ইসলামে ভেজালঃ বিদ’আত
কেউ যদি ইসলাম নিয়ে পড়াশোনা করে বাংলাদেশে প্রধান পালিত ধর্মের সাথে মিলিয়ে দেখে তাহলে ভ্যাবাচ্যাকা খেয়ে যাবে - বুঝতেই পারবে না যে বাংলাদেশের মানুষ আসলে মানে কী। আর যদি কারো ইসলামের ‘বাংলাদেশ ভার্সন’ মানতে মানতে আসল ইসলামের

বিসমিল্লাহির রাহমানির রাহিম
কেউ যদি ইসলাম নিয়ে পড়াশোনা করে বাংলাদেশে প্রধান পালিত ধর্মের সাথে মিলিয়ে দেখে তাহলে ভ্যাবাচ্যাকা খেয়ে যাবে - বুঝতেই পারবে না যে বাংলাদেশের মানুষ আসলে মানে কী। আর যদি কারো ইসলামের ‘বাংলাদেশ ভার্সন’ মানতে মানতে আসল ইসলামের সাথে পরিচয় হয় তখন কূল রাখাই দায় হয়ে যায়, মানব কোনটা? বাপ-দাদার সামাজিক ইসলাম নাকি আল্লাহ্র ইসলাম? রবীন্দ্রনাথ বলেছিল বাঙালি নাকি ধর্মের খাঁচা নিয়ে উদ্বাহু নৃত্য কর; পাখিটা যে উড়ে গেছে তার কোনো খেয়াল রাখে না। কিন্তু সত্যটা হল আমাদের হাতে যে ভাঙাচোরা খাঁচাটি আছে টা আসলে পাখির খাঁচাই না। ইসলামের বুননটি এমনি যে খাঁচা ঠিক থাকলে পাখি তাতে থাকতে বাধ্য। যারা পাখির খোঁজে দেশ-বিদেশের তাত্ত্বিকদের কাছে ধর্ণা দিচ্ছেন তারা ইসলাম চেনেইনি।
ইসলাম কিন্তু প্রচলিত অর্থে ‘ধর্ম’ নয়, ‘বাদ’ বা ‘ইজম’ নয়, কোনো আদর্শ বা তত্ত্বের নাম নয়। বরং এটা একটা ‘দ্বীন’ বা জীবনব্যবস্থা যার মূল ভিত্তি তাওহিদ। একজন মানুষ যখন তাঁর বিবেক-বুদ্ধি ব্যবহার করে আল্লাহ্কে তার ‘রব্ব’ - সৃষ্টিকর্তা, প্রতিপালক এবং প্রভু হিসেবে চিনতে পারে তখন সে নিঃশর্তভাবে আল্লাহ্কে একমাত্র ‘ইলাহ’ - উপাস্য হিসেবে মেনে নেয়। তখন সে আল্লাহ্র আদেশ এবং নিষেধ এ দুইয়ের কাছেই করে আত্মসমর্পণ। আর এই আত্মসমর্পণকেই বলা হয় ইসলাম।
একজন মুসলিম প্রতিদিন যে কাজই করে তাকে দু’ভাগে ভাগ করা যায়ঃ
১। মুআ’মালাত বা জীবনযাপনের সাথে সম্পর্কযুক্ত কাজ; যেমন উপার্জন করা, ঘুমানো, বাজারে যাওয়া, বিনোদন ইত্যাদি। এই কাজগুলো মানুষ মাত্রই করে, হোক সে হিন্দু-খ্রিস্টান বা নাস্তিক, হোক সে মুসলিম।
২। ইবাদাত বা আল্লাহ্র দাসত্বের সাথে সম্পর্কযুক্ত কাজ; যেমন নামায, যাকাত, রোজা, হাজ্ব, কুরবানি, বিচার করা ইত্যাদি। এ কাজগুলো শুধু মুসলিমরা করে, হিন্দু-খ্রিস্টান-বৌদ্ধরা করে না।
মুআ’মালাতের ক্ষেত্রে মেনে চলতে হবে নিষেধ আর ইবাদাতের ক্ষেত্রে মেনে চলতে হবে আদেশ। এই মূলনীতি এসেছে কুরআনের এই আয়াতেঃ “রসূল তোমাদের যা দেন তা গ্রহণ কর, আর যা থেকে সে তোমাদের নিষেধ করেন তা থেকে বিরত হও”
