ইসলামের শহরতলিতে
মহিষবাথান, রাজশাহী পৃথিবীর ইতিহাসে সবচেয়ে প্রাচীন এবং এখনও জনবসতিপূর্ণ শহরগুলোর একটি দামিশক নগরী। ইংরেজিতে একে Damascus এবং আরবিতে دِمَشْق নামে ডাকা হয়। শহরটি মধ্যপ্রাচ্যের আশ-শাম অঞ্চলের সিরিয়া নামক দেশের রাজধানী। প্রা

বিসমিল্লাহির রাহমানির রাহিম
মহিষবাথান, রাজশাহী
পৃথিবীর ইতিহাসে সবচেয়ে প্রাচীন এবং এখনও জনবসতিপূর্ণ শহরগুলোর একটি দামিশক নগরী। ইংরেজিতে একে Damascus এবং আরবিতে دِمَشْق নামে ডাকা হয়। শহরটি মধ্যপ্রাচ্যের আশ-শাম অঞ্চলের সিরিয়া নামক দেশের রাজধানী। প্রাচীন সভ্যতার উত্থান-পতন, বিভিন্ন রাজা-মহারাজার তলোয়ারের ঝংকার এবং ঐতিহাসিক তাৎপর্যের সাক্ষী এই নগরী।
নামকরণঃ
প্রাচীনকাল থেকেই এই শহরের নাম দিমাশ্ক বা দামিশ্কই আছে। এই নামের অর্থ প্রাচীন সিরিয়াক ভাষায় দাঁড়ায় "এমন ভূমি যেখানে ভালো জল ব্যবস্থা আছে"। বাইবেলের (Book of Kings, 2 Kings 5:12) উল্লেখ থেকে জানা যায় এই শহরে দুটি গুরুত্বপূর্ণ নদী ছিল, আবানা ও ফার্পার। প্রাচীন সেই আবানা নদীটিই আজকের মৃতপ্রায় বারাদা নদী। এই নগরীটি যে সিরিয়াতে অবস্থিত সেই সিরিয়া নামটি এসেছে প্রাচীন সভ্যতা Assyria থেকে। তবে এই অঞ্চলটি আরবদের কাছে আশ-শাম নামে পরিচিত, যার অর্থ "বাম দিক"।
হিজাযে (মক্কা ও মদিনা যে প্রদেশে অবস্থিত) অবস্থান করে যদি সূর্য উঠার দিকে মুখ করে দাঁড়ানো হয় তবে এই অঞ্চলটি হাতের বামে অবস্থিত বলে এর এমন নাম। একই কারণে হাতের ডানদিকের অঞ্চলকে ইয়েমেন বলা হয়।
আশ-শাম বলতে বৃহত্তর সিরিয়া অর্থাৎ সিরিয়া, ফিলিস্তিন, লেবানন, জর্ডান- এই দেশগুলোকে বোঝায়।
দামিশ্ক নগরীকে "মাদিনাতুল ইয়াসমিন" বা "জেসমিনের শহর" বলা হয়। এই শহরের পুরোনো বাড়িগুলোর বিশাল আঙিনা বিভিন্ন ফুলের গাছ বিশেষত জেসমিনের গাছে শোভিত হতো তাই এই শহরের নামই জেসমিনের শহর হয়ে গেছে।
ইসলামপূর্ব দামিশ্ক নগরীর ইতিহাসঃ
দামিশক নগরীতে মানব বসতি আজ থেকে প্রায় দশ-এগারো হাজার বছর আগে। সংখ্যাটা নিতান্তই অনেক বড়। তবে বিস্তীর্ণ বসতি প্রায় ৪০০০ বছর আগে শুরু হয়। প্রাচীন মিশরের অনুলিপি বা হায়ারোগ্লিফিক্স থেকে প্রাচীন দামিশকের ইতিহাস সম্পর্কে ধারণা করা যায়। দামিশক তখন মিশর এবং অন্যান্য স্থানীয় শাসকদের যুদ্ধক্ষেত্র ছিল। খ্রিস্টপূর্ব ১২৫৯ সালে স্থানীয় রাজার সাথে তৎকালীন ফেরাউন দ্বিতীয় রামসিসের এক চুক্তির মাধ্যমে দিমাশক নগরী New Kingdom of Egypt অন্তর্ভূক্ত হয়। এরপর এ অঞ্চলে লৌহযুগের সূচনা ঘটে এবং খ্রিস্টপূর্ব ১০ থেকে ৮ শতাব্দীর মাঝে এখানে নতুন