জবানের লাগাম
কোটবাড়ি, কুমিল্লা তারা ঝলমলে জোনাকির আলোয় অঙ্কিত নীলাভ আকাশ হঠাৎ করেই রঙ বদলাতে শুরু করে। জ্বলজ্বলে পূর্ণিমার আলোকে যেন মুহূর্তেই অমাবস্যার বিদঘুটে অন্ধকার গ্রাস করে ফেলেছে। পরক্ষণেই কালো মেঘ জোনাকির আলোকে ছেয়ে নিয়েছে। প

বিসমিল্লাহির রাহমানির রাহিম
কোটবাড়ি, কুমিল্লা
তারা ঝলমলে জোনাকির আলোয় অঙ্কিত নীলাভ আকাশ হঠাৎ করেই রঙ বদলাতে শুরু করে। জ্বলজ্বলে পূর্ণিমার আলোকে যেন মুহূর্তেই অমাবস্যার বিদঘুটে অন্ধকার গ্রাস করে ফেলেছে। পরক্ষণেই কালো মেঘ জোনাকির আলোকে ছেয়ে নিয়েছে। পুবাকাশে বিদ্যুতের ঝলকানি ক্রমশ বেড়েই চলেছে। ক্ষণে ক্ষণে ভেসে আসছে সেই ঝলকের বজ্রধ্বনি। প্রতিটা বজ্রধ্বনি যেন হাশেম মিয়ার বুকের ধুকপুকানির সাথে তাল মেলাচ্ছে। সদ্য সোনালি আভায় রাঙানো ধানের শীসগুলো বুঝি আজই ধূলিসাৎ হতে চলল।
আকাশের এমন অগ্নিশর্মা রূপ এর আগে কখনই চোখে পড়েনি হাশেম মিয়ার। রৌদ্রতপ্ত পরিশ্রমের ফল এত সহজেই ধ্বংসস্তুপে পরিণত হবে ভাবতেই হাশেম মিয়ার হৃদয়ে রক্তক্ষরণ শুরু হয় আর অন্যদিকে ভারী বর্ষণে বাড়তে থাকে নদীর উপরিতলের উচ্চতা। টিনের চালের বৃষ্টির কোলাহলকে পাশ কাটিয়ে নতুন এক শব্দের আবির্ভাব। এ তো আর কিছু নয় আকাশ থেকে শিলা পতনের টুংটাং ধ্বনি। হাশেম মিয়ার বুঝতে বাকি রইল না এইবার তার সকল আবাদি নিঃশেষ হতে চলেছে। নিজের জমিজমা না থাকায় চরের শেষভাগে নদীর পাড়েই ধান রোপণ করে হাশেম মিয়া। অর্থ বিনিয়োগের মুরদ না থাকায় নিজের জানটাকেই সঁপে দেয় সবুজের বুকে। বছরে এই একটি ফসল তার সারা বছরের ভাতের যোগান দেয়। বিবি আমেনা, পাঁচ বছরের মেয়ে আয়েশা আর দুই বছরে পদার্পণ করা ছোট্ট রাজপুত্র রিদওয়ানকে নিয়েই হাশেম মিয়ার দোচালা সংসার।
হাশেম মিয়া ও আমেনার রাত্রি যেন ফুরোয় না, চোখের পাতা এক করতে পারেনি কেউ। মুখে কোনো শব্দ নেই, সুনসান নীরবতা। কী যেন এক দুশ্চিন্তায় বিভোর দুজনেই। মুয়াজ্জিনের "হাইয়্যা আলাস স্বলাহ" ধ্বনি শুনে দুজনের সংবিৎ ফিরল। ওজু সেরে হাশেম মসজিদের পথ ধরল, আমেনাও জায়নামাজ বিছিয়ে দাঁড়িয়ে গেল প্রভুর দরবারে। মহান রবের কাছে দু'হাত তুলে মনের সকল দুঃখকে ঝেড়ে ফেলল আমেনা। রবের চাওয়াতেই যেন তার সমস্ত সুখ। নেই কোনো না পাওয়ার বেদনা।
অন্যদিকে, নামাজ শেষে বাড়ি না ফিরে মলিন আলোতেই চরের পথে রওয়ানা হলো হাশেম। সারারাতের অবিরাম বর্ষণে সিংহভাগ ধানই নদীর তলদেশে দোল খাচ্ছে। আর যতটুকুই তীরে ছিল তার সবটুকুই শিলার আঘাতে ঘাড় মটকে পড়ে আছে। যতই সময় যাচ্ছে ততই মনকে বিষণ্ণতায় আঁকড়ে ধরছে। বাজারে যাওয়ার জন্য খানিক বাদেই দ্রুতপদে ফিরতি পথ ধরল হাশেম।
হাশেমঃ কইগো আয়েশার মা, দুধের বালতিটা দেও যাইয়া বেইচ্চা আই গিয়া।
আমেনা দুধের বালতিটা এগিয়ে দিয়ে বলল, "আওনের সময় আলু, তেল আর ডাইল লইয়া আইয়েন। মাছও লাগব আগের যা আছিলো সব শেষ।"
হাশেমঃ দেহি বেইচ্চা কী কী আনতাম পারি!
