কখনো কি ভেবেছেন, আপনি কোন ধরনের বইপুস্তকের প্রতি আসক্ত?
লেখক, অনুবাদক এবং দাঈ ❒ এক. সম্প্রতি আমরা একটি বিষয় লক্ষ করছি, যা খুবই বিপজ্জনক। আমাদের অনেক ভাই প্রকৃত ‘আলিমগণের বইপুস্তক থেকে বিমুখ হয়ে বিভিন্ন গল্পকার ও সাহিত্যিকদের বইপুস্তক গোগ্রাসে গলাধঃকরণ করছেন। আরও ভয়ংকর বিষয় হল

বিসমিল্লাহির রাহমানির রাহিম
লেখক, অনুবাদক এবং দাঈ
❒ এক.
সম্প্রতি আমরা একটি বিষয় লক্ষ করছি, যা খুবই বিপজ্জনক। আমাদের অনেক ভাই প্রকৃত ‘আলিমগণের বইপুস্তক থেকে বিমুখ হয়ে বিভিন্ন গল্পকার ও সাহিত্যিকদের বইপুস্তক গোগ্রাসে গলাধঃকরণ করছেন। আরও ভয়ংকর বিষয় হলো—আমাদের কিছু ভাই ‘আক্বীদাহ ও মানহাজের বইপুস্তকের ব্যাপারে অনাগ্রহী হচ্ছেন, আর ওই গল্পকারদের বইপুস্তককে দ্বীনের জ্ঞান অর্জনের একটা মাধ্যম ভাবছেন। এমনকি কেউ কেউ তো প্রগলভতার শীর্ষে পৌঁছে এরূপ মন্তব্যও করছেন যে, একজন ‘আলিমও এই লেভেলের বই লিখতে পারবেন কিনা সন্দেহ, যা লিখেছেন আমাদের অমুক ভাই।’ যে অমুক ভাইটি সাধারণ আওয়ামদের একজন। বর্তমান যুগের একজন ইমাম যুগশ্রেষ্ঠ ফাক্বীহ ‘আল্লামাহ ড. সালিহ বিন ফাওযান আল-ফাওযান (হাফিযাহুল্লাহ) বলেছেন, “সালাফগণ (রাহিমাহুমুল্লাহ) গল্পবাজদের থেকে সতর্ক করতেন।” --- [আল - আজউয়িবাতুল মুফীদাহ ‘আন আসইলাতিল মানাহিজিল জাদীদাহ; পৃষ্ঠা: ২২৪]
আমরা এটা বলছি না যে, ভালো ইসলামী সাহিত্য, যা কোনো যোগ্য সম্পাদক কর্তৃক সম্পাদিত বা যোগ্য দা‘ঈ কর্তৃক রেকমেন্ডেড—এমন বই পড়া যাবে না। কিন্তু আপনি নিজেই দেখুন, ইমাম ত্বাহাউয়ী (রাহিমাহুল্লাহ) রচিত ‘আক্বীদাহর কিতাব, যা ‘আক্বীদাতুত্ব ত্বাহাউয়িয়্যাহ নামে পরিচিত, বইটির একটি চমৎকার ভাষ্যগ্রন্থ হলো ইমাম ইবনু আবিল ‘ইয (রাহিমাহুল্লাহ) প্রণীত শারহুল ‘আক্বীদাতিত্ব ত্বাহাউয়িয়্যাহ। এই বইটিকে ‘আক্বীদাহর একটি জামি‘ (সামগ্রিক দিকের আলোচনাসমৃদ্ধ) কিতাব হিসেবে গণ্য করা হয়। এই বইটা একজন যোগ্য ত্বালিবুল ‘ইলম কর্তৃক বাংলায় অনূদিত হয়েছে। কয়জন কিনেছে? আপনি নিজেই বলুন, কয়জন? কিন্তু আপনি ওই লেইম্যান ভাইদের