কিছু রাজ্য দেখা যায়। এদের একটি ছিল Aram-Damascus. দিমাশক এ রাজ্যের রাজধানী ছিল। এই রাজ্যটি Kingdom of Judah এবং Kingdom of Israel এর সমসাময়িক। এসময় এরা ছিল প্রতিদ্বন্দ্বী। তবে পরবর্তীতে খ্রিস্টপূর্ব অষ্টম শতকে Assyrian সভ্যতার বিস্তৃতি ঘটলে এই নগরী আরবের বাণিজ্যের অন্যতম রুট হয়ে পড়ে। ব্যবিলনীয় সভ্যতা এবং আকিমিদ সাম্রাজ্যে এই নগরীর মর্যাদা সম্পর্কে কোনো দলিল পাওয়া যায় নি।
খ্রিস্টপূর্ব দ্বিতীয় শতকে মেসেডোনিয়ার রাজপুত্র আলেকজান্ডার তার বিশ্বজয়ের অভিযানে দামিশক জয় করেন। আলেকজান্ডার এর মৃত্যুর পর তার সেনাপতিরা নিজেদের মাঝে সাম্রাজ্য ভাগ করে নেয়। টলেমি এবং সেলুসিদের সাম্রাজ্যের সীমান্তে দামিশক অবস্থিত হওয়ায় এই নগরীর ক্ষমতার হাতবদল হতে থাকত। খ্রিস্টপূর্ব ৬৪ সালে রোমান সেনাপতি পম্পেই দামিশক দখল করে এবং নগরীটি রোমান সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয়। রোমান সাম্রাজ্যে এবং পরবর্তী বাইজেস্টাইন সাম্রাজ্যে (The Eastern Roman Empire) দামিশক অত্যন্ত গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি এবং প্রভাবশালী নগরী ছিল।
প্রাচীনকাল থেকেই এই শহরটি আশ-শাম অঞ্চলের কেন্দ্র এবং এর মধ্য দিয়ে সিল্ক রোড অতিক্রম করায় এই শহরটি বিশ্ব বাণিজ্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ বাজার ছিল। এটি ইউরোপ, আফ্রিকা, আরব এবং ভারতবর্ষের সাথে স্থলপথের বাণিজ্যের মূল কেন্দ্র ছিল। ফলে প্রাচীনকাল থেকেই শহরটি ধন-সম্পদে অনেক সমৃদ্ধশালী।
দামিশক তথা আশ-শাম বিজয়ঃ
রাসূলুল্লাহ ﷺ এর সময়কালে প্রায় পুরা আরব পেনিনসুলায় ইসলামের আলো ছড়িয়ে পড়ে। এরপর খলিফা আবু বকর রাদ্বিআল্লাহু আনহুর সময়কালে ইসলামের আরো বিস্তার শুরু হয়। এজন্য প্রথমে উত্তর দিকে সাসানিদ এবং বাইজেন্টাইন সাম্রাজ্যে ধীরে ধীরে ইসলামের বিস্তার শুরু হয়। ইসলামের মহাবীর, দক্ষ সেনাপতি এবং বিশিষ্ট সাহাবা খালিদ বিন ওয়ালিদ ইবনে মুগিরা রাদ্বিআল্লাহু তা'য়ালা আনহু এবং আবু উবাইদুল্লাহ রাদ্বিআল্লাহু তা'য়ালা আনহু এর নেতৃত্বে অভিযান চলতে থাকে। এমন সময় খলিফা খালিদ বিন ওয়ালিদ রা. এর নিকট পত্র প্রেরণ করে আশ-শামে অভিযানের নির্দেশ দেন। ৬৩৬ সালে সংঘটিত হয় ইয়ারমুকের যুদ্ধ যা ইসলামের ইতিহাসে অত্যন্ত বড় একটি অর্জন। বাইজেন্টিনদের বিরুদ্ধে এই যুদ্ধে বিলাদ আশ-শাম এবং পবিত্র নগরী কুদস বিজয় হয়। এই যুদ্ধ বাইজেন্টিন সাম্রাজ্যকে দুই ভাগে ভাগ করে দিয়েছিল। যুদ্ধে হেরে রোমান সেনারা দামিশকে আশ্রয় নেয়। মুসলিম