হবেন না; জেনে রাখুন, আল্লাহই সর্বশ্রেষ্ঠ পরিকল্পনাকারী।
আপনি যদি সীমাহীন গুনাহর কাজ করে থাকেন ও ভুল বুঝতে পারার পর যদি ভাবেন- আমি তো পাপী, গুনাহগার, আল্লাহ মা'বুদ কি ক্ষমা করবেন আমায়! তবে জেনে রাখুন এটাও আপনার বিশ্বাসে ঘাটতির ফসল । কারণ আল্লাহর ক্ষমার বিশালতা এত বেশি যে আপনি তা কল্পনাও করতে পারবেন না। আপনি মন থেকে অনুতপ্ত হয়ে ক্ষমা প্রার্থনা করলে, খাঁটি মনে তাওবা করলে আল্লাহ আপনার সকল গুনাহ মাফ করে দিবেন। আপনি যিদি আল্লাহর পথে ১ ধাপ এগিয়ে যান, তবে আল্লাহ আপনার দিকে ১০ধাপ এগিয়ে আসবেন।
দুঃখ কষ্ট ও কঠিন সময়ে মহান আল্লাহর প্রতি বিশ্বাস কখনই হারাবেন না। আল্লাহ এসবের দ্বারা বান্দাকে পরীক্ষা করে থাকেন। দুঃখ কষ্টের দ্বারা মহান আল্লাহ বান্দার অনেক পাপও ক্ষমা করে দেন। চরম কষ্টের দিনেও আপনি ধৈর্যসহকারে আল্লাহর উপর অগাধ বিশ্বাস স্থাপন করলে ও শুভ দিনের জন্য সবর করলে আল্লাহও অবশ্যই আপনার ডাকে সাড়া দিবেন । আল্লাহর অফুরন্ত কুদরত লাভ করবেন আপনি। মূলত বিচিত্র মানবজীবনে প্রত্যেক বিষয়ের অন্তর্নিহিত তাৎপর্য রয়েছে। তাই কঠিন সময়ের অন্তরালে কী গূঢ়তত্ত্ব রয়েছে তা সর্বোত্তম পরিকল্পনাকারী আল্লাহই ভালো জানেন।
আল্লাহর সাথে আত্মিক সম্পর্ক স্থাপন অত্যন্ত জরুরি। এর জন্য প্রয়োজন বিশুদ্ধভাবে মুক্তচিন্তার চর্চা। মহান আল্লাহ এঁর নিমিত্তে ও তাঁর নিয়ামতের কথা চিন্তা করা। আল্লাহ মানবজাতিকে সর্বোচ্চ মর্যাদা দিয়েছেন; এর অন্যতম কারণ মানুষ তার মস্তিষ্কের দ্বারা, তার চিন্তার দ্বারা ঠিক-ভুলের সূক্ষ্ম বিচার ও তার করণীয় বিষয়গুলো ঠিক করতে পারে। সে তার বুদ্ধিমত্তা দ্বারা আল্লাহর বাণী আল কুরআন ও মহানবি (স) এর হাদিস থেকে স্বয়ং জ্ঞান আহরণ করতে পারে।
ইসলামের পথে ইহকালীন ও পরকালীন সুন্দর ও সফল জীবনের জন্য আল্লাহ্ আমাদের জন্য নির্দেশনা দিয়েছেন; দিয়েছেন আল কুরআন। প্রত্যেক মুমিনের জন্য কুরআনের জ্ঞান অর্জন করা আবশ্যক। বিভিন্ন ওয়াজ বা আলেম-এলেমদের বক্তব্য আত্মস্থ করার পূর্বে আল্লাহর সরাসরি দেয়া জ্ঞানভাণ্ডার কুরআন ও হাদিসের পরিপূর্ণ জ্ঞান লাভ করুন । বুদ্ধিমত্তার দ্বারা সেইসব জ্ঞান চর্চা ও তার উপর আমল করুন।
আল কুরআন আমাদের পূর্ণাঙ্গ জীবনবিধান। এখন প্রশ্ন উঠতে পারে পরিবর্তনশীল জীবনে এটি পরিপূর্ণ জীবনবিধান কিভাবে? আল্লাহ তায়ালা শ্রেষ্ঠ জীবের জন্য বিধানের সারমর্ম কুরআনেই দিয়েছেন। মানবজাতির অবশ্য কর্তব্য হলো চিন্তাশক্তি প্রয়োগ করে আল্লাহর বাণীসমূহের অন্তর্নিহিত অর্থ অনুধাবন করা । একমাত্র কুরআন ও হাদিস দ্বারাই সত্যকে জানা সম্ভব।
আল্লাহ তায়ালার সাথে বান্দার সম্পর্ক অত্যন্ত গভীর। এই সম্পর্ক তৈরিও সাধনার বিষয়। আপনি এই সাধনায় উদ্যোগী হলে আল্লাহ স্বয়ং আপনাকে সাহায্য করবেন । আল্লাহ তায়ালার জন্য নিজেদের জীবনকে সম্পূর্ণরূপে উৎসর্গ করুন। কখনো অশ্রুসহকারে রাত্রিযাপন করুন শুধুমাত্র আল্লাহর জন্য; কোনোকিছু প্রাপ্তির আশায় নয়। অন্তর থেকে উৎসারিত এই ইমানক আপনাকে যে প্রশান্তি প্রদান করবে, তা অতুলনীয়।
পাঠকের মন্তব্য
এখনও কোনো মন্তব্য হয়নি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