লেখা সাহিত্যরসসমৃদ্ধ বইগুলো দেখুন। আমাদের ভাইয়েরা দেদারসে কিনছেন। ইমাম ফাওযানের লেখা ‘আক্বীদাতুত তাওহীদ অনূদিত হয়েছে। চমৎকার একটি বই। আর এতই গুরুত্বপূর্ণ যে, প্রতিটি পরিবারে বইটি সকলের জন্য পাঠ্যবই হিসেবে নির্ধারণ করা যায়। কিন্তু কয়জন কিনেছে? ইমাম ইবনু তাইমিয়্যাহ (রাহিমাহুল্লাহ) রচিত ‘আক্বীদাহ ওয়াসিত্বিয়্যাহর ভাষ্যগ্রন্থ অনূদিত হয়েছে। কয়জন কিনেছে? অথচ এগুলো ‘আক্বীদাহর মৌলিক গ্রন্থ।
হে প্রিয় ভাই! আপনি রাগ করবেন না! আমি আপনার শত্রু নই, বরং হিতাকাঙ্ক্ষী। আচ্ছা বলুন, আপনি কি সালাফদের অনুসরণ করতে চান না? তো দেখুন, সালাফরা কী শিখেছেন সবার আগে। আসুন দেখি, কোন বিষয়টাকে তাঁরা সবচেয়ে গুরুত্ব দিয়েছেন। সাহাবী জুনদুব ইবনু আবদুল্লাহ (রাদ্বিয়াল্লাহু ‘আনহু) থেকে বর্ণিত। তিনি বলেন, َكُنَّا مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم ـ صلى الله عليه وسلم ـ وَنَحْنُ فِتْيَانٌ حَزَاوِرَةٌ فَتَعَلَّمْنَا الإِيمَانَ قَبْلَ أَنْ نَتَعَلَّمَ الْقُرْآنَ ثُمَّ تَعَلَّمْنَا الْقُرْآنَ فَازْدَدْنَا بِهِ إِيمَانًا. “আমরা নাবী ﷺ এর সাথে ছিলাম। আমরা ছিলাম শক্তিশালী এবং সক্ষম যুবক। আমরা কুরআন শেখার পূর্বে ঈমান শিখেছি, অতঃপর কুরআন শিখেছি এবং তার দ্বারা আমাদের ঈমান বৃদ্ধি পেয়েছে।” --- [ইবনু মাজাহ, হা/৬১; সনদ: সহীহ]।
প্রিয় ভাই, আপনি দেখলেন, সাহাবীগণ সবার আগে ‘আক্বীদাহ শিখেছেন, এমনকি ক্বুরআন শেখার আগে তাঁরা ‘আক্বীদাহ শিখেছেন।
সৌদি আরবের সাবেক গ্র্যান্ড মুফতী ইমাম আব্দুল আযীয বিন আব্দুল্লাহ বিন বায (রাহিমাহুল্লাহ) ‘আক্বীদাহর গুরুত্বের ব্যাপারে বলেছেন, معلومٌ بالأدلة الشرعية من الكتاب والسنة أن الأعمال والأقوال إنما تصح وتقبل إذا صدرت عن عقيدة صحيحة فإن كانت العقيدة غير صحيحة بطل ما يتفرع عنها من أعمال وأقوال. “কিতাব ও সুন্নাহ’র শার‘ঈ দলিলসমূহের মাধ্যমে এটা সুবিদিত যে, যাবতীয় আমল এবং কথা কেবল তখনই বিশুদ্ধ ও গ্রহণীয় হয়, যখন তা সহীহ (বিশুদ্ধ) আক্বীদাহ থেকে উদ্ভূত হয়। কিন্তু আক্বীদাহ যদি অশুদ্ধ হয়, তাহলে যাবতীয় আমল ও কথা বাতিল হয়ে যায়।”- [মাজমূউ ফাতাওয়া ওয়া মাক্বালাতুম মুতানাওয়্যাআহ; খণ্ড: ১; পৃষ্ঠা: ১৩]