সেনা দামিশককে চারিদিক থেকে অবরোধ করে রাখে। অবশেষে দামিশক নগরী মুসলিম বাহিনীর কাছে আত্মসমার্পন করতে বাধ্য হয়। দামিশকের জনগণ সাবলীলভাবে মুসলিমদের স্বাগত জানিয়েছিল। ইয়ারমুকের যুদ্ধে বিজয়ের অন্যতম কারণ ছিল সেনাপতি খালিদ রা. এর রণকৌশল। কিন্তু খালিদ রা. মদিনায় ফিরে গেলে খলিফা উমর ইবনুল খাত্তাব রাদ্বিআল্লাহু তা'য়ালা আনহু তাকে সেনাপতির পদ থেকে অব্যাহতি দেন এই শঙ্কায় যে মুসলিমরা ধরে নিবে খালিদ বিন ওয়ালিদ এর জন্য ইসলামের জয় হয়েছে কিন্তু বাস্তবে-আল্লাহর অনুগ্রহ ছাড়া বিজয় নেই।
আশ-শামের সাথে কুরাইশদের উমাইয়া বংশের বাণিজ্যের সম্পর্ক অনেক পুরনো। সঙ্গত কারণে খলিফাতুল মুসলিমিন উমর ইবনুল খাত্তাব রাদ্বিআল্লাহু তা'য়ালা আনহু ইয়াজিদ ইবনে আবু সুফিয়ানকে এবং তার মৃত্যুর পর মুয়াওয়িয়া ইবনে আবু সুফিয়ান রা. কে আশ-শামের আমির হিসেবে দামিশকে পাঠান। বাইজেন্টিনদের পাশে অবস্থিত হওয়ায় নিরাপত্তাজনিত কারণে আশ-শামে মুসলিমদের বৃহত্তম সেনা মজুদ ছিল যতটা মদিনা কিংবা মক্কাতেও ছিল না। উসমান রাদ্বিআল্লাহু আনহু খলিফা হলেও মুয়াওয়িয়া রা. কে আশ-শামের দায়িত্বে অব্যাহত রাখেন। কিন্তু তাঁর সময় মুসলিমদের ব্যাপক বিস্তৃতি ঘটায় অনেকে ষড়যন্ত্রে লিপ্ত হয়। মুয়াওয়িয়া ছিলেন উসমানের গোত্রের, এই যুক্তি দেখিয়ে তাঁর বিরুদ্ধে স্বজনপ্রীতি এবং দুর্নীতির অভিযোগ আনে। এভাবে মুসলিমদের মাঝে ফিতনা সৃষ্টি হয় এবং ৬৫৬ খ্রিস্টাব্দে খাওয়ারিজরা উসমান রা. কে নির্মমভাবে হত্যা করে। এই ফিতনাকে কেন্দ্র করে মুসলিম খিলাফতে বিশৃঙখলা সৃষ্টি হয়। পরবর্তীতে খলিফা আলী রা. খিলাফতের রাজধানী কুফায় স্থানান্তর করেন।
উমাইয়া খিলাফতঃ(৬৬১-৭৫০)
দামিশকের ইতিহাসের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে উমাইয়া খিলাফতের ইতিহাস। এই খিলাফতের বিস্তৃতি ছিল মাশরিকে সিন্ধ পর্যন্ত আর মাগরিবে আল-আন্দালুসিয়া পর্যন্ত; যা পৃথিবীর ইতিহাসে অষ্টম বৃহত্তম সাম্রাজ্য। আর দামিশক এই বিশাল খিলাফতের রাজধানী।
মুয়াওয়িয়া ইবনে আবু সুফিয়ান-
মুয়াওয়িয়া রা. ছিলেন কুরাইশ বংশের বনু উমাইয়া গোত্রের। সেই উমাইয়া গোত্রের নামানুসারেই খিলাফতের নামকরণ করা হয়েছে। উসমান রা. এর মৃত্যুর পর মুয়াওয়িয়া রা. তাঁর চাচাতো ভাইয়ের হত্যার কিসাসকে অধিক গুরুত্ব দেন এই নিয়ে আলী রা. এর সাথে তাঁর মতবিরোধ সৃষ্টি হয়। একে কেন্দ্র করে সিফফিন নদীর তীরে দীর্ঘ সিফফিনের যুদ্ধও অনুষ্ঠিত হয় যা ইসলামের ইতিহাসে এক রক্তক্ষয়ী যুদ্ধ। এ যুদ্ধে উভয়পক্ষে হাজারো মুসলিম এবং অনেক সাহাবি শহীদ হন।
