প্রকৃত প্রেমিক
সদর হাসপাতাল কোয়ার্টার, দিনাজপুর "আচ্ছা বলো তো, তুমি আমায় কতটা ভালোবাসো?" উজ্জ্বলদীপ্ত চোখে প্রেমিকার হাতে হাত রেখে প্রশ্ন করে ফিমুন (নায়ক)। একটা সুন্দর হাসি দিয়ে মৌমনি (নায়িকা) উত্তর দেয়, "এতোদিনেও বুঝলে না! তুমি নিজেকে

বিসমিল্লাহির রাহমানির রাহিম
সদর হাসপাতাল কোয়ার্টার, দিনাজপুর
"আচ্ছা বলো তো, তুমি আমায় কতটা ভালোবাসো?" উজ্জ্বলদীপ্ত চোখে প্রেমিকার হাতে হাত রেখে প্রশ্ন করে ফিমুন (নায়ক)।
একটা সুন্দর হাসি দিয়ে মৌমনি (নায়িকা) উত্তর দেয়, "এতোদিনেও বুঝলে না! তুমি নিজেকে যতটা ভালোবাসো আমি তার থেকেও বেশি তোমাকে ভালোবাসি! পাগল একটা!"
ফিমুন নিজেকে ভাগ্যবান মনে করে এমন একটা কেয়ারিং লাভার পাবার জন্য। সে মনে মনে আল্লাহ কে ধন্যবাদ জানায় তার কপালে এমন কাউকে রাখার জন্য। যেদিন তাদের মধ্যে এই কথা গুলো হচ্ছিলো সেদিনটি ছিলো তাদের রিলেশনশিপের এক বছর পূর্তি।
ফিমুন এবং মৌমনির ব্যাপারে কিছু বলা যাক। তারা এবার অনার্স ২য় বর্ষের শিক্ষার্থী। দুজনেই মোটামুটি ভালো স্টুডেন্ট। তাদের পরিচয় কলেজেই। খুব অল্প সময়ের মধ্যেই ভাব জমে যায় ফিমুন এবং মৌমনির। তাদের সখ্যতা ভালোবাসায় পরিণত হতে বেশি সময় না লাগলেও মাঝে মাঝে খুব তুচ্ছ বিষয়ে মতবিরোধ দেখা যায় তাদের। তবে যতই মতবিরোধ থাক না কেনো, কোনো কিছু তাদের ভালোবাসায় ছেদ ঘটাতে পারে না। এইতো কিছুদিন আগের কথা, কলেজ যাওয়ার পথে দুজনের দেখা হয়ে যায়। তারা ক্লাস বাঙ্ক করে না খুব একটা। তাই ক্লাসে কথা হচ্ছিল যে সব ফ্রেন্ডসরা মিলে কলেজ শেষে ফুচকা খেতে যাবে।
সবাই রাজি, এদিকে বেকে বসে ফিমুন। তার ফুচকা পছন্দ না। সে তবুও বলে যে "আচ্ছা আমি যাব কিন্তু ফুচকা খাব না। আমি না-হয় চটপটি খাইলাম!" এই শুনে মৌমনি একটু রেগে গেলেও শান্তভাবে বলে যে, "একদিন খেলে কিছু হবে না। তুমি যাবা আমাদের সাথে প্লাস ফুচকাও খাবা।" ফিমুন নিজের কথায় অনড়। ফুচকা সে খাবে না। এদিকে মৌমনি এবার রেগেই গিয়েছে পুরো! যথারীতি ফুচকা খাওয়ানোর জন্য ঝগড়া শুরু করে দিয়েছে ফিমুন এর সাথে। কিন্তু কোনো লাভ হচ্ছে না। বাকিরা তাদের দেখে হাসছে। একটা ফ্রেন্ড তো মজা করে বলেই দিলো, "কিরে মনি, এতোটুকুতেই তোদের ঝগড়া! বেশি দিন মেয়বি জমবে না তোদের!"
