মৃত্যুর ভয়
ষাইটশালা বাহ্মণপাড়া কুমিল্লা বেশ কিছুদিন আগেও মৃত্যু আমাকে ইশারা ইঙ্গিত দিয়েছিলো কয়েকবার, তবুও আমি বুঝতে পারি নি। পা পিছলে যেদিন বাম পায়ের মধ্যে ব্যথা পেয়েছিলাম। ঐ দিন পায়ের হাড় ভেঙ্গে যাবার মতো অবস্থা হয়েছিল, ওইদিনই ভে

বিসমিল্লাহির রাহমানির রাহিম
ষাইটশালা বাহ্মণপাড়া কুমিল্লা
বেশ কিছুদিন আগেও মৃত্যু আমাকে ইশারা ইঙ্গিত দিয়েছিলো কয়েকবার, তবুও আমি বুঝতে পারি নি। পা পিছলে যেদিন বাম পায়ের মধ্যে ব্যথা পেয়েছিলাম। ঐ দিন পায়ের হাড় ভেঙ্গে যাবার মতো অবস্থা হয়েছিল, ওইদিনই ভেবেছিলাম আর বাঁচবোনা। মৃত্যু আমাকে সেদিনও ইঙ্গিত দিয়েছিলো।
হঠাৎ একদিন ছয় চাকাওয়ালা একটা ট্রাক আমার খুব পাশ ঘেঁষে ওভারটেক করে চলে গেল। আমি দূর থেকে ট্রাক টার দিকে তাকিয়ে অনুমান করলাম-খুব বেশী যদি হয়,চার আঙ্গুল হবে। এই চার আঙ্গুলের জন্য সেদিন বেঁচে গেলাম। মৃত্যু আমাকে সেদিনও ইঙ্গিত দিয়েছিলো।
আমার পরিচিত একজন। সুঠাম দেহের অধিকারী। সূর্য ওঠার আগে এবং ঘুমানোর পৃর্বে নিত্যদিনই বেচারা চা-নাস্তা শেষ করে ব্যায়ামের জন্য বেরোয়। উদ্দেশ্য একটাই। শরীরটা সুস্থ থাক। বেঁচে থাকার জন্য সুস্থতা জরুরী। একদিন ফোন আসলো। সে আর নেই। হৃদরোগে আক্রান্ত হয়ে ঘন্টাখানেক আগে মারা গেল। যোহরের পর জানাযা। মৃত্যু আমাকে সেদিনও ইঙ্গিত দিয়েছিলো।
যখন ক্লাসের বন্ধুদের নিয়ে বর্ষার দিনে নৌকা দিয়ে, তিতাস নদীতে ঘুরতে গিয়েছিলাম, যখন দেখলাম নৌকা এদিক ঐদিন হেলতে ছিল। মৃত্যু আমাকে সেদিনও ইঙ্গিত দিয়েছিল। যখন বাজারে যাওয়ার সময় চাচাকে দেখি সড়কে রাস্তায় বসে আছে, অথচ বাজার করে আসার সময় দেখি চাচা আর আমাদের মাঝে নেই। মৃত্যু আমাকে সেদিনও ইঙ্গিত দিয়েছিল।
কোনো একদিন সকালের দিকে বেড়াতে দেবিদ্বার যাওয়ার সময় নিজের দাদাকে সুস্থ দেখে গেলাম, অথচ পরদিন ওখান থেকে আসার সময় মাঝ রাস্তায় শুনি দাদা আর আমাদের মাঝে বেঁচে নেই। মৃত্যু আমাকে সেদিনও ইঙ্গিত দিয়েছিল। একদিন আমাদের ষাইটশালা কলেজে যাওয়ার আগে যখন চাচার সাথে দোকানে বসে কথা বলে গেলাম,অথচ কলেজ থেকে আসার পথে শুনলাম চাচা আর আমাদের মাঝে নেই। মৃত্যু আমাকে সেদিনই ইঙ্গিত দিয়েছিল।
যখন বাহ্মণবাড়িয়া ছোট বোনের মহিলা মাদ্রাসায় যাওয়ার পথে যুবক ভাইটিকে দেখে গেলাম, রাস্তায় গান শুনে, অথচ বাহ্মণবাড়িয়া থেকে এসে শুনি যুবক ভাইটি আর আমাদের মাঝে নেই। মৃত্যু আমাকে সেদিনও ইঙ্গিত দিয়েছিল।
মানুষের মূল্য খুবই সামান্য। দশ হাজার টাকা হারিয়ে গেলে কুড়ি বছর পরেও সেই টাকার শোকে মানুষ কাতর হয়। মানুষ মরে গেলে কুড়ি দিন পরেই মোটামোটিভাবে তাকে ভুলে যাবার চেষ্টা করি। আচ্ছা মৃত্যু আমাকে আপনাকে একদিন ঠিকই ধাওয়া করবে, এখন আমরা কি ভেবে দেখেছি যে কী নিয়ে আমার অন্ধকার কবরে যাবো?