খলিফাতুল মুসলিমিন আলী রাদ্বি আল্লাহু তা'য়ালা আনহু এর শাহাদাতের পর হাসান রাদ্বি আল্লাহু তা'য়ালা আনহু কুফায় খলিফার দায়িত্ব নেন। কিন্তু মুসলিম উম্মাহর ঐক্য এবং ফিতনার অবসানের জন্য তিনি খিলাফত ত্যাগ করেন। তিনি ৬ মাস খলিফা ছিলেন। তিনি মুয়াওয়িয়া রা. এর সাথে চুক্তি করেন যা অনুযায়ী মুয়াওয়িয়া রা. মুসলিম উম্মাহর খলিফা হবেন।
মুয়াওয়িয়া রা. শাসক হিসেবে অত্যন্ত ন্যায়পরায়ণ এবং জনকল্যাণী ছিলেন। তিনি বিভিন্ন উন্নয়নমূলক কাজ করেন এবং মুসলিম সেনাকে সমৃদ্ধ করেন। তিনিই প্রথম মুসলিমদের নৌবাহিনী এবং আভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনী (পুলিশ) তৈরি করেন। তিনিই প্রথম মুসলিম আদালত নির্মাণ করেন৷ আগে মসজিদে যাবতীয় রাজনৈতিক আলোচনা এবং সালিশী হতো। তাঁর এক বিশাল লাইব্রেরি ছিল যা থেকে জানা যায় তিনি জ্ঞানচর্চায় আগ্রহী ছিলেন। মুয়াওয়িয়া রা. এর শাসনামলে মসজিদে নববী এবং মসজিদে হারামে মিনার তৈরি করা হয়।
আহলে সুন্নাহর আলোকে তাঁকে সম্মানের চোখে দেখা হয় কারণ তিনি একজন সাহাবি ছিলেন। তিনি একজন প্রখ্যাত হাদিসের রাবি ছিলেন। যে ক’জন সাহাবি কুরআন লিপিবদ্ধ করেন (কাতিবে ওয়াহি) তাঁদের একজন ছিলে মুয়াওয়িয়া রা. যা অত্যন্ত সম্মানের। এছাড়া আব্দুর রাহমান ইবনু আবী উমাইরাহ থেকে বর্ণিত, রাসূলুল্লাহ ﷺ বলেন-"হে আল্লাহ তুমি মুয়াবিয়াকে হেদায়াতের রাহবার বানাও, পথ প্রদর্শন কর, মানুষকে তার দ্বারা হিদায়াত দাও।" (সুনানে তিরমিজি) মুয়াওয়িয়া রা.-ই ২৭ হিজরী প্রথম সমুদ্রপথে মুসলিম বাহিনী নেতৃত্ব দেন যা সাইপ্রাস অভিযান নামে পরিচিত। রাসূলুল্লাহ ﷺ বলেন- "আমার উম্মতের মধ্যে যে বাহিনী সর্ব প্রথম সমুদ্র অভিযানে অংশ নিবে তারা নিজেদের জন্য জান্নাত ওয়াজিব করে নিবে।" (সহীহ বুখারী ১/৪১০ হাদিসঃ ২৯২৪) সুতরাং নিঃসন্দেহে ইসলামের ইতিহাসে মুয়াওয়িয়া রা. একজন সম্মানিত সাহাবি এবং খলিফা। তাঁকে অসম্মান করা মুসলিমদের শোভা পায় না।
ইয়াজিদ ইবনে মুয়াওয়িয়া-
ইসলামের ইতিহাসে অন্যতম আলোচিত ব্যক্তি ইয়াজিদ ইবনে মুয়াওয়িয়া। ইয়াজিদ উমাইয়া বংশের দ্বিতীয় খলিফা এবং বংশক্রমিকধারায় খলিফা হওয়ার দৃষ্টান্ত এই প্রথম। ইয়াজিদের শাসনকাল ছিল মাত্র তিন বছর। তার পুত্র দ্বিতীয় মুয়াওয়িয়া কেবল ২০ দিন খলিফার পদে আসীন ছিল।
আব্দুল মালিক ইবনে মারওয়ান ইবনে আল হাকামঃ
ইয়াজিদের পর উমাইয়া বংশের অপর গোত্রের মারওয়ান ইবনে আল হাকাম ক্ষমতায় আসেন। তিনি উসমান রা. এর সময় ফার্সের আমির এবং মুয়াওয়িয়া রা. এর সময় হিজায এর আমির ছিলেন। তবে এসময় খিলাফত প্রায় ভেঙ্গে গেছিল। এসময় মুসলিম উম্মাহ বিভিন্ন ভাগে ভাগ হয়ে যায়।