এটা শুনে মৌমনি ফিমুন দুইজনেই চুপ। এবার মৌমনি ফিমুন এর সাইড নিয়ে বলতে লাগল, "ও খাবে না থাক। অন্য কিছু খেয়ে নিবে। তোদের ভাবতে হবে না। " ফিমুন ও এদিকে বলে উঠে, " আমি আমার সোনার জন্য সব করতে পারি। আর ফুচকা খাওয়া কোনো ব্যাপার নাকি! হেহ!" এবার মৌমনি একটু লজ্জা পেলেও কাউকে বুঝতে দেয় না। আবার তাদের মাঝে খুনসুটি শুরু হলো। এবার ফিমুন ফুচকা খাবে তো মৌমনি খেতে দিবে না! শেষ পর্যন্ত তাদের সেবার আর যাওয়াই হয়নি। তাদের নিয়ে ফ্রেন্ড মহলে এখনও এটা নিয়ে হাসাহাসি হয়। তো যাক সেসব কথা।
তাদের প্রেমবর্ষ পূরন হলো আজ। তারা পার্কে হাঁটছে। মৌমনির হাত ধরে রেখেছে ফিমুন। এ যেন অন্যরকম এক অনুভুতি। সেদিন আরেকটু স্মৃতিচারণ করে দশ টাকার বাদামগুলো শেষ করে রওনা দিলো বাসার দিকে। আজ তাদের প্রেমের প্রগাঢ়তা যেন আরও বেড়ে গেলো। তাদের বাসা পরস্পর থেকে বেশ দূরে। ফিমুন রেস্পন্সিবল প্রেমিক। সে কী আর তার প্রেমিকাকে একা ছাড়ে! মৌমনি কে বাসায় নামিয়ে দিয়ে সেও অটো করে বাসায় চলে আসল। সেদিন গভীর রাত পর্যন্ত কথা চলল তাদের। তারা সাধারণত আর পাঁচটা প্রেমিকে যুগল এর মতো লেট নাইট চ্যাটিং করে না। দু'জনেই নামাজ পড়ে তো। ফজর খুব কমই মিস হয় তাদের। তারপর নামাজ পড়ে পড়তে বসে। বাট আজ তো বিশেষ দিন, তাই একটু বেশিই রাত করে ঘুমাতে গেল দুজনেই।
এভাবেই বেশ যাচ্ছিল তাদের দিন। এক শুক্রবার এর ঘটনা। আযান দিয়ে দিয়েছে জুম্মার। ফিমুন এখনো খেলার মাঠেই। ক্রিকেটে বেশ পটু ছেলেটা। ব্যাটিং বোলিং ২ টাই ভালো পারে সে। খেলা শেষ হতে একরকম দেরিই হয়ে গেলো সেদিন। ফিমুন দ্রুত বাসায় গিয়ে গোসল করে বেরিয়ে পড়ল মসজিদ এর উদ্দেশ্যে। হুজুর এর বয়ান প্রায় শেষ। সে যেয়ে শুধু শুনতে পায়, "প্রকৃত প্রেমিক কখনো তার প্রেমিকার কষ্টের কারণ হতে পারে না।"
এটা বলেই হুজুর সুন্নত নামাজের জন্য সময় দিলেন। এই কথা টা নিয়ে একটু চিন্তা করে ফিমুন। সে ভাবে সে কী কোনোভাবে মৌমনির কষ্টের কারণ হচ্ছে না তো! না, তারা তো বেশ আছে। একটু রাগারাগি হলেও পরক্ষণেই আবার হাসিয়ে দেয় মৌমনিকে। তারা তো বেশ ভালোই আছে। এভাবে ফিমুন একটা স্বস্তির নিঃশ্বাস ছাড়ে। আর ভাবে তাহলে তো হুজুরের মতেও সে প্রকৃত প্রেমিক। সে এবার খুব খুশি হয়! নামাজ শেষে বাসায় এসেই মৌমনি কে জানায় সে ঘটনা টা। এটা শুনে তো সেও খুশি। তাদের দুজনের ভালোবাসা যেন আরও গাঢ় হয়।