তাই আমরা ‘আক্বীদাহ শেখার প্রতি, দ্বীন শেখার প্রতি সবচেয়ে গুরুত্ব দিব। বিভিন্ন গল্পমূলক লেখার ওপর ‘আলিমগণের ‘ইলমী বইপুস্তককে প্রাধান্য দেব।
আসুন, আপনাকে বর্তমান যুগের একজন কিবার (বড়) ‘আলিমের নসিহত শোনাই। সৌদি আরবের বর্তমান গ্র্যান্ড মুফতী ইমাম ‘আব্দুল ‘আযীয আলুশ শাইখ (হাফিযাহুল্লাহ) কে জিজ্ঞেস করা হয়েছে, “ওই যুবকদের প্রতি আপনার নসিহত কী, যারা গল্পকার ও বক্তাদের বৈঠকে বেশি বেশি বসে, আর এটাকে আল্লাহওয়ালা ‘আলিমগণের বৈঠকের ওপর প্রাধান্য দেয়?” তিনি (হাফিযাহুল্লাহ) উত্তরে বলেছেন, “বক্তা ও গল্পকার ব্যক্তিবর্গ যদি তাদের গল্প ও উপদেশমূলক বক্তৃতার ক্ষেত্রে মধ্যপন্থি হয়, তাহলে যে কেউ তাদের উপদেশমূলক বক্তৃতা থেকে ফায়দা নিতে পারে। কিন্তু সে ওই বক্তা ও গল্পকার ব্যক্তিবর্গকে মুহাদ্দিস ও ফাক্বীহগণের ওপর প্রাধান্য দিবে না। কেননা তারা উপদেশদানকারী বক্তা মাত্র (আল্লাহ তাঁদেরকে উত্তম বিনিময় দান করুন), আমি তাদের কথা শুনে তাদের উপদেশমূলক বক্তৃতার দ্বারা প্রভাবিত হতে পারি। কিন্তু শার‘ঈ ‘ইলম তথা আল্লাহ’র কিতাব ও রাসূল ﷺ এর সুন্নাহ’র ফিক্বহ (বুঝ) অন্য সকল জ্ঞানের ওপর অগ্রাধিকারপ্রাপ্ত।” [দ্র.: https://tinyurl.com/y33w3msm (শাইখের অফিসিয়াল ওয়েবসাইটের আর্টিকেল লিংক)]
কিন্তু এক্ষেত্রেও সাবধান। বক্তা ও লেখক যদি বিদ‘আতী হয়, তাহলে তাদের থেকে সতর্ক থাকতে হবে। কারণ বিদ‘আতীদের বইপুস্তক পড়া নিষিদ্ধ। ইমাম মুওয়াফফাক্বুদ দীন ইবনু ক্বুদামাহ (রাহিমাহুল্লাহ) [মৃত: ৬২০ হি.] বিদ‘আতীদের বইপুস্তক পাঠের নিষিদ্ধতা প্রসঙ্গে বলেছেন, “সালাফগণ বিদ‘আতীদের সাথে ওঠাবসা করতে, তাদের বইপুস্তক পড়তে এবং তাদের কথাবার্তা শুনতে নিষেধ করতেন।” --- [আল-আদাবুশ শারী‘আহ, খণ্ড: ১; পৃষ্ঠা: ২৩২; গৃহীত: ইজমা‘উল ‘উলামা ‘আলাল হাজরি ওয়াত তাহযীরি মিন আহলিল আহওয়া; পৃষ্ঠা: ৭৪-৭৫]।
❒ দুই.