মুআ’মালাতের ক্ষেত্রে মূলনীতি হল যা নিষেধ করা হয়েছে তা ছাড়া বাকি সবই করা যাবে। উপার্জন করার বিষয়টি ধরা যাক। এ ক্ষেত্রে আল্লাহ্ তার রসূল(সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) এর মাধ্যমে কিছু জিনিস সুস্পষ্টভাবে হারাম বা নিষিদ্ধ করে দিয়েছেন। এই নিষিদ্ধ জিনিসগুলোর সংশ্লিষ্টতা না থাকা সবকিছুই হালাল বা অনুমোদিত। যেমন সিগারেট মানবদেহের ক্ষতি করে বিধায় হারাম। এখন একজন মুসলিম চাষীর জন্য তামাক চাষ করা নিষিদ্ধ। একজন মুসলিম ব্যবসায়ীর জন্য সিগারেটের ব্যবসা নিষিদ্ধ। একজন মুসলিম বিজনেস গ্রাজুয়েটের জন্য ব্রিটিশ আমেরিকান টোবাকোতে চাকরি করা নিষিদ্ধ। একজন মানুষ যখন নিজেকে মুসলিম বলে দাবি করবে তার কর্তব্য হবে ইসলামে হারাম যে কোন জিনিস থেকে উপার্জনকে মুক্ত রাখা।
যারা তর্ক শুরু করে “ইসলাম চৌদ্দশ বছর আগের ধর্ম” - কথাটা বলে তারা বোঝেইনি ইসলাম কী। চৌদ্দশ বছর আগের কথা বাদ দেই - পঞ্চাশ বছর আগেও সিডি বলে কিছু ছিল না, আজ আছে। এর ব্যবসা করা যাবে কি? ইসলামের মূলনীতি বলে - অশ্লীল, বাজনাসহ গান, পাইরেটেড সফটওয়্যার সহ আর যা হারাম আছে সেগুলো বাদ দিয়ে সিডির ব্যবসাতে সমস্যা নেই। অথচ ডিজিটাল বাংলাদেশের আইটি নীতিমালাই এখনো চূড়ান্ত হয়নি!
বিজ্ঞানের বদৌলতে মানুষের দৈনন্দিন জীবনে বহু কিছু নতুন আসবে। সে ক্ষেত্রে আমরা হারামের নীতিমালা মেনে, সেগুলো বাদ দিয়ে বাকি সবকিছু গ্রহণ করতে পারব। রসূল(সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) এর যুগে মানুষ চড়ত উটে, ভাসতো জাহাজে; এখন প্লেনে চলে, গাড়িতে চড়ে। এতে কোন সমস্যা নেই কারণ মানুষ আকাশে উড়া যাবে না বা দ্রুত চলা যাবে না এমন কোন নিষেধ আমরা কুরআন এবং সহীহ সুন্নাহ থেকে পাই না। বর্তমান সভ্যতার যে সুবিধাগুলো আমাদের জীবনে ভোগ করছি তা আল্লাহ্র দেয়া অনুগ্রহ এবং পরিমিতভাবে তার সুব্যবহারে কোন নিষেধ নেই।
এবার ইবাদাতের ব্যাপারে আসা যাক। ইবাদাতের ব্যাপারে মুলনীতি হলো যা করতে আদেশ করা হয়েছে তা ছাড়া বাকি সব কিছুই নিষিদ্ধ। কোন ইবাদাত যতই ভালো লাগুক না কেন তার পক্ষে যদি কুরআন এবং সহীহ হাদিস থেকে কোন প্রমাণ না পাওয়া যায় তবে সেটা করা নিষিদ্ধ। কেউ যদি এমন করে তবে সেটা হবে ‘বিদ’আত’।
ইসলামি পরিভাষায় বিদ’আত হল আল্লাহ্র দ্বীনের মধ্যে নতুন করে যার প্রচলন করা হয়েছে এবং শরীয়তের কোন সাধারণ কিংবা সুনির্দিষ্ট দলীল নেই। দলীল বলতে আল-কুরআন এবং সহীহ হাদিস বুঝায়। যঈফ বা দুর্বল হাদিস যেহেতু নিশ্চিতভাবে রসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) থেকে এসেছে তা প্রমাণ করা যায় না সেহেতু তা দিয়ে কোন বিধানও জারি করা যায় না।