সেদিন বিকেলে ফিমুন যখন মাঠে খেলতে যায় তার এলাকার সবচেয়ে ভালো বন্ধু শাফি এসে বলে, "মামা আজকের বয়ানটা শুনলি!? জোস লাগছে আমার। আমি আজ থেকেই মেনে চলার চেষ্টা করব ইন শা আল্লাহ। ফিমুনও জোর গলায় বলে যে "হ্যাঁ মামা। আমারও জোস লাগছে আজকের বয়ান। আমি তো ওকেও জানায় দিছি। আমরা দুজনেই মেনে চলার চেষ্টা করব ইন শা আল্লাহ।" এটা শুনে শাফির একটু খটকা লাগে। এই বয়ান শুনে তো এতো খুশি হওয়ার কথা না ফিমুন এর। শাফি জানত না যে ফিমুন জুম্মায় দেরিতে এসেছিলো। তাই তার অবাক হওয়াটাই স্বাভাবিক। সেদিন শাফি আর কিছু বলল না ফিমুনকে।
পরের দিন তারা কলেজ এ গেলো। যথারীতি দেখা হয়ে গেলো দুই 'লাভ-বার্ডস' এর। তাদের আড্ডাও জমে ওঠে প্রতিদিনের মতন। তাদের মাঝে কোনো পরিবর্তন লক্ষ্য করতে না পেরে এবার শাফি এক রকম নিশ্চিত হয়ে যায় যে গতকাল এর সম্পূর্ণ বয়ান ফিমুন শোনেনি। শুনলে ফিমুন আজও এমন আড্ডায় মেতে উঠত না। কলেজ শেষে মৌমনিকে অটোতে উঠিয়ে দিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দেয় ফিমুন এবং শাফি। ফিমুন এর মুখে মৌমনির তারিফ শুনা যেন শাফির ডেয়লি রুটিন এর পার্ট হয়ে গেছে। তবে আজ শাফি এসব শুনার মুডে নেই। তাদের কলেজ থেকে বাসা ১৫ মিনিট এর রাস্তা। তারা দুই বন্ধু হেঁটেই বাসায় যায় প্রায়ই।
ফিমুন এর মুখে মৌমনির তারিফ ফুটছে এমন সময় তাকে থামিয়ে দিয়ে শাফি প্রশ্ন করে, "আচ্ছা দোস্ত, তুই কি গতকাল হুজুরের বয়ান শুনেছিস?"
"হ্যাঁ শুনছি তো। ওই যে ভালোবাসা নিয়ে বলল যে! ভালোই ছিলো কিন্তু বল!"
"ভালো তো ছিলোই। তুই কি সম্পূর্ণ শুনেছিস? "
"না রে। আমার একটু লেট হয়ে গেছিলো মসজিদ এ ঢুকতে।"
এবার শাফি বুঝে যায় কেন তার মাঝে পরিবর্তন এর কোনো চেষ্টা নেই। অল্পক্ষণের নিরবতা ভেঙে ফিমুন কথা বলে, "হ্যাঁ রে, কী ছিলো বয়ানে? তুই হঠাৎ বয়ানের কথা বলছিস!"
"ভাই তুমি তো আসল জিনিসই মিস কইরা দিছ। আর লাস্ট ২ টা লাইন শুইনা লাফাইতেছ!"
এবার ফিমুন এক রকম চুপ হয়ে যায়। সে বলল, "আচ্ছা হুজুর তাহলে আপনিই বলে দিন আমাকে যে আসল বয়ান টা ছিল!?"
শাফি বলা শুরু করে, "হুজুর এর বয়ান এর মেইন টপিক ছিলো বিয়ে আগে প্রেম করা বা মেয়েদের বন্ধুত্ব করা নিয়ে। তখন হুজুর উনার বয়ানে বলে যে বিয়ের আগে যেকোনো নন-মাহরাম মেয়ের সাথে প্রেম অথবা যেকোনো ধরনের সম্পর্কই হারাম। আর নন-মাহরাম হলো সেসব মেয়ে যাদের সাথে একটা ছেলের বিয়ে হালাল। অর্থাৎ, যাদের বিয়ে করা যাবে তাদের সাথে বিয়ে না করলে কোনো ধরনের সম্পর্কও বানানো যাবে না। বুঝলি! আর যদি কেউ এটা করে তবে সে যিনাকারী হিসেবে বিবেচিত হবে হাশরের মাঠে। আর তাদের স্থান হবে জাহান্নামে। এটা আমাদের অজানা নয় যে জাহান্নামই হলো সবচেয়ে কষ্টের স্থান। আর 'কোনো প্রেমিক তো তার প্রেমিকার কষ্টের কারণ হতে পারে না'। এটা বলেই হুজুর বয়ান শেষ করে। তুই শেষে এসে শুধু এটুকুই শুনেছিলি কাল। বুঝছিস!"
