মরণ
পৃথিবীতে একমাত্র নিশ্চিত সত্য হচ্ছে মৃত্যু আর তা একবারই আসবে। প্রতিটি প্রাণির মৃত্যু হবে, আগে আর পরে। আর বাকি সব কিছুই অনিশ্চিত, অজানা। পৃথিবীর কোন বিপদ - আপদে পড়ে, ভাল - মন্দ খবর শুনে আমাদের অনুভূতিতে যতটা দাগ কাটে, নিশ

বিসমিল্লাহির রাহমানির রাহিম
পৃথিবীতে একমাত্র নিশ্চিত সত্য হচ্ছে মৃত্যু আর তা একবারই আসবে। প্রতিটি প্রাণির মৃত্যু হবে, আগে আর পরে। আর বাকি সব কিছুই অনিশ্চিত, অজানা।
পৃথিবীর কোন বিপদ - আপদে পড়ে, ভাল - মন্দ খবর শুনে আমাদের অনুভূতিতে যতটা দাগ কাটে, নিশ্চিত মৃত্যুর খবরে তা হয় না!! অথচ নির্মম বাস্তবতা হলো, এটাই হবার ছিল, হবে, প্রত্যেকের সাথে। আল্লাহ তায়ালা বলেই দিয়েছেন, মৃত্যুর দূত সবসময়ই আমাদের পেছনে নিয়োজিত রয়েছেন। তবুও, আমরা সবথেকে বেশি অবাক হই, কষ্ট পাই কাছের দূরের মানুষের মৃত্যুর খবরগুলো পেয়ে। কিছুতেই যেন মেনে নিতে পারিনা। যেন ব্যাপার টা এমন যে, এটা কীভাবে সম্ভব, কেন হল, মানিনা...।
অন্যদিকে, পরকালে পাপীরা শাস্তির তীব্রতায় অতিষ্ঠ হয়ে কতই না মৃত্যু কামনা করবে,একটুর জন্য, এক মুহুর্তের জন্য মৃত্যু চাইবে যেন কষ্ট থেকে মুক্তি পায়। কিন্তু, মৃত্যুকে আর আপন করে নেয়ার সুযোগ থাকবে না তখন। সুতরাং, এ মৃত্যু আসলে আশির্বাদ, দুনিয়ার জীবনের শত কষ্ট, ক্লেশের পর এই মৃত্যুর মাধ্যমেই তো আমাদের রবের কাছে, আমাদের প্রতিশ্রুত পৈত্রিক ভিটাতে ফিরে যাবার পথ খুলে যায়, যদি আমরা দুনিয়ার জীবনটা সেভাবে কাজে লাগাতে পারি, আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারি।
আমাদের সবার তাই উচিত, মৃত্যু নিয়ে বেশি বেশি ভাবা। দুনিয়ায় জীবনের মূল্যহীন আবেগ, দুশ্চিন্তা, পরিকল্পনা, সুখের আশা সব কমিয়ে মৃত্যু কে আপন করে নেয়া, মৃত্যুর পরের অনন্ত জীবনের জন্য সব চিন্তা, ভাবনা, দুশ্চিন্তা করা। তুচ্ছ দুনিয়ার জীবনের নিশ্চিত সমাপ্তির ভয়ে না থেকে তার পরের জীবনের অনিশ্চিত শুরুর ভয়ে থাকাই অনন্ত সুখের চাবিকাঠি। সে জীবনে সুখের আশা করা, সেভাবে প্রস্তুতি নেয়াই প্রকৃত বুদ্ধিমানের কাজ। আর, এর মাধ্যমে দুনিয়ার জীবনের প্রতিটি কাজ, সিদ্ধান্ত, পাওয়া না পাওয়ার হিসাব সবকিছুই কেমন পানির মত সরল সহজ হয়ে যায়। ভয়, দুশ্চিন্তা, কষ্ট, হতাশা সব যেন অনেক দূরে কোথাও চলে যায়। অপার্থিব প্রশান্তি আচ্ছন্ন করে রাখে আত্মা কে। মন্দ কাজ, কথা, অপরাধ সবকিছু থেকেই দূরে থাকা সম্ভব হয় মৃত্যুর পরের জীবনের শাস্তির ভয় থাকলে। কেননা, "মৃত্যুর সাথে সাথেই তো এ জীবনের সব অর্থহীন হয়ে যাবে" - এ একটি মাত্র চিন্তা বাকি সব চিন্তার উপর প্রভাব বিস্তার করে সেগুলোর মাত্রা কমিয়ে দেয়।