বিদ’আত পাপের তালিকায় অনেক বড় পাপ, শির্কের পরেই এর স্থান। এর কারণ বিদ’আত করা মানে আল্লাহ্কে খুশি করতে এমন কিছু করা যা রসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) করেননি অথবা করতে বলেননি। আমি যখন বিদ’আত করি সেটার দু’টো মানে দাঁড়ায়ঃ
১. মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) রসূল হিসেবে তাঁর দায়িত্ব ঠিক মত পালন করে যাননি। আমি যে কাজটি (বিদ’আত) করছি সেটা একটা ভালো কাজ অথচ এই ইবাদাতটির কথা রসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলে যাননি।
২. আমি রসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) এর চাইতে বেশি ভালো মানুষ, কারণ আমি আল্লাহ্র সান্নিধ্য পেতে এমন সব ইবাদার করছি যা তিনি করেননি।
এ দু’টিই আমরা যে কালিমা পড়ে মুসলিম হই তার বিরুদ্ধে যায়। কারণ ‘মুহাম্মাদুর রসূলুল্লাহ’ কথাটি বলার মাধ্যমে আমরা এই সাক্ষ্য দেই যে, আল্লাহ্ মানুষ জাতির মধ্যে সবচেয়ে ভাল মানুষটিকে বেছে নিয়ে তাকে শেষ রসূল করে আমাদের কাছে পাঠিয়েছেন। আর তিনি আল্লাহ্র কাছ থেকে যা কিছু এসেছে তার সবকিছু মানুষের কাছে পৌঁছে দিয়ে তাঁর দায়িত্ব চমৎকারভাবে পালন করেছেন।
শুধু তাই নয় বিদ’আত কুরআনের আয়াতের বিরোধীতা পর্যনত করে। আল্লাহ্ সুবহানাহু বিদায় হাজ্বের দিন নাযিল করেছিলেনঃ
“আজ আমি তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পূর্ণ করলাম এবং তোমাদের ওপর আমার নিআমত সম্পূর্ণ করলাম এবং তোমাদের জন্য দ্বীন হিসেবে পছন্দ করলাম ইসলামকে”
এর মানে আল্লাহ্ তাঁর রসূলের জীবদ্দশাতেই কী করতে হবে আর কী করা যাবে না তা স্পষ্ট করে দিয়েছেন। যখন কেউ বিদ’আত করছে সে আল্লাহ্র পূর্ণ করে দেয়া দ্বীনে কিছু যোগ করছে বা বদলে দিচ্ছে। খোদার উপর খোদাগিরির নিকৃষ্টতম উদাহরণ এটা। পূর্ণ মানে পূর্ণ; এতে যোগ-বিয়োগ বা পরিবর্তন করার তো কোন সুযোগ নেই।
ইমাম শাতেবী বিদাতির সতেরটা ভয়াবহ পরিণাম উল্লেখ করেছেন। এর মধ্যে প্রথমটি হল যে বিদাতির ফরয বা নফল কোন ইবাদতই কবুল হয় না যতক্ষণ পর্যন্ত সে তাওবা করে ঐ বিদ’আত ছেড়ে দিচ্ছে! কষ্ট করে আদায় করা নামায, যাকাত, হাজ্ব, রোযা সবই আল্লাহ্র কাছে অগ্রহণযোগ্য হবে যদি তাতে বিদ’আত মিশে যায়। শুধু তাইনা বিদ’আত করার কারণে তার উপর আল্লাহ্র, সকল ফেরেশতা এবং মানুষের অভিশাপ নেমে আসে।
সাধারণ একজন মানুষ একটা পাপ করে অনুতপ্ত হয়, তার খারাপ লাগে, সে আল্লাহ্র কাছে মাফ চায়। কিন্তু যে বিদ’আত করছে সে ভাবে সে ভাল কাজ করছে আর তাই তার খারাপও লাগে না, সে কখনো ক্ষমাও চায়না। শুধু তাইনা, একজন বিদাতি তার কাজের সাথে একমত না হওয়ায় সুন্নাতের অনুসরণাকারীদের ঘৃণা করে। আমরা যে আজ এত ভাগে বিভক্ত তার মূল কারণ সুন্নাত ছেড়ে দেয়া আর বিদ’আতে জড়িয়ে পড়া।
বিদ’আত সুন্নাতের শত্রু। এক গ্লাস ভরা পানির মধ্যে যদি কোন জিনিস ফেলা হয় তখন সেই জিনিসটাকে জায়গা করে দিতে গিয়ে কিছুটা পানি পড়ে যায়। ঠিক তেমন কোন বিদ’আত যখন চালু হয় তখন সেখানকার সুন্নাত সরে যায়। যেমন আমাদের দেশে ফরজ নামাযের পর হাত তুলে গণ মুনাজাত করা হয়। এর ফলে আল্লাহ্র রসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) সালাম ফেরানোর পর যে দু’আগুলো পড়তেন সেগুলো পড়ার আর সুযোগ থাকে না। কারণ জনগণ তখন ইমামের অবোধ্য শব্দমালার সাথে আমিন আমিন বলতে ব্যস্ত থাকেন।
বিদ’আত নিয়ে রসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) এর উপদেশের সারমর্ম হলঃ
“নিশ্চয়ই সর্বোত্তম বাণী আল্লাহর কিতাব এবং সর্বোত্তম আদর্শ মুহাম্মদের আদর্শ। আমার পর তোমাদের মধ্যে যে জীবিত থাকবে সে বহু মতবিরোধ দেখতে পাবে, এমতাবস্থায় তোমরা অবশ্যই আমার ও হিদায়াতপ্রাপ্ত খুলাফায়ে রাশেদিনের সুন্নাত অবলম্বন করবে। আর তা অত্যন্ত মজবুতভাবে দাঁত দিয়ে আঁকড়ে ধরবে, দ্বীনের ব্যাপারে নতুন আবিষ্কার থেকে অবশ্যই বেঁচে থাকবে। কারণ, নব উদ্ভাবিত প্রত্যেক বিষয় বিদ’আত আর প্রত্যেক বিদ’আত হল ভ্রষ্টতা এবং প্রত্যেক ভ্রষ্টতার পরিণাম জাহান্নাম।”
বিদ’আত থেকে বেঁচে থাকার জন্য আমাদের যা করতে হবে তা হল সুন্নাত সম্পর্কে জানা। কোন কাজ রসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) কিভাবে করতেন সেটা কুরআন এবং সহীহ সুন্নাতের দলীল থেকে আমাদের জেনে নিতে হবে। এ অভ্যাস জীবনের প্রত্যেক স্তরে প্রয়োগ করতে হবে। নামায কিভাবে পড়ব এটা যেমন রসুল (সাল্লল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) এর সহীহ হাদিস থেকে শিখে নিব ঠিক তেমনি মানুষ মারা গেলে কী করতে হবে তাও আল্লাহ্র রসূল (সাল্লল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) থেকেই শিখতে হবে।
কেউ যদি কোন ইবাদাত করতে বলে তবে সে যেই ইবাদাত করতে বলবে তার সপক্ষে তাকে প্রমাণ দেখাতে হবে। যেমন কেউ যদি বলে - “আসরের নামায ৪ রাকাত ইশার নামায ৪ রাকাত, মাগরিব ৩ রাকাত কেন? নামায পড়া তো ভাল কাজ। বেশি পড়লে সমস্যা কী? মাগরিব ১ রাকাত কম পড়ব কেন? রসূল কোথায় নিষেধ করেছেন যে মাগরিবের নামায ৪ রাকাত পড়া যাবে না?” তাকে বলতে হবে - যেহেতু রসূল (সাল্লল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) ৩ রাকাত পড়েছেন তাই তার মানে ৩ বাদে বাকি সব সংখ্যাই বাদ। কোনটা করা যাবে না সেতার তালিকা অসীম।