এক নাগাড়ে বলে শেষ করল শাফি। তার কথা শুনে একরকম থ মেরে গিয়েছিল ফিমুন। তার মাথায় আসলো যে হুজুর প্রেমিকার কষ্টের কারণ বলতে দুনিয়ার কষ্ট কে বুঝায়নি। বুঝিয়েছে আখিরাত তথা অনন্তকালের জীবনের কষ্টের কথা! আর কোনো কথা না বলে বাড়ি চলে আসে ফিমুন। তার মাথা ঘরে শাফির কথাগুলো। হারামে লিপ্ত থেকে যে রবকে সন্তুষ্ট করা যায় না এটা ফিমুন জানে। কারণ প্রকৃত সফল তারাই যাদের জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে প্রবেশ করানো হবে[i]। আর রবের অসন্তুষ্টিতে জান্নাত পাওয়া সম্ভব নয়। তাই সে তখনই হারাম থেকে ফিরে আসার সিদ্ধান্তে উপনীত হয়। তার মাথায় আসে মৌমনির কথা, যাকে নিয়ে জান্নাতে ঘুরে বেড়ানোর স্বপ্ন দেখে। স্বপ্ন দেখে একসাথে বসে গল্প করার। অথচ আজ তার উপলব্ধি হয় যে তার প্রিয়তমার জান্নাতে যাওয়ার প্রতিবন্ধক সে নিজেই এবং জাহান্নামের পাথেয়ও সে-ই। ফিমুনের এসব ভাবতে ভাবতে গলার নিচ টা ভারি হয়ে আসে। চোখের কনে জমে থাকা অশ্রু মুছে শান্ত করে নিজেকে। আর রবের ভালোবাসা অর্জনের তাগিদ অনুভব করে সে। সেদিন সারাদিন আর কথা বলেনি মৌমনির সাথে।
ইতোমধ্যে ৭-৮ টা মিসড কল সাথে বেশ কয়েকটা মেসেজ জমা পড়েছে। ফিমুন রাতে এশার সালাত শেষে মেসেজ করে মৌমনি কে। কাল সকাল ১০ টার মধ্যেই যেন পার্কের রূপালী বেঞ্চে চলে আসে সে। মৌমনি এমন মেসেজ এ সাধারণত অভ্যস্ত নয়। সেও একটু ঘাবড়ে যায়। এদিকে অনেকদিন পর এশার সালাত ভালোভাবে আদায় করল ফিমুন অন্যান্য দিন ফরজ তো পরে বাট আলসেমি জেকে বসে সুন্নাত-নফল সালাত গুলো তে। আজ ভালোভাবে সালাত আদায় করে মনে প্রশান্তি অনুভব করে সে। রাতে শুতে যাওয়ার আগে ওজু করে নেয়। এসব বিষয়ে শাফিই তার গুরু! সে ভাবতে থাকে প্রকৃত ভালোবাসা কি সেটাই তো জানতাম না। অনিশ্চিত ভবিষ্যতের চিন্তায় এতোই বিভোর ছিলাম যে সফলতার আসল ডেফিনিশনটাই ভুলতে বসেছিলাম। তবে আর নয় গাফিলতি। এবার সে রিয়েল সাক্সেসের পথেই থাকবে বলে মনে মনে শপথ নিলো। সে জানে যে গুনাহ ছেড়ে তওবা করল সে গুনাহহীন মানুষের মতোই[ii]। তাই ফিমুন নিশ্চিত মনেই শুতে যায়।
পরের দিন ফজরের সালাত জামাতে আদায় করে ফিমুন। লাস্ট যে কবে জামাতে ফজর আদায় করেছিল সেটা তার মনে নেই। সে অনুভব করে ভোরের সুশীতল বাতাস। মন ভরে যায় তার আল্লাহর নিয়ামতের কথা মনে পড়লে। সেদিন থেকে তার যাত্রা শুরু হয় নতুন ভাবে। এদিকে পার্ক এ যাওয়ার সময় হয়ে এলো। যথা সময়ে উপস্থিত দু'জন। মৌমনির পাশে এসে দাঁড়ালো ফিমুন। বরাবরের মতোই মৌমনির প্রিয় চিপস এর প্যাকেট টা তার দিকে বাড়িয়ে দিল। আজ সে আর তাকাচ্ছেনা মৌমনির দিকে।
চিপস টা নিয়েই মৌমনি বলে, "কাল থেকে কথা বলোনি কেন!? তুমি জানো না আমার কষ্ট হয়। আর তুমিই তো সেদিন বললে প্রকৃত প্রেমিক কখনও তার প্রেমিকাকে কষ্ট দেয় না!" তার কথা শেষ হতেই ফিমুন বলে, "হ্যাঁ। প্রকৃত প্রেমিক কখনই তার প্রেমিকার কষ্টের কারণ হতে পারে না। আচ্ছা বলো তো জাহান্নামের কষ্টের কাছে কি দুনিয়ার কষ্ট পাত্তা পায়!?"