নিঃসন্দেহে লেখালেখি হক প্রচার এবং বাতিলকে অপনোদনের এক শক্তিশালী ও উপকারী মাধ্যম। এই মাধ্যমকে ব্যবহার করে কতিপয় তরুণ লেখকদের মধ্যে একটা মহামারী রোগ বিস্তার লাভ করেছে আর তা হলো, দ্বীনের উপর যুক্তিকে প্রাধান্য দেওয়া। কিছু লেখক এত বেশি যুক্তিবাদী কিংবা বিবেকবাদী হয়ে ওঠেন যে, তারা একসময় শার‘ঈ বাউন্ডারি পর্যন্ত ক্রস করে ফেলেন! একথা সর্বজনবিদিত যে, ইসলাম অযৌক্তিক কোনো ধর্ম নয়। তবে সবকিছুকে যুক্তি দিয়ে উপলব্ধি করার মতো জ্ঞান মহান আল্লাহ সুবহানাহু ওয়া তা‘আলা তাঁর সৃষ্ট জীবের মধ্যে কাউকে দান করেননি।
আপনি লক্ষ করলে দেখবেন, নাস্তিকরা ইসলাম সম্পর্কে যত অভিযোগ করে তার প্রায় সবগুলোই যুক্তিনির্ভর। অপরপক্ষে আমাদের ইসলাম দরদী কিছু ভাই নাস্তিকদের জবাব দেয়ার জন্য বেঁছে নেন পাল্টা যুক্তি। এ যেন ইলমুল কালামের নতুন অধ্যায়ের সূচনা।
ফলে দেখা যাচ্ছে, অধিকাংশ লেখক যুক্তিবিদ্যা দিয়ে ইসলাম বিদ্বেষীদের সফলভাবে কুপোকাত করলেও জ্ঞানীদের কাছে এসে নিজেও কুপোকাত হচ্ছেন। আরও ভয়াবহ বিষয় হলো নাস্তিকদের রদ করে লিখিত কতিপয় লেখকের বইগুলোতে আক্বীদাহগত ত্রুটি বিচ্যুতিও ধরা পড়ছে! সুতরাং, যুক্তি দিয়ে সবকিছু পরিমাপ করা নিজেকে ধ্বংসেরই নামান্তর। এ প্রসঙ্গে আবূ হুরাইরাহ (রাদ্বিয়াল্লাহু ‘আনহু) বলেন, "যখন আমি তোমাকে রাসূলুল্লাহ ﷺ উদ্বৃতি দিয়ে কোনো হাদীস বর্ণনা করব, তখন আর কোনো উদাহরণ, উপমা বা যুক্তি দিতে যেয়ো না’। ---- [তিরমিযী, হা/৭৯, সনদ: হাসান]
আলী ইবন আবি ত্বালেব (রাদ্বিয়াল্লাহু আনহু) বলেন, “দ্বীন যদি মানুষের বুদ্ধি অনুসারেই হতো, তাহলে মোজার উপরের চেয়ে নীচের দিকে মাসাহ করা উত্তম হতো। অথচ আমি রাসূলুল্লাহ (সাঃ)-কে দেখেছি যে, তিনি তাঁর মোজার উপরের দিকে মাসাহ করেছেন”। --- [আবু দাউদ ১৬২; মিশকাতুল মাসাবীহ ৫২৫ (ইমাম আলবানী রাহ: সহীহ বলেছেন]।
ইমাম আহমাদ বিন হাম্বল (রাহিমাহুল্লাহ্) বলেছেন, '”সুন্নাতকে অন্য কোন কিছুর সাথে তুলনা করা কিংবা এর বিপরীতে কোন উপমা বা দৃষ্টান্ত পেশ করা যাবে না। কেননা সুন্নাতকে মানবিক বুদ্ধি, উপলব্ধি ও চাহিদা দিয়ে সম্পূর্ণভাবে অনুধাবন করা সম্ভব নয়। বরং অনুসরণ করা এবং স্বেচ্ছাচারিতা সম্পূর্ণরূপে পরিহার করাই হচ্ছে সুন্নাত”। --- [সুন্নাতের মূলনীতি; পৃষ্ঠা: ৪২]।