আল্লাহ্র রসূল (সাল্লল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) যা করেছেন সেটা বাদে বাকি সব বাতিল তার প্রমাণ এই হাদিসখানাঃ
“যে কেউ একটা ভালো কাজ করল যা করার আদেশ আমি দেইনি তা প্রত্যাখ্যাত এবং গ্রহণযোগ্য নয়। আমাদের দ্বীনে নতুন কিছু সংযোজন ও সৃষ্টি করবে যা মূলত তাতে নেই সেটি পরিত্যাজ্য।”
অনেকে বিদ’আতের বিরুদ্ধে কথা তুললেই বলেন তাহলে মাইক ব্যবহারও বিদ’আত - এটাতো নতুন আবিষ্কার। মাইক দিয়ে আযান দিলে বেশি সাওয়াব হবে এ জন্য কেউ মাইকে আযান দেয় না, দেয় যাতে বেশি মানুষ আযান শুনতে পায় সেজন্য। একই কারণে রসূলের যুগে গলার স্বর উঁচু করে আযান দেয়া হত। বিদ’আত হতে হলে জিনিসতাকে ইবাদাত হতে হবে - যার মাধ্যমে মানুষ আল্লাহ্র সন্তুষ্টি চায়।
বিদ’আত নিয়ে সন্দেহে থাকে অনেকেই, ভাবে শবেবরাতের ইবাদাতের কোন সহীহ হাদিস নেই তো কী হয়েছে, দুর্বল হাদিস তো আছে। ঐ রাতে অনেক নামায পড়লাম, শবে বরাত সত্যি হলে তো সওয়াব পেলামই - আর না থাকলেও ক্ষতি কী? নামাযের সওয়াব তো পাব।
একথা মনে রাখতে হবে ইসলামে সন্দেহ-সংশয়ের কোন অবকাশ নেই। যা করতে হবে সব কিছু নিশ্চিত হয়ে। রসূল (সাল্লল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ
“হালাল স্পষ্ট, হারাম স্পষ্ট এবং এর মাঝে কিছু সন্দেহের বস্তু আছে যার সম্পর্কে অনেকেই অজ্ঞ। যে এসব সন্দেহের বিষয়গুলো এড়িয়ে চলল সে নিজের দ্বীন ও সম্মানকে রক্ষা করল। কিন্তু যে সন্দেহের বিষয়ে জড়িয়ে গেল সে (যেন) হারামে জড়িয়ে গেল।”
একজন প্রতি রাতে তাহজ্জুদ পরে, সে ১৫ই শাবানের রাতেও নামায পড়বে - তাতে কোন সমস্যা নেই। কিন্তু যদি কেউ এ রাতে নামাযের বিশেষ কোন মর্যাদা আছে সেজন্য নামায পড়ে তবে সে বিদ’আত করল। এ রকম অজস্র বিদ’আত আমাদের সমাজে প্রচলিত আছে - শবে মিরায, মিলাদ মাহফিল, নামাযের আগে আরবিতে মুখস্থ নিয়ত বলা, সশব্দে দলবদ্ধভাবে যিকির করা, খুতবার আগে বসে বসে বাংলায় বয়ান করা, আজানের আগে দরুদ পড়া, বিশ্ব-ইজতেমা, ফাতেহা-ই-ইয়াজদহম, কুলখানি, চল্লিশা, চেহলাম, উরশ, পীরের বাইয়াত ইত্যাদি অসংখ্য বিদ’আত আমাদের ইসলামের চেহারাকেই বদলে দিয়েছে।
নিশ্চিত প্রমাণ ছাড়া আমল করাই যাবে না। এর প্রকৃষ্ট উদাহরণ হল ‘ইমাওমুশ শাক্ক’। শাবান মাসের ২৯ তারিখে যদি আকাশে মেঘের জন্য চাঁদ দেখা না যায়, তবে পরের দিনকে বলা হয় ‘ইমাওমুশ শাক্ক’ বা সন্দেহের দিন। কারণ এটা রমযানের ১ তারিখ হতে পারে আবার শাবানের ৩০ তারিখ হতে পারে। কিন্তু আল্লাহ্র রসূল (সাল্লল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) এ দিন রোযা থাকতে নিষেধ করেছেন এবং শাবান মাসের ৩০ দিন পুরো করতে বলেছেন। অনিশ্চিত অবস্থায় নিরাপদ থাকতে গিয়ে একদিন আগে রোযা রাখাকেই হারাম করা হয়েছে।