আচ্ছা,আপনি হঠাৎ এই মুহূর্তে মারা গেলেন, এখন কতজন মানুষ আপনার জন্য আল্লাহর কাছে দু'আ করবে? এই সামান্য উত্তরেই অনেক কিছু লুকিয়ে আছে। আসুন! অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটো হাদিস জেনে নেই।
কুরাইব থেকে বর্ণিত হাদিসে এসেছে, তিনি বলেন, ইবনে আব্বাস (রা.) এর সন্তানদের একজন ধারালো ছুরির আঘাতে অথবা নির্যাতনের কারণে মারা যায়, তিনি বললেন, হে কুরাইব, দেখো তো কি পরিমাণ মানুষ তার জন্য জমায়েত হয়েছে? সে বললো, আমি বের হয়ে দেখলাম তার জন্য অনেক মানুষ জড়ো হয়েছে। আমি তাকে সংবাদ দিলাম। তিনি বললেন, তুমি বলছো তারা চল্লিশ জন হবে? সে বললো, হ্যা। তিনি বললেন, তাকে বের করো। কারণ, আমি রাসূলুল্লাহ ﷺ কে বলতে শুনেছি, “কোন মুসলিম ব্যক্তি যখন মারা যায়, অতঃপর তার জানাযার জন্য এমন চল্লিশ জন লোক দাঁড়ায়, যারা কেউ আল্লাহর সাথে শিরক করে না, তবে আল্লাহ তার ব্যাপারে তাদের সুপারিশ অবশ্যই গ্রহন করবেন।” [মুসলিম: ৯৪৮]
আনাস বিন মালেক (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, “লোকেরা একটি জানাযা নিয়ে গেলো, অতঃপর তারা মৃত ব্যক্তির প্রশংসা করলো। রাসূলুল্লাহ ﷺ বললেন, অবধারিত হয়ে গেলো। কিছুক্ষণ পর তারা আরেকটি জানাযা নিয়ে গেলো, এবার তারা মৃত ব্যক্তির দুর্নাম করলো। তিনি বললেন, অবধারিত হলে গেলো। ওমর (রা.) বললেন, কী অবধারিত হলো? তিনি বললেন, এ ব্যক্তির তোমরা প্রশংসা করেছো, তাই তার জন্য জান্নাত অবধারিত হলো। আর তার তোমরা দুর্নাম করেছো, তাই তার জন্য জাহান্নাম অবধারিত হলো। এ পার্থিব জগতে তোমরা আল্লাহর সাক্ষী।” (বুখারি: ১৩৬৭, মুসলিম:৯৪৯]
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাটা আবার পড়ুন- "এ ব্যক্তির তোমরা প্রশংসা করেছো, তাই তার জন্য জান্নাত অবধারিত হলো। আর তার তোমরা দুর্নাম করেছো, তাই তার জন্য জাহান্নাম অবধারিত হলো। এ পার্থিব জগতে তোমরা আল্লাহর সাক্ষী।"
মানুষের ভালবাসা অর্জনের উপায় দুটো।
১.আল্লাহর আনুগত্য করা, মানে আল্লাহর সকল বিধি বিধান মেনে চলা। আর এর ফলে, আল্লাহ তাঁর বান্দার মনকে আল্লাহর আনুগত্যকারীর দিকে ঝুঁকিয়ে দেন, তাই তারা তাকে ভালবাসে।
২. মানুষের সাথে উত্তম আচরণ করা, তাদের কল্যাণ কামনা করা ইত্যাদি।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘জাহান্নামের আগুন কোন ব্যক্তির জন্য হারাম আমি কি তোমাদের তা জানাব না?’ লোকরা বলল, হ্যাঁ, হে আল্লাহর রাসূল! তিনি বললেন, ‘প্রত্যেক নরম, কোমল সহজ-সরল স্বভাবের মিশুক ব্যক্তি।’ (তিরমিযি)
প্রশ্নটি আবার করি? আপনি হঠাৎ এই মুহূর্তে মারা গেলেন, এখন কতজন মানুষ আপনার জন্য আল্লাহর কাছে দু'আ করবে? আসুন! আমরা ভাবি। নিজেদের জন্য চিন্তা করি। জান্নাত কিংবা জাহান্নাম- আমার নিজের আমলের জন্যই আমাকে এ দুটোর কোনো একটিতে যেতে হবে।
তাই একজন মানুষ কোনো কাজে নামার আগে যেমন তার পুঁজি নিয়ে নামে ঠিক তেমনি আপনারও পুঁজি সঙ্গে করে নিয়ে কবরে যেতে হবে। তবুও আপনি আমি বুঝতে পারিনি, একদিন আমাকেও এভাবে চলে যেতে হবে। আজ আমি 'কবর' নামক একটা গর্তে পড়ে আছি। আমার সেই ঘনিষ্ঠজনদের কেউই আজ আসছে না আমাকে দেখতে। তাদের জন্য কত কিছু যে করলাম! হাড়ভাঙা খাটুনি দিয়ে যাদেরকে খাইয়েছি, পড়িয়েছি, তারা আজ বেমালুম ভুলে গেলো আমায়!
হায় আফসোস! হায় আফসোস! হায় আলো-বাতিহীন কবরের ঘর! হায় আমার ষাট বছরের জীবন! হায়!!
ইতিহাসের দর্পণে
পাঠকের মন্তব্য
এখনও কোনো মন্তব্য হয়নি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