ঘন্টা-দুয়েক পরে বাজার শেষে বাড়ি ফিরল হাশেম। আয়িশা উঠোন থেকে দৌড়ে বাবার পিছু নিল।
আয়িশাঃ আব্বা আমার লাইগা কী আনছো?
হাশেমঃ এই যে মা তোমার লাইগা ডাইল আনছি, আলু আনছি, তেল আনছি। দুপুরে মজা কইরা খামু বাপ-বেটি মিললা।
আয়িশাঃ তুমি না কাইলকা কইছো আমার লাইগা চকলেট আনবা।
হাশেমঃ আহহা রে মা, ভুইল্লা গেছি। আরেকদিন আইন্না দিমুনে। আইজকা ট্যাকা শেষ হইয়া গেছিলো।
দরজার পাশ থেকে বাবা-মেয়ের কথোপকথন শুনে দুঃখকে আপন মনেই দাফন দিল আমেনা। হাশেম ঘরে ঢুকেই আমেনাকে হাঁক ছাড়েন, "কইগো আয়েশার মা, হদাইপাতি গুলান রাখো।"
আমেনা বালতি থেকে সদাই নামাতে নামাতে বলল, "মাছ আনেন নাই!"
হাশেমঃ আইজকা মাছ ছাড়াই চালাইয়া দেও। দুধ বেইচ্চা কয় ট্যাকাই পাই এতকিছু কি আনোন যায়? কাইলকা গেলে লইয়া আমুনে।
একরাশ হতাশা নিয়ে হাশেম বলে উঠল, "গরুডা দুধ দেয় বইল্লাই দুজ্ঞা ডাইল-ভাত খাইতাম পারতাছি। নাইলে আইজকা পথে বওন লাগত।"
আমেনাঃ এইডা আফনে কী কইলেন আয়েশার বাপ। রিজিকের মালিক হইল আল্লাহ। গরু চাইলে কিছু করতে পারব! গরুও তো দুধ দেয় আল্লাহর হুকুমেই। আফনে তো নিজের অজান্তে গরুরে রিজিক দেওনেওয়ালা মনে করলেন। আমনে শিরক কইরা লাইছেন। এহনি তাওবা করেন নাইলে আল্লাহর রহমত উইঠ্যা যাইব আমগোরতে।
হাশেমঃ ইয়া আল্লাহ কথায় কথায় কত বড় পাপ-ই না কইরা লাইলাম। হুজুরেও একদিন জুমুআ'র বয়ানে এই কথাডা কইছিলো। আমারই মনে নাইকা। সবচে বড় গুনাহ হইল শিরক। শিরকের গুনাহ নাকি আল্লাহ মাফও করেন না।2“নিশ্চয় আল্লাহ তা‘আলা তাঁর সাথে শিরকের অপরাধ ক্ষমা করবেন না। আর ইহা ব্যতীত যাকে ইচ্ছা (তার অন্যান্য অপরাধ) ক্ষমা করে দিবেন।” (সূরা আন-নিসা, ৪/৪৮)
“নিশ্চয় আল্লাহ তা‘আলা তাঁর সাথে শিরকের অপরাধ ক্ষমা করবেন না। আর ইহা ব্যতীত যাকে ইচ্ছা (তার অন্যান্য অপরাধ) ক্ষমা করে দিবেন।” (সূরা আন-নিসা, ৪/৪৮)
আমেনাঃ শিরক অনেক রহমেরই আছে। কতভাবে যে মাইনষে শিরক করে হিসাব নাই। এই যে দেহেন আফনে কথার কথা কইতে গিয়াও শিরক কইরা লাইছেন। আফনে বুঝতেও পারেন নাই যে এইডা শিরক হইয়া যাইব। আফনে তো ভুলে কইরা লাইছেন তাই খাচ নিয়তে তাওবা করলে আল্লাহ শিরকের গুনাহও মাফ করে দিতে পারেন। আল্লাহ তো রহমানুর রহীম।