ইমাম ইবনু কাসির তার তাফসির গ্রন্থে উল্লেখ করেছেন যে নিচের আয়াতটি বিদআতিদের ক্ষেত্রেও প্রযোজ্য -
“আমি কি তোমাদের এমন লোকদের কথা বলবো, যারা আমলের দিক থেকে সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত? (এরা হচ্ছে) সেসব লোক যাদের সকল প্রচেষ্টা এ দুনিয়ায় বিনষ্ট হয়ে গেছে, অথচ তারা মনে মনে ভাবছে, তারা (বুঝি) ভালো কাজই করে যাচ্ছে।”
আমাদেরকে বুঝতে হবে সিরাতাল মুস্তাকিম একটাই, আর সেটা হল রসূলুল্লাহ (সাল্লল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) এবং তার সাহাবাদের পথ। এ ছাড়া অন্য যে পথেই মানুষ যাবে সে পথ যত সুন্দর মনে হোক না কেন বা যত কষ্টের হোক না কেন সেটা আল্লাহ্ থেকে শুধু দূরেই নিয়ে যাবে। তাই সুন্নাতের সরল পথ ছেড়ে বিদ’আতের পঙ্কিল পথে যাবার দরকার কী? বিদ’আতে হাসানা নাম দিয়ে রসূল ও তার সাহাবাদের না করা একটা আমল করার চেয়ে তাদের সুন্নাতটা পালন করা কি বেশি নিরাপদ নয়?
সুন্নাত এবং বিদ’আতের ব্যাপারে ড. খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রচিত এহইয়াউস সুনান’ একটা চমৎকার বই। আর বিদ’আতের চেনার ব্যাপারে জানতে চাইলে ড. মুহাম্মদ মানজুরে ইলাহী লিখিত ‘বিদ’আত চেনার মূলনীতি’ বইটি পড়া যেতে পারে। এই মূলনীতিগুলো প্রয়োগ করে আমরা নিজেরাই আমাদের সমাজে প্রচলিত বহু ইসলামি আচরণকে বিদ’আত হিসেবে চিনতে পারব ইন শা আল্লাহ্।
একটা সাবধান বাণীঃ কোন কাজকে বিদ’আত বলে ফতোয়া দেবার আগে নিশ্চিত হতে হবে যে সহীহ সুন্নাহতে এর কোন উৎস নেই। সহীহ হাদিসের বিশাল ভান্ডার ও সাহাবাদের অসংখ্য বর্ণনাতে যে ইবাদাতটি নেই তা আমাদের স্বল্প জ্ঞান নিশ্চয়তার সাথে বলতে পারে না। তাই কোন কাজকে বিদ’আত হিসেবে চিহ্নিত করার জন্য উপযুক্ত ও যোগ্য আলিমদের মতামত নেয়া জরুরী। তবে এতাও ঠিক কোন আলিম যদি একটা ইবাদাতের পক্ষে কুরআন এবং সহীহ সুন্নাহ থেকে যথাযথ দলীল না দেখাতে পারেন তবে তিনি যত বড় আলিমই হোক না কেন, সেই কাজকে ইবাদাত নয় বরং বিদ’আত হিসেবে গণ্য করতে হবে এবং তা থেকে বেঁচে থাকতে হবে। কারণ আলিমরা মানুষ বিধায় তাদেরও ভুল হওয়া স্বাভাবিক।
আল্লাহ্ আমাদের বিদ’আত থেকে বেঁচে রসূল (সাল্লল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) এর সুন্নাত মেনে চলার মানসিকতা ও সামর্থ্য দিন। আমিন।
পাঠকের মন্তব্য
এখনও কোনো মন্তব্য হয়নি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

