পঁচে গেছে মানবতা
সিলেট আত্মারা আজ মরে গেছে, পঁচে গেছে মানবতা সহজ বাংলায় যাহাকে বলে স্বচ্ছ আধুনিকতা। চেয়ারম্যানের কুকুরটারও আরামে কাটে রাত্র এদিকে খুকির হাত-পা অবশ, বস্ত্রহীন যে গাত্র। কেউ শুনে না হাহাকার তার, হৃদয়গুলো পাথর পাতি নেতার শরী

বিসমিল্লাহির রাহমানির রাহিম
সিলেট
আত্মারা আজ মরে গেছে, পঁচে গেছে মানবতা
সহজ বাংলায় যাহাকে বলে স্বচ্ছ আধুনিকতা।
চেয়ারম্যানের কুকুরটারও আরামে কাটে রাত্র
এদিকে খুকির হাত-পা অবশ, বস্ত্রহীন যে গাত্র।
কেউ শুনে না হাহাকার তার, হৃদয়গুলো পাথর
পাতি নেতার শরীর জুড়ে ডাবল ডাবল চাদর।
খুকির কি আর ভাগ্যে নেই একটি ছিঁড়ে কাঁথা?
আত্মারা আজ মরে গেছে, পঁচে গেছে মানবতা।
দালান-কোঠার ভেতরেও শীত ছুঁয়েছে তোমায়?
পথশিশুরা বাঁচে কেমন, বিবেক কি তা ভাবায়?
নাকি বিবেক পুড়ে গিয়ে বিষাক্ত সেই ধোঁয়ায়
চোখ গিয়েছে ঝাপসা হয়ে, আছো দৃষ্টিহীনতায়?
বাহ! এটাই কি সেই সমাজসেবার নোংরা সভ্যতা?
সহজ বাংলায় যাহাকে বলে স্বচ্ছ আধুনিকতা।
কালো চশমার অন্তরালে রঙিন স্বপন আঁকো
চলার পথে ফুটপাতের ঐ গলিখানারে দেখো।
বুকের ক'খান হাড় রয়েছে হা-হুতাশ চাহনিতে
তাদেরও তো ইচ্ছে জাগে খানিক আদর পেতে।
করুণ চাহনিতে, মনে হয় না তোমার খুকির কথা?
তাদের কি আর ভাগ্যে নেই একটি ছিঁড়ে কাঁথা?
তোমার খুকির ঘর ভর্তি, জামার হরেক মেলা
ফোকলা দাঁতে হেসে বেড়ায়, ঘর করে উজালা।
পাশের বাড়ি উদলা গায়ে কাঁদে রহিমের মেয়ে
তোমার মেয়ের একটি জামা দাওনা তারে নিয়ে।
বাচাল মুখে তখন কেন হায় এঁটে বসে নীরবতা?
বাহ! এটাই তোমার সমাজসেবার নোংরা সভ্যতা?
তোমার বাড়ি চাঁদের হাসি পাশের বাড়ি আঁধার
আর দিও না দোহাই তবে পঁচে যাওয়া মানবতার।
ক্ষমতার এই নষ্ট ছালে ভরেছো তো বেশ ভুড়ি
আর কত কাল পাড় পাবে পরের ন্যায্য করে চুরি?
স্মরণ নেই কি পরকালীন জাহান্নামের প্রখরতা?
কেউ শুনবে নাকো রোজ হাশরে তব কাতরতা।
আত্মারা আজ মরে গেছে, পঁচে গেছে মানবতা
সহজ বাংলায় যাহাকে বলে স্বচ্ছ আধুনিকতা।
পাঠকের মন্তব্য
এখনও কোনো মন্তব্য হয়নি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