বর্তমানে নাস্তিকদের নিয়ে বই রচনা করা একটা ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে! অথচ নাস্তিকতার প্রচার প্রসার কোনো যুগেই সফলতার মুখ দেখেনি এবং সর্বযুগেই তাদের সংখ্যা অতি নগণ্য ছিল। স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তা‘আলা পবিত্র ক্বুরআনে নাস্তিকতা নিয়ে খুব বেশি আলোচনা করেননি মাত্র কয়েকটা আয়াত ছাড়া! কেন জানেন? কারণ নাস্তিকতা মানবীয় ফিত্বরাতের বিপরীত। ইতিহাস সাক্ষী, গত চৌদ্দশো বছর ধরে বিশ্ব নেতৃত্ব দানকারী দেশগুলো হাজার চেষ্টা করেও নাস্তিকতার বিপ্লব আনতে পারেনি। সুতরাং, দু চারজন নাস্তিকের সাময়িক উৎপাতে আমরা যেন এটাকেই নিজেদের 'মূল সাবজেক্ট' বানিয়ে প্রতিযোগিতামূলক বই রচনায় কোমর বেঁধে নেমে না যাই।
আলিমদের নজরে বাংলা হলো ‘ইলমের মরুভূমি। এই মরুভূমির বেদুইনরা কিছু বাংলা, ইংরেজি বই পড়ে, কিছু আরবি গ্রামার শিখে, দু'একটা বাংলা ইংলিশ বক্তব্য শুনে, অনলাইন থেকে প্রয়োজনীয় আয়াত হাদীসের আরবি টেক্সটের কপি নিয়ে নেমে পড়েছেন 'বাল্লিগু আন্নি ওয়া লাও আয়াহ' এর আমল করার জন্য। তারা খুব বড় গুরুদায়িত্ব স্বেচ্ছায় কাঁধে তুলে নিয়েছেন। বুঝতে পারছেন না যে, ঘাড় মটকে যেতে খুব বেশি সময় লাগবে না। সবচেয়ে বড় যে ফিতনাহ’র প্রাদুর্ভাব ঘটেছে তা হলো আকর্ষণীয় মোড়কে ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা আওয়াম লেখকদের বইগুলোর বাজারদখল! যার ফলে যুবক যুবতীদের মাঝে ‘আলিমগণের বইগুলো সংগ্রহ করার প্রতি এতটা আগ্রহ থাকছে না, যতটা আগ্রহ তাদের রয়েছে এসব ক্ষুদে লেখকদের বইয়ের প্রতি! চিন্তা করুন তো, আলিমদের বইগুলো পড়ার মতো, কেনার মতো পাঠক ও ক্রেতা পাওয়া যায় না। অথচ ওই সকল লেখকদের বইয়ের লক্ষাধিক কপির জন্য পাঠক/ক্রেতাদের অভাব পড়ে না। এটা আমাদের জন্য শুভ সংবাদ নয়, বরং অশনি সংকেত। মনে রাখবেন, যে জাতি ‘আলিমদের কদর করেনা, মহান আল্লাহ সেই জাতির মাঝে ‘আলিম পয়দা করেন না।
.
❒ তিন.
.
প্রিয় ভাই, দুনিয়াতে কোন মানুষ নাস্তিক হয়ে জন্ম নেন না বরং নিজ ইসলাম সম্পর্কে চরম অজ্ঞতা তাকে এ পথে নিয়ে যায়। তাই দ্বীন শেখার অভিলাষী মুসলিমদের সর্বপ্রথম তাওহীদ ও বিশুদ্ধ ‘আক্বীদাহ সম্পর্কে রচিত শ্রেষ্ঠ গ্রন্থসমুহ অধ্যায়ন করা আবশ্যক। এ প্রসঙ্গে বর্তমান শতাব্দীর একজন শ্রেষ্ঠ ফাক্বীহ, আল্লামাহ ইমাম সালিহ আল-ফাওযান (হাফিযাহুল্লাহ)-কে প্রশ্ন করা হয় যে, “একজন দ্বীন শেখার অভিলাষী যুবক তাওহীদ ও বিশুদ্ধ ‘আক্বীদাহ সম্পর্কে আলোচনা করা হয়েছে- এমন কী কী গ্রন্থ অধ্যায়ন করবে?” উত্তরে শাইখ (হাফিযাহুল্লাহ) বলেন, “তাওহীদ ও বিশুদ্ধ ‘আক্বীদাহ সম্পর্কে রচিত প্রচুর গ্রন্থ রয়েছে এবং অত্যন্ত প্রাঞ্জল ও সহজে বোধগম্য গ্রন্থও রয়েছে। উদাহরণস্বরূপ আমি তোমার জন্য কিছু গ্রন্থের কথা উল্লেখ করছি।
