মামার বাড়ির গল্প
সিলেট থেকে একজন তরুণ লেখক। ইতিমধ্যে একটি বই বেরিয়েছে। আল্লাহ্ কবুল করে নিন প্রচন্ড বৃষ্টি হচ্ছে বাইরে। টিন দিয়ে আবৃত ঘরের চালা এই বুঝি উড়িয়ে নিয়ে গেল একঝাঁক ধমকা হাওয়ায়। ঘরের দরজা জানালা গুলো খুব শক্ত করে আটকে দিলেও বৃষ

বিসমিল্লাহির রাহমানির রাহিম
সিলেট থেকে একজন তরুণ লেখক। ইতিমধ্যে একটি বই বেরিয়েছে। আল্লাহ্ কবুল করে নিন
প্রচন্ড বৃষ্টি হচ্ছে বাইরে। টিন দিয়ে আবৃত ঘরের চালা এই বুঝি উড়িয়ে নিয়ে গেল একঝাঁক ধমকা হাওয়ায়। ঘরের দরজা জানালা গুলো খুব শক্ত করে আটকে দিলেও বৃষ্টি যেন কোনভাবেই আটকানো যাচ্ছে না। এক ফোঁটা দু ফোঁটা করে ঝাপটে পরছে ঘরের একোণে ওকোণে। এ রকম পরিবেশে বড় মামার কথা বড্ড মনে পড়ে। আমার বয়স যখন বছর পাঁচেক তখন তার এই পৃথিবীর পাঠ চুকে যায়। কোনরকম চিঠিপত্র ছাড়াই চলে গিয়েছিলেন মৃত্যুপুরী।
যখন তুমুল ঝড়বৃষ্টি হত তখন সবাইকে নিয়ে খাটের তলায় লুকাতেন। বলতেন, "টিনের চালা যদি ভেঙে পড়ে যায় তবে তা খাটের উপরেই পড়বে, আমরা সবাই বেঁচে যাব।" এখন তার পরলোকগমনের পনেরো বছরের পরেও মনে হয় সেই আবিষ্কারটাই বেস্ট ছিল। কিন্তু বৃষ্টি-ঝড় থেকে বেঁচে থাকার জন্য তার সেই আপ্রাণ চেষ্টা মৃত্যু-ঝড় থেকে তাঁকে বাঁচাতে পারেনি।
ছোটবেলা থেকে এই মামাবাড়িতেই বড় হওয়া। দুই মামা আর ছয় খালা নিয়ে নানা-নানীদের পরিবার। আমার জন্মের বছর চারেক আগেই নানা মারা যান। নিম্নবিত্ত পরিবারের সকল দায়দায়িত্ব এসে পড়ে বড়মামার কাঁধে। নানা মারা যাওয়ার বছর আটেক-এর মাথায় বড় মামার বয়স যখন ৩০ ছুঁইছুঁই তখন একটি দুর্ঘটনায় তিনিও হারিয়ে যান। বাবা এবং ভাইয়ের মৃত্যুশোক সইতে না পেরে বছর পেরুবার আগেই ছোট মামাও তাদের পথ বেছে নেন সবাইকে অবাক করে দিয়ে।87এখানে সাহিত্যিক ভাষা ব্যবহার করা হয়েছে। আল্লাহ্র অনুমতি ছাড়া কারও মৃত্যু ঘটে না এটা আমাদের সবারই জানা একটি বিষয়। মামারা বিদায় নেওয়ার আজ পনেরোটা বছর পেরিয়ে গেছে। কবরের উপরে পড়ে গেছে হরেক রকমের ঘাসের আবরণ।
এখানে সাহিত্যিক ভাষা ব্যবহার করা হয়েছে। আল্লাহ্র অনুমতি ছাড়া কারও মৃত্যু ঘটে না এটা আমাদের সবারই জানা একটি বিষয়।
তাদের রেখে যাওয়া পরিবার-স্মৃতিগুলো সব খুব কাছ থেকেই দেখছি। বড় মামার দুই মেয়ে সহ স্ত্রী, নানি, সবাইকেই আল্লাহ চালিয়ে নিচ্ছেন, আলহামদুলিল্লাহ্। বড় মামার দুই মেয়েই উচ্চশিক্ষিত। ছয় খালাসহ সবার সাথেই বছর ছয়মাস পর পর দেখা হয়, উৎসব হয়। সবাই আজ নিজ নিজ পরিবার নিয়ে ব্যস্ত। সেই পঁচিশ বছর আগের একটি পরিবার এখন দশটি পরিবারে বিভক্ত। সবাই নিজেকে নিয়েই পড়ে আছে। এই ব্যস্ত কোলাহলে কেইবা অন্য কারো খোঁজ রাখতে চাইবে??