"না। জাহান্নাম তো অতি নিকৃষ্ট বাসস্থান।"
"তাই আমাদের উচিত আল্লাহর সন্তুষ্টি অর্জনে সচেষ্ট থাকা। আর হারামের মাঝে থেকে রবের সন্তুষ্টি অর্জন অসম্ভব,” ফিমুন বলল।
এভাবে হুজুরের সম্পূর্ণ বয়ানটা এবার বুঝিয়ে দেয় মৌমনিকে। তার সাথে সে এও জানিয়ে দেয় তার পক্ষে আর হারামে থাকা সম্ভব নয়। মৌমনি বিচক্ষণ মেয়ে। সে বুঝে যায় ফিমুনের কথা। সে নিজেও উপলব্ধি করে যে সেও তো প্রকৃত প্রেমিক। তবে সে কেন তার প্রেমিকের জাহান্নামে যাওয়ার কারণ হয়ে দাঁড়াবে!
কিছুক্ষণেরর নিরবতা ভাঙ্গে মৌমনির কথা, "ধন্যবাদ আমাকে এটা জানানোর জন্য। অজ্ঞতার জন্য আমরা দুজনেই হারামে লিপ্ত ছিলাম। এখন সবকিছু জানার পরও এভাবে থাকাটা অবশ্যই জাহেলি। আর আমিও চাই না আমার জন্য তোমার জান্নাত নসিব হওয়াটা কষ্টকর হোক। যিনার শাস্তির ভয়াবহতা সম্পর্কে আমরা দুজনেই জানি।" এসব শুনে মনে মনে খুশিই হয় ফিমুন। আল্লাহ তায়ালার শুকরিয়া আদায় করে মনে মনে। এ প্রতিবন্ধকতা কে এতো সহজেই সরিয়ে ফেলার জন্য।
মৌমনি আরও বলে, "আমি চেষ্টা করব দূরে থাকার। জানি না আমাদের বিয়ে হবে কিনা। পারলে বিয়ের প্রস্তাব নিয়ে যেও আমার বাবার কাছে। ইনশাল্লাহ তখন দেখা হবে। আসসালামু আলাইকুম।"
এই বলে উঠে চলে যায় মৌমনি। আজ প্রথম ফিমুন বসে আছে অথচ মৌমনি একাই বাসায় যাবে। মৌমনির হাতে হাত নেই ফিমুনের। ফিমুনও মনে মনে আবার আল্লাহর শুকরিয়া আদায় করে হাঁটা দেয় মৌমনির উল্টো পথে। চোখের কোনে অশ্রু জমলেও রবের ভালোবাসার কাছে সেটা তুচ্ছ। তারা এগিয়ে যায় পরস্পরকে পিঠ দেখিয়ে। পাশেই গাছের ডালে বসে থাকা পাখিটা কৌতূহলি দৃষ্টিতে দেখছে তাদের। সেও হয়তো ভাবছে দুই ভোরের পাখি এই মেঘ রোদ্দুর বৃষ্টির দুনিয়ায় বেলা ফুরাবার আগে ফিরে যাচ্ছে তাদের নীড়ে। এখন তাদের দোয়ায় আর এই কথাটা থাকে না যে আল্লাহ আমার ভালোবাসার মানুষ টাকে আমার চাই। এখন তাদের দোয়ায় থাকে, "হে আল্লাহ! আমি তোমার ভালোবাসা চাই এবং তোমাকে যে ভালোবাসে তার ভালোবাসা চাই[iii]10ফুটনোটঃ [i] সূরা ইমরান: ১৮৫ [ii] ইবনু মাজাহ: ৪২৫০ [iii] তিরমিজি: ৩৮২৮/৩৪৯০।"
ফুটনোটঃ [i] সূরা ইমরান: ১৮৫ [ii] ইবনু মাজাহ: ৪২৫০ [iii] তিরমিজি: ৩৮২৮/৩৪৯০
পাঠকের মন্তব্য
এখনও কোনো মন্তব্য হয়নি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