১. উমাইয়াদের অধীনে মিশর ও সিরিয়া
২. আব্দুল্লাহ ইবনে আয যুবাইর রা. এর খিলাফতের অধীনে হিজায
৩. খাওয়ারিজদের অধীনে ইরান এবং আরব পেনিনসুলা
৪. শিয়াদের অধীনে ইরাক।
মারওয়ানের পুত্র খলিফা আব্দুল মালিক এই পরিস্থিতি সমাধানে হাজ্জাজ বিন ইউসুফকে হিজাযে প্রেরণ করেন। হাজ্জাজ বিন ইউসুফ মক্কা মুকাররমায় আব্দুল্লাহ ইবনে আয যুবাইর রা. কে নির্মমভাবে হত্যা করেন। এর মধ্য দিয়ে ইসলামের দ্বিতীয় ফিতনার অবসান ঘটে। কিন্তু হাজ্জাজকে এরপর ইরাকের আমির নিয়োগ দেওয়া হয়। এর উদ্দেশ্য ছিল ইরাকের খাওয়ারিজ ও শিয়া শক্তিকে দমন করা। বলা বাহুল্য, হাজ্জাজ বিন ইউসুফ অত্যন্ত জালিম শাসক ছিলেন।
তবে আব্দুল মালিক ইবনে মারওয়ানের সময় কিছু গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন হয়। এদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ইসলামের প্রথম নিজস্ব মুদ্রাব্যবস্থা প্রতিষ্ঠা। বাইজেন্টাইন সাম্রাজ্য যখন ঈসা ইবনে মারিয়াম (আ)-এর চিত্র সংবলিত স্বর্ণমুদ্রা চালু করে খলিফা আব্দুল মালিক ইবনে মারওয়ান এর প্রতিবাদে বাইজেন্টাইনদের স্বর্ণমুদ্রা প্রত্যাহার করে দামিশকে খিলাফতের নিজস্ব স্বর্ণমুদ্রা অর্থাৎ দিনার প্রস্তুত করেন। এটি ছিল ইসলামী অর্থব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ ঘটনা। এছাড়া তিনিই ফিলিস্তিনের আল-আকসা মসজিদে কুব্বাত-ই-সাখরা বা The dome of rock নির্মাণ করেন।
আল ওয়ালিদ ইবনে আব্দুল মালিকঃ
আল ওয়ালিদের খিলাফতে উমাইয়া খিলাফত সবচেয়ে বিস্তৃতি লাভ করে। তার সময় মাগরিবে উত্তর আফ্রিকা ও আল-আন্দালুসিয়া এবং মাশরিকে সিন্ধ এবং মধ্য এশিয়ায় ইসলামের প্রসার হয়। তারিক বিন জিয়াদ রহ. এবং মুহম্মদ বিন কাসিম রহ. এর মত ইসলামের মহান যোদ্ধারা তার সময়কালেই ইসলামের দ্বীন কায়েমে সংগ্রাম করেন। তবে আল ওয়ালিদের মৃত্যুর পর তার ভাই সুলায়মান ইবনে আব্দুল মালিক খলিফা হন। হাজ্জাজ বিন ইউসুফের মৃত্যুর পর তার ভাতিজা মুহম্মদ বিন কাসিমকে সিন্ধ থেকে খলিফা ডেকে পাঠান এবং তাকে হত্যা করা হয়। হাজ্জাজের সাথে ব্যক্তিগত দ্বন্দ্বের জন্যই তিনি এ কাজ করেন বলে ধারণা করা হয়।
উমর ইবনে আব্দুল আজিজ রহঃ