মাঝেমধ্যে নানা-মামাদের কবরের পাশে যাই, তাদের সাথে কথোপকথন করি। তাদের পরিবেশটা বুঝার চেষ্টা করি। আর তাদের বলি, "হায়, বেঁচে থাকতে তোমরা যাদের একটি দিনও না খাইয়ে রাখনি, এখন তারাই তোমাদের একটি বছরে একটি বারের জন্য স্মরণ করে না।" জানি তারা শুনতে পায় না আমার কথা, বুঝতে পারে না আমার অভিব্যক্তি। তবুও কল্পনাতে তারা আমাকে জিজ্ঞেস করে, "আমার পরিবার কি কখনো কাঁদে না?"
আমি বলি, "হ্যাঁ, তারা তো প্রায়শই কাঁদে। তবে সেটা ১৫ বছর আগে মরে পঁচে গলে যাওয়া তোমাদের জন্য নয়, তোমাদের পরিবার এখন তাদের পরিবারের জন্য কাঁদে। তাঁদের ছেলে মেয়ে স্বামী সন্তানদের এতো ব্যস্ততার মাঝে তোমাদের নিয়ে ভাবার সময় কই তাদের?"
কথার ছলে বড় মামা জিজ্ঞাস করলেন, "আমার মেয়েরাও কি আমার জন্য আল্লাহ নিকট প্রার্থনা করে না!"
আমি বললাম, "প্রার্থনা তো তারা রোজ-ই করে, তবে তা তোমার জন্য নয়, তারা রোজ মোনাজাতে তাদের জীবনসঙ্গীকে খোঁজে। হউক সে প্রেমিক কিংবা অন্য কেউ।"
দূর থেকে তাদের চিৎকার শুনতে পাই, তারা বলেন, "হায়, যাদের জন্য আমি আল্লাহকে দূরে ঠেলে দিয়েছিলাম, যাদের জন্য আমি জীবন যৌবন সর্বস্ব বিলিয়ে দিয়েছিলাম। বছর কয়েক-এর ব্যবধানে তারাই আমাকে ভুলে গেল।"
কথাগুলো একদম হৃদয়ের মণিকোঠায় গিয়ে আঘাত হানলো। সত্যিই তো! সারাটা জীবন এদের জন্যই তো রব-কে ভুলে গিয়েছিলেন তারা। এদের মুখে দু'বেলা দু'মুঠো আহার তুলে দেওয়ার জন্য স্রষ্টার পানে ফিরেই তাকানো হয়নি। যৌবনে স্রষ্টার সমীপে একটিবারও মাথা ঠেকানোর সময় হয় নি নানা-মামাদের। অথচ যৌবনের সমস্তটা এদের জন্যই উজাড় করে দিয়েছিলেন। পরিবারের সুখের জন্যই নিঃস্বার্থ ভাবে নিজেকে হাসিমুখে বিলিয়ে দিয়েছিলেন।
তাদের সাথে সাক্ষাত শেষে ফিরে আসছিলাম, পিছু ফিরতেই বড় মামা ডেকে বললেন, "হায়, ওই স্বার্থপর মানুষগুলা আমার নিঃস্বার্থ ভালবাসার এই প্রতিদান দিল?" নিজেকে আর সামলাতে পারি নি। চোখের কোণে কয়েক ফোটা অশ্রু যেন বার বার আবৃতি করছিলো, "স্বার্থপরদের জন্য নিঃস্বার্থ ভালবাসা বুঝি অভিশপ্ত হয়ে দাঁড়ায়?"