এত টাকা পয়সা, বাড়ি -গাড়ি, বিলাসিতা সব অপ্রয়োজনীয় হয়ে যায় যদি মৃত্যুকে স্মরণে রেখে জীবনটাকে যাপন করা হয়। মিথ্যে সুখের পেছনে ছোটাছুটি বন্ধ হয়ে যায়। আর তাই, দুনিয়ায় ক্ষুদ্র এ জীবনে অল্পতেই অনেক সুখ শান্তির স্বাদ পাওয়া যায়, আর পরকালের অনন্ত অসীম জীবনের অকল্পনীয় সুখের নিশ্চয়তারও আশা করা যায়। একজন মানুষ যখন সবসময় এটা মাথায় রেখে প্রতিটি কাজ করবে যে, যেকোন মুহূর্তে তার এ ক্ষণস্থায়ী জীবনের সমাপ্তি ঘটবে, তাকে ফিরে যেতে হবে, গিয়ে হিসাব বুঝিয়ে দিতে হবে, বিচারের মুখোমুখি হতে হবে, এক বিন্দু ছাড় পাবেনা- সে মানুষের পক্ষে কি কখনো কোন খারাপ কাজ করা সম্ভব!! সে নিজে ভাল হবে, তার আশেপাশের সবাইকে নিয়ে জান্নাতের পথে একটু করে এগিয়ে যাবার চেষ্টা করবে, এটাই স্বাভাবিক।
দুনিয়ার পাওয়া না পাওয়া নিয়ে এত হতাশ হয়ে যাই আমরা, অথচ, যিনি সর্বশ্রেষ্ঠ প্রজ্ঞাবান, মহান আল্লাহ তায়ালা, তিনি বার বার বলেছেন- যে জান্নাতে প্রবেশ করল, সে ই প্রকৃত সফল।
তাহলে, দুনিয়ার কোন প্রাপ্তিই আসলে সফলতা নয়, হতে পারেনা। আর তাই, এখানে সব থেকেও কেউ শান্তি পায়না, মনে করেনা যে সে এবার সফল হয়ে গেছে। মনে হয়, আরো চাই, আরো পাওয়ার বাকি আছে অনেক কিছুই। আসলে, যে আত্মা জান্নাতের অপার অকল্পনীয় সুখের স্বাদ নিতে তৈরি হয়েছে, যার প্রকৃত আবাস, নিবাস, গন্তব্য হচ্ছে জান্নাতের সুমিষ্ট ফলের বাগান, মনোরম ঝর্ণাবেষ্টিত সোনা রূপা নির্মিত সুবিশাল প্রাসাদ-সমেত সাত পৃথিবীর চেয়েও বিশাল সম্পদ, যার তৃপ্তি হচ্ছে আল্লাহ তায়ালার পুরো সন্তুষ্টি প্রাপ্তির মাঝে, সে আত্মাকে এ তুচ্ছ দুনিয়ায় কোন কিছু দিয়েই কিছুতেই সন্তুষ্ট তৃপ্ত করা সম্ভব কি?? সে চেষ্টা করা বৃথা তাই।
মুসাফিরের মত কিছুদিনের জন্য এখানে আমাদের আসা। একটা মস্ত পরীক্ষার হল, প্রতি মুহুর্তে প্রশ্নপত্র রচিত হচ্ছে, পরীক্ষা দিচ্ছি একের পর এক। ওপেন বুক এক্সাম। সিলেবাস আল্লহই দিয়ে দিয়েছেন, সব প্রশ্নের উত্তরও দেয়া আছে, পবিত্র কুরান ও হাদিস সে সহায়ক গ্রন্থ। চারদিকে ফেরেশতা দের কড়া নজরদারি, পদে পদে শয়তানের ধোকা, সবকিছুর মাঝে এ সিলেবাস ধরে এসব কঠিন পরীক্ষা শেষ করে দুনিয়া নামক এ পরীক্ষার হল থেকে বের হতে পারাটাই আসল কথা। আর, এ পরীক্ষায় পাশ করে জান্নাতের দরজার চাবি হাতে পাওয়াই প্রকৃত সফলতা, বাকি সব সফলতার সংজ্ঞা মিথ্যা। কিন্তু, সেজন্য সেই যে সহায়ক বইগুলো, কুরআন ও হাদিস, এসবের ব্যাখ্যা বিশ্লেষণ জানা, বোঝা, মনে রাখা জরুরি। আর,এর অভাব প্রকট হচ্ছে বলেই চারদিকে এত কষ্টের ছড়াছড়ি, এত অসফলতার গ্লানি। এ মুসাফিরের জীবনে টিকে থাকার জন্য খুব তো বেশি কিছুর দরকার নেই। যতটা না হলেই নয়, অতটা নিয়ে আল্লাহর দেওয়া রিযকের উপর সন্তুষ্ট থেকে, হালাল খেয়ে পরে ইবাদাত করে হেসে খেলে জীবনটা পার করে দেয়াই যায়। যত সুখ তা আল্লাহরই দেয়া অনুগ্রহ, যত কষ্ট তা তাঁর তরফ থেকেই আসা ক্ষনিকের পরীক্ষা মাত্র- এ কথাগুলো মনে গেঁথে নিয়ে ধৈর্য্য ও কৃতজ্ঞতার সাথে হতাশা মুক্ত থাকার চেষ্টা করে প্রতিটি দিন পার করা উচিত। কেননা, এটাই সরল পথ।
কিন্তু, আল্লাহ ও তাঁর দেয়া কিতাব, বিধান এসব থেকে দূরে থেকে থেকে, রাসূলﷺ এর আদর্শিক জীবনাচরণ থেকে সরে যেতে যেতে আমরা আমাদের চিন্তা ভাবনা জীবনযাপন সব জটিল করে ফেলেছি। কষ্ট, হতাশা, যন্ত্রণা, অপরাধ, অশান্তি আমাদের ঘিরে ফেলেছে। শয়াতান আমাদের দুনিয়ায় জীবনে সুখী হবার লোভ দেখিয়ে আদতে দু'জীবনেই অনন্ত কষ্টের দিকে ঠেলে দিচ্ছে। অথচ, মানুষ হচ্ছে সবচেয়ে বুদ্ধিমান প্রাণী। তাহলে, এ শয়তানের বুদ্ধিতে কেন আমরা চলব, কেন বুদ্ধিমান হবো না, নিজের ভাল কেন বুঝবনা!!
আল্লাহ তায়ালা বলেই দিয়েছেন, আমাদেরকে দুনিয়ায় পাঠানো হয়েছে একমাত্র তাঁর ইবাদতেরই জন্য। অথচ, আমরা সেটা বাদ দিয়ে বাকি সবই করি, সবকিছুর জন্যই সময় পাই, আর অপ্রাপ্তির বেলায় পুরোটা অভিযোগ ভাগ্য আর আল্লাহর দিকে!!! একবারও ভেবে দেখিনা, পদে পদে কতনা ভুল করছি, পাপ করছি, রব কে অসন্তুষ্ট করছি। সময় গড়িয়ে যাচ্ছে, যেকোন মুহূর্তে নিভে যেতে পারে আমাদের যে কারোর জীবন-প্রদীপ। কী নিয়ে যাচ্ছি, হিসাবের খাতা কী দিয়ে পূর্ণ, পারব কি সেই প্রকৃত সফলদের কাতারে নাম লিখাতে? নাকি দুনিয়ায় মেকি সফলতার আর শয়তানের ধোঁকায় পরে এপার ওপারের সব সুখ হেলায় হারাচ্ছি!!
মহান আল্লাহ আমাদের দুনিয়ায় জীবনের মায়া কাটিয়ে আখিরাতের, জান্নাতের, আল্লাহর সন্তুষ্টি প্রাপ্তির ও সময়ের বাধনহীন অপার অসীম সুখের জীবনের জন্য ভাবতে ও প্রস্তুতি নিতে সাহায্য করুন, প্রকৃত সফলদের মাঝে আমাদের জায়গা হোক, সে দুয়াই করি।
পাঠকের মন্তব্য
এখনও কোনো মন্তব্য হয়নি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