উমর ইবনে আব্দুল আজিজ রহঃ এর পিতা মারওয়ানের পুত্র এবং মাতা উমর ইবনুল খাত্তাব রা. এর নাতনি। চরিত্রে এবং খলিফা হিসেবে উমর ইবনে আব্দুল আজিজ ছিলেন উমর ইবনুল খাত্তাবের প্রতিচ্ছবি। তাই উমাইয়া বংশের অন্যান্য জালিমদের মাঝে তাঁকে রাশিদিন খলিফার মর্যাদা দেওয়া হয়। তাঁকে প্রথম শতাব্দীর মুজাদদিদ হিসেবে গণ্য করা হয়। তাঁর প্রায় তিন বছরের খিলাফত ছিল অত্যন্ত শান্তির এবং ন্যায়ের। তাঁর স্ত্রী ফাতিমা বিনতে আব্দুল মালিক ছিলেন পৃথিবীর ইতিহাসে অন্যতম সৌভাগ্যবতী মহিলা যার দাদা, পিতা, ৪ ভাই এবং স্বামী এত বড় সাম্রাজ্যের খলিফা ছিলেন। অথচ উমর রহ. এবং তাঁর পরিবারের জীবনযাপন ছিল অত্যন্ত সাধারণ ও সাদামাটা। উমর রহ. এর যাবতীয় সম্পত্তি সব বাইতুল মালে জমা রাখেন। খলিফা হয়েও তাঁর এমন অর্থ ছিল না যে তিনি হজ্জ পালন করবেন। এমনকি তিনি জুমার সালাতে যেতে দেরি করতেন নিজের একমাত্র জামা শুকানোর অপেক্ষায়। সুবহানাল্লাহ। এক ঈদে উমর রহ. কে ফাতিমা বললেন তার সন্তানদের পরার মত ভালো কাপড় নেই। তাই তিনি যেন আগামী মাসের বেতন অগ্রীম নিয়ে নেন। উমর রহ. বাইতুল মালের হিসাবরক্ষককে এক মাসের অগ্রীম বেতন চাইলে হিসাবরক্ষক বলেন, "হে আমিরুল মু'মিনিন! আপনি কি আমাকে নিশ্চয়তা দিতে পারবেন যে এই অর্থ পরিশোধে আপনি আগামী মাস পর্যন্ত বেঁচে থাকবেন?" এ কথা শুনে খলিফাতুল মুসলিমিন খালি হাতে বাড়ি ফিরেন এবং তাঁর সন্তানদের কাছে কাঁদতে কাঁদতে ক্ষমা চান। তখন তাঁর সন্তানেরা উত্তরে বলেন, "না, আব্বা আপনি ক্ষমা চাইবেন না। আজ আমাদের জীবনের অনেক খুশির দিন। আজ আমাদের মাথা উঁচু হয়ে গেছে। আজ দুনিয়া জানতে পারবে আমাদের পিতা, আমিরুল মু'মিনিন, বাইতুল মালের এক দিরহামও গ্রহণ করেন না যা তার অধিকার নাই। আমাদের পিতা আমাদের কেবল হালাল আয়ে ভরণপোষণ করেন।"
উমর রহ. এর আমলে খিলাফতজুড়ে দলে দলে মানুষ ইসলাম কবুল করেন। এতে জিযিয়া কর প্রচুর পরিমাণে কমে যায় যা ছিল খিলাফতের আয়ের মূল উৎস। এজন্য ক্ষমতালোভীরা উমর রহ. কে বিষপ্রয়োগ করে হত্যা চেষ্টা করে। পরবর্তী খলিফা কারণ দর্শান যে অমুসলিমরা জিযিয়ার ভয়ে মুসলিম হচ্ছে। তাই আরব ব্যতিত বাকি নওমুসলিমদের ওপর জিযিয়া আরোপ করা হয় যা সুন্নাহর বিরোধী এবং ইসলামের সাথে সাংঘর্ষিক।
পরবর্তী খলিফাগণ পূর্বের মতই জালিম ছিলেন, তেমন স্থায়ী ছিলেন না এবং তাদের মাঝে অন্দরকোন্দল দেখা দেয়। এরকম বিশৃঙখল অবস্থায় খোরাসান থেকে আব্বাসী অভ্যুত্থান দেখা দেয়। আবু মুসলিম নামক অজ্ঞাত ব্যক্তি বা দলের হাতে দামিশকে খলিফা দ্বিতীয় মারওয়ানের পরাজয় ঘটে এবং সাদা পতাকাবাহী উমাইয়া খিলাফতের পতন ঘটে। (চলবে ইন শা আল্লাহ্)
ছন্দখচিত সুগন্ধি
পাঠকের মন্তব্য
এখনও কোনো মন্তব্য হয়নি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