কোন এক অনুষ্ঠানে সবাই একসাথে বসে আছি। ছয় খালা, নানি সহ অনেকেই বেশ হাসিখুশি ভাবেই জমিয়ে আড্ডা দিচ্ছিলেন। আগামী দিনগুলোতে কে কী করবেন, কে কোথায় ঘুরে বেড়াবেন, কার কী জিনিস পছন্দ, কে কতটা সুখে আছেন এরকম হরেক রকমের গল্পে মজলিস টা জমে উঠেছে। ঘন্টা দুয়েক ধরেই তাদের খোশগল্প গুলো শুনছি আর ভাবছি কেউ যদি হঠাৎ, ভুল করে সেই পনেরো বছর আগের স্মৃতিতে ফিরে যায় কিংবা কথার ছলেই কেউ যদি বলে উঠে, "আহ, পনেরো বছর আগের তারা যদি এখনও বেঁচে থাকতো!" কিন্তু মজলিস আরও দীর্ঘ হয়, সদস্যবর্গ আরও বৃদ্ধি পায়, কেউ একটি বারের জন্য ভুল করেও বলে না, "তারা যদিও এখনও বেঁচে থাকতো।" মাগরিব পেরিয়ে এশার সময়ও বয়ে যাচ্ছে, কারও হৃদয় একবারও চুপিসারে বলে না, "চল্, একটু সালাত পড়ে চোখের পানি ছেড়ে ছেড়ে প্রভুর কাছে প্রিয়জনদের জন্য দোয়া করবি।"
একবার তাদের থামিয়ে দিয়ে বলেছিলাম, "আচ্ছা, তোমাদের কি নানা কিংবা মামাদের কথা মনে পড়ে না? সবার মুখটা ফ্যাকাসে হয়ে গেল। যেন আমি অপ্রত্যাশিত কিছু বলে ফেলেছি। একজন তো ধমকের সুরে বলেই ফেললেন, "এই আনন্দ-মুহুর্তে এসব বলার কি প্রয়োজন আছে?"
কথা শুনে চুপসে গিয়েছিলাম। না জানি কত বড় বেয়াদবি করে ফেলেছি। আর কথা না বাড়িয়ে মজলিস থেকে উঠে রওয়ানা দিলাম মামাদের কবর পানে। যে পরিবারের আনন্দ প্রতিনিয়ত জোগান দিতেন তারা, সেই পরিবারের আনন্দ-মুহুর্তে এখন তাদের কোনো স্থান নেই। এটা যে জানিয়ে দিতে হবে উনাদের। একসময়ের মজলিসের সবচে' গুরুত্বপূর্ণ ব্যক্তি এখন মজলিসের অপ্রত্যাশিত অতিথি!
মাসখানেক পর পাশের ঘর থেকে হায় হায় করে কার যেন শব্দ ভেসে আসছিল, অনেকটা কান্নার মত। দৌড়ে গিয়ে দেখলাম খালা নানি সবাই মিলে সিনেমা দেখছেন, আর ইমোশনাল দৃশ্য সবাই চোখ ভিজে পদ্মা মেঘনা যমুনা বইছে। সিনেমা শেষে খালা কে জিজ্ঞাস করলাম, "শেষ কবে বাবার জন্য আল্লাহ দরবারে এরকমভাবে কেঁদেছিলেন?"
উত্তরে তিনি বললেন, "কী যা তা বলছিস।"
সঠিক উত্তরটা উনার জানা ছিল না নাকি কখনও এমনভাবে কাঁদেন নি সেই বিষয়টা আমার অজানাই রয়ে গেল। সিনেমা দেখে তাদের চোখে পানি এলেও বাস্তবে এরা তো পাথর হয়ে গেছে। নানি কে মাঝেমধ্যে নানা-মামাদের জন্য কাঁদতে দেখি, খুবই করুণ সেই কান্না, খুবই হৃদয় বিদারক। কিন্তু তাদের জন্য যে এই কান্নাটা যথেষ্ট নয়। জায়নামাজে দাঁড়িয়ে সেজদায় গিয়ে কিংবা সালাত শেষে মুনাজাতে তাদের জন্য শান্তি কামনা করতে কি বড্ড বেশি কষ্ট হয়? আমার মা-খালাদের কি একটি বারও মনে পড়ে না, বাবা-র জন্য একটি বার রবের দোয়ারে হাত পেতে বলি, "রাব্বির হামহুমা কামা রাব্বাইয়ানিস সগিরা।"
ভাবতে ভাবতেই চোখ ভিজে আসে। দুই একটা লাইন মুখ থেকে অনর্গল উচ্চারিত হতে থাকে,
যে সুখ আমি বিলায়েছি জনে জনে
সে সুখের দহন কতটা পারি গো সহিতে
পচিলে দেহ, কে রাখে কতটা স্মরণে
কী জানি কতটা সুখ ধরার এ পিরিতে।
স্রষ্টারে ভুলে দিয়েছিনু যাহারে সেবা
আঁখি নিভিলে সে তোরে নাহি গো চেনে
বল্? স্রষ্টা ছাড়া আর আপন কে-বা
যে তোরে রাখিবে চিরকালই স্মরণে।
কিছু কথা.…
পাঠকের মন্তব্য
এখনও কোনো মন্তব্য হয়নি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