হাশেমঃ ঠিক ধরছো আয়েশার মা। আমি বুঝতাম পারিনাই এইরহম একটা পাপ আমি এত সহজে কইরা লামু। আল্লাহ আমাকে মাফ কইরা দেও।
আমেনাঃ সাধারণ কথা কইতে গিয়াই মাইনষে এহন শিরক বেশি করে কিন্তু বুঝতেই পারেনা যে শিরক করছে। শিরক কি আর কেরে হয় এইডা হগলতের জানা বহুত দরকারি। পারলে আফনেও বুঝাইয়েন কেউ যাতে আর না কয়- গরুর দুধের পইসায় বাইচ্চা আছি, দুইডা ডাইল-ভাত খাইতাছি।
হাশেমঃ বুঝামু এক্কেরে হগলতেরে বুঝামু। হুজুরের কাছ থিকা আরো পরিষ্কার কইরা জাইন্না হেরপরে জানামু সবাইরে। আমার মতন মুখ ফইসকা যাতে এই ভুল আর কেহোই না করে।
আমেনাঃ হোনেন আফনে আমি জোর কইরা কিছু করতারমু? আল্লাহ না করুক যদি কাইলকা গরুডা মইরা যায় তহন কি করবেন? আল্লাহ একভাবে না একভাবে ঠিকই চালাইয়া নিবো চিন্তা কইরেন না।
হাশেমঃ চিন্তা না কইরাও তো পারিনা রে। এতগুলান ধান রাইতে রাইতে ছাই হইয়া গেল। সারাডা বছরের খোরাক আমগো। হগল কষ্ট পানিতে ভাইস্যা গেলো।
আমেনাঃ আল্লাহ আমগো পাডানের আগেই রিজিক লেইক্কা রাখছে। রিজিকে যা আছে তাই খামু। আল্লাহর চিন্তা হইছে গিয়া আমনের আমার হগলতের উফরে। ধান গেছে তো কি অইছে অন্য দিক দিয়া আল্লাহ ঠিকই দিয়া দিব।
হাশেমঃ তোমার কোনো কথাই ফালানের না। এমনভাবে কথা কও যে মনডা হালকা কইরা ফালাও, দুঃখরে দুঃখ মনে অয় না। দুয়া করি তোমার লাহান বউ যাতে সবার ঘরে ঘরে হয়।
আমেনাঃ হইছে। যান গিয়া দুই রাকাত নফল নামাজ পইড়া আল্লাহর কাছে কাইন্দা কাইট্যা মাফ চান। আল্লাহই একমাত্র মাফ করনে ওয়ালা।
হাশেম টিউবওয়েল থেকে ওজু করে জায়নামাজ বিছিয়ে অশ্রুসিক্ত চোখে দাঁড়িয়ে গেল সুমহান রবের সান্নিধ্যে.........
কথার ছলে, যা-ই দেই বলে
সব কি আসলেই বলা চলে?
তাই ভেবে নিও ভাব প্রকাশকালে
কোনো বচন যেন না ডুবায় পাপসাগর তলে।
পাঠকের মন্তব্য
এখনও কোনো মন্তব্য হয়নি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