শাইখুল ইসলাম ইমাম ইবনু তাইমিয়্যাহ্ (রাহিমাহুল্লা-হ্)-‘র গ্রন্থ- ইক্বতিযা-উস্ব স্বিরাত্বিল মুস্তাক্বীম। এটা অনেক প্রচলিত একটি বই, আর বেশ কয়েকবার তা মুদ্রিত হয়েছে। আল হামদুলিল্লা-হ্। এছাড়াও আল ইমামুল ‘আল্লামাহ্ ইবনুল ক্বাইয়্যিম (রাহিমাহুল্লা-হ্) প্রণীত গ্রন্থ “ইগাছাতুল লাহ্ফান মিন মাস্বইদিশ শাইত্বান”। বিশেষ করে এটার দ্বিতীয় খণ্ডটা পঠিতব্য।
একইভাবে শাইখ মুহাম্মাদ বিন ‘আব্দুল ওয়াহ্হাব (রাহিমাহুল্লাহ্) প্রণীত “কিতাবুত তাওহীদ” ও তার ভাষ্য। এছাড়াও কিতাবুত তাওহীদের শরাহ্ তথা ভাষ্য হিসেবে শাইখ ‘আব্দুর রহমান বিন হাসান (রাহিমাহুল্লা-হ্)- ‘র “ফাতহুল মাজীদ” অথবা শাইখ সুলাইমান বিন ‘আব্দুল্লাহ্ বিন মুহাম্মাদ বিন ‘আব্দুল ওয়াহ্হাব (রাহিমাহুল্লাহ্) প্রণীত “তাইসীরুল ‘আযীযিল হামীদ” পঠিতব্য। এছাড়াও শাইখ মুহাম্মাদ বিন ‘আব্দুল ওয়াহ্হাব (রাহিমাহুল্লাহ্) প্রণীত “আল উস্বূলুছ ছালাছাহ্ (তিনটি মৌলনীতি)” এবং “কাশফুশ শুবহাত (সংশয় নিরসন)” গ্রন্থ- দু'টিও পঠিতব্য। আমি তোমার জন্য আরো উল্লেখ করছি, আশ শাইখুল ইমাম মুহাম্মাদ বিন ইসমা-ঈল আস স্বান'আনী (রাহিমাহুল্লা-হ্) প্রণীত “তাত্বহীরুল ই'তিক্বাদ ‘আন আদরানিল ইলহাদ” গ্রন্থটি। আরো রয়েছে আশ শাইখুল ইমাম মুহাম্মাদ বিন ‘আলী আশ শাওকানী (রাহিমাহুল্লা-হ্) প্রণীত গ্রন্থ- “আদ দুর্রুন নাযীদ ফী ইখলাস্বিত তাওহীদ”।
আমি তোমার জন্য আরেকটি গ্রন্থের কথা উল্লেখ করব, যা ‘আক্বীদাহর সমস্ত অধ্যায়কে শামিল করেছে। সেটা হল, ইমাম ত্বহাবী (রাহিমাহুল্লা-হ্)-‘র ‘আক্বীদাহ্ এবং ইবনু আবিল ‘ইয্ আল হানাফী (রাহিমাহুল্লা-হ্) প্রণীত এর ভাষ্যগ্রন্থ। “আল ‘আক্বীদাতুত ত্বহাবিয়্যাহ্” এবং এর শরাহ্ তথা ভাষ্য ‘আক্বীদাহর ক্ষেত্রে বৃহত্তর এবং সকল ‘আক্বীদাহ্কে শামিলকারী অত্যন্ত সুন্দর একটি গ্রন্থ।” --- ফাতওয়ার লিংক: [দ্র.: http://alfawzan.af.org.sa/ar/node/9993]
ফাতওয়াটি শাইখের মাজমূ'উ ফাতাওয়া সংকলনটিতেও উল্লিখিত হয়েছে। [মাজমূ‘উ ফাতাওয়া; খণ্ড: ১; পৃষ্ঠা: ৬৬-৬৭]।
.
সৌদি আরবের সাবেক গ্র্যান্ড মুফতী বিগত শতাব্দীর শ্রেষ্ঠ ফাক্বীহ ইমাম ইবনু বায (রাহিমাহুল্লাহ্) দ্বীন শেখার অভিলাষী ব্যক্তিবর্গকে যেসব কিতাব পড়ার নসীহত করেছেন —
১. ক্বুরআনুল কারীম
২. তাফসীরে ইবনে কাসীর
৩. তাফসীরে বাগাউয়ী
৪. সাহীহ বুখারী
৫. সাহীহ মুসলিম
৬. ‘উমদাতুল হাদীস
৭. বুলূগুল মারাম
৮. ইমাম ইবনু তাইমিয়্যাহ’র পিতামহ কর্তৃক সংকলিত মুনতাক্বাল আখবার
৯. ইমাম শাওকানী প্রণীত মুনতাক্বাল আখবারের ভাষ্যগ্রন্থ নাইলুল আওত্বার
১০. রিয়াদ্বুস সালিহীন
১১. ইমাম মুহাম্মাদ বিন ‘আব্দুল ওয়াহাহব প্রণীত কিতাবুত তাওহীদ
১২. ইমাম মুহাম্মাদ বিন ‘আব্দুল ওয়াহাহব প্রণীত কাশফুশ শুবহাত তথা সংশয় নিরসন
১৩. ইমাম মুহাম্মাদ প্রণীত সালাসাতুল উসূল তথা তিনটি মৌলনীতি
১৪. কিতাবুত তাওহীদের ভাষ্যগ্রন্থ ফাতহুল মাজীদ, যা ইমাম মুহাম্মাদের নাতি ইমাম ‘আব্দুর রহমান বিন হাসান আলুশ শাইখ লিখেছেন।
১৫. ইমাম ইবনু তাইমিয়্যাহ প্রণীত আল-‘আক্বীদাতুল ওয়াসিত্বিয়্যাহ
১৬. ইমাম ইবনু আবিল ‘ইয প্রণীত শারহুল ‘আক্বীদাতিত্ব ত্বাহাউয়িয়্যাহ
১৭. ইমাম ইবনু তাইমিয়্যাহ প্রণীত আল-হামুউয়িয়্যাহ
১৮. ইমাম ইবনু তাইমিয়্যাহ প্রণীত আত-তাদাম্মুরিয়্যাহ
১৯. ইমাম ইবনু ক্বুদামাহ প্রণীত লুম‘আতুল ই‘তিক্বাদ
--- [ফাতাওয়া নূরুন ‘আলাদ দার্বের ফাতওয়া, ইমাম ইবনু বাযের অফিসিয়াল ওয়েবসাইট থেকে সংগৃহীত]
উপর্যুক্ত বইগুলোর অধিকাংশই বাংলায় অনূদিত হয়েছে। বাঙালি পাঠকবর্গ খুব সহজেই বইগুলো সংগ্রহ করে অধ্যয়ন করতে পারেন। প্রসঙ্গত একটি বিষয়ে কথা না বললেই নয়, আমরা দেখেছি, অনেক ভাই এসব বইপুস্তক পড়ে নিজেদের খেয়ালখুশি অনুযায়ী দ্বীনের সমঝ নিয়ে থাকেন এবং ‘আলিমগণের মত অগ্রাহ্য করে নিজেরাই ফাতওয়া দিতে প্রবৃত্ত হন। যা নিঃসন্দেহে খুবই দুঃখজনক ও ভয়াবহ বিষয়। এই ফিতনাহ এখন অনলাইনে ছড়িয়ে পড়েছে, যা থেকে আমাদের বেঁচে থাকা জরুরি। আমরা ফাতাওয়া নেওয়ার ক্ষেত্রে এবং দ্বীনের সমঝ গ্রহণ করার ক্ষেত্রে বিজ্ঞ ‘উলামা এবং ‘উলামাদের সান্নিধ্যে ‘ইলম অর্জন করেছেন এমন যোগ্য ত্বালিবুল ‘ইলমদের কাছে ফিরে যাব। নিজেরা ‘আলিম ও বিজ্ঞ ত্বালিবদের সিদ্ধান্তের ওপর আগ বাড়িয়ে পণ্ডিতি করব না। মহান আল্লাহ্ আমাদের ধোঁকাগ্রস্ত ভাইদের সুমতি দিন এবং বইপুস্তক পাঠ-সহ সকল ক্ষেত্রে সালাফদের মানহাজ অনুসরণ করার তাওফীক্ব দিন। আমীন।
পাঠকের মন্তব্য
এখনও কোনো মন্তব্য হয়নি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

