হিজাব পরে সব করা যায়
দিনাজপুর সদর ১. -ঐশী এতো তড়িঘড়ি করে কই যাচ্ছিস? নাস্তাটা করে যা। - না রে, আমার হাতে একদম সময় নাই! দেরি হয়ে যাচ্ছে। - কলেজে ক্লাস শুরু হতে তো অনেক দেরি। তুই যাচ্ছিসটা কই? - দোস্ত আমার এক্সট্রা ক্লাস আছে আজকে হিসাববিজ্ঞানে

বিসমিল্লাহির রাহমানির রাহিম
দিনাজপুর সদর
১.
-ঐশী এতো তড়িঘড়ি করে কই যাচ্ছিস? নাস্তাটা করে যা।
- না রে, আমার হাতে একদম সময় নাই! দেরি হয়ে যাচ্ছে।
- কলেজে ক্লাস শুরু হতে তো অনেক দেরি। তুই যাচ্ছিসটা কই?
- দোস্ত আমার এক্সট্রা ক্লাস আছে আজকে হিসাববিজ্ঞানের, ঐযে ঔদিন স্যার যে পড়ালো না আজকে নাকি গ্যাপ ফিলআপ করবে।
-আচ্ছা ঠিক আছে সাবধানে যা, জলদি আসিস কিন্তু!
- তুই আজ কলেজে যাবি না?
- নাহ রে দোস্ত, হালকা জ্বর আসছে, মাথা ব্যাথা। তুই সাবধানে যা।
- আচ্ছা আচ্ছা ঠিক আছে, টাটা।
- আল্লাহ হাফেজ
আজকের দিনটা অন্যসব দিনের মতো সাদামাটা হলেও, কোনো এক বিশেষ মায়া দিনটাকে সবার কাছে বিশেষায়িত করেছে। শীতের হাড়কাঁপানো ঠাণ্ডা থেকে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলেছে প্রকৃতি। পাতা ঝরে যাওয়া কুয়াশায় দিনগুলো এখন সময়ের ভারে বিলীন হতে শুরু করেছে। পাতাঝরা মৃতপ্রায় গাছগুলোতে এখন সবুজের ছোঁয়া লাগতে শুরু করেছে। বসন্তের হাওয়া বইতে শুরু করেছে বেশ ক'দিন হলো। আজ দিনপঞ্জিতেও ফাগুনের নামটা ফুটল।
ঐশী ও সারাহ দু'জনেই উচ্চমাধ্যমিক প্রথম বর্ষের ছাত্রী। দু'জনের বাড়ি ভিন্ন জেলায় হওয়ায় একই মেসে থাকাকালীন তাদের পরিচয় হয়, তাদের বন্ধুত্বটাও এখন অনেকটাই নিবিড়। দু'জনেই মাশা-আল্লাহ সালাত আদায় করে। ঐশি একটু আধটু হাল আমলের ফ্যাশনেবল হিজাব পরে, অন্যদিকে সারাহ পরিপূর্ণ পর্দা করেই চলে। রোজ সকালটা সারাহ শুরু করে ফজরের সালাত আর কুরআন তিলাওয়াতের মধ্য দিয়ে। ঐশী ফজরে উঠতে আলসেমি করলেও বান্ধবী সারাহ তাকে একরকম জোর করেই সালাতের জন্য উঠিয়ে দেয়।
ঐশী নিয়মিত পাঁচ ওয়াক্ত সালাত আদায় করলেও গান শোনায় আসক্ত। দিনের বেশিরভাগ সময় তাকে হেডফোন কানে চলতে দেখা যায়। সারাহ ওকে অনেকবার বুঝিয়েছে যে এসব গানবাজনা ইসলামে পুরোপুরি হারাম। কিন্তু ঐশীর যুক্তি হলো, গান শুনলে তার নাকি মুড ভালো হয়ে যায়। তার চিন্তাভাবনা "সানসিল্ক হিজাব রিফ্রেশ" এডটার মতো। "হিজাব পরে সব করা যায়!"
২.
রক্ষণশীল পরিবারে বড় হওয়া মেয়ে সারাহ। দ্বীনের পথে চলতে পরিবারের মানুষের সর্বাত্মক সমর্থন পেয়েছে সে। তাই ছোট থেকে কখনো হারাম রিলেশন তো দূরের কথা, কোনো ছেলের সাথে বন্ধুত্ব পর্যন্ত করেনি। অপরদিকে ঐশী হলো বাবা-মায়ের আদরের দুলালী, কলিজার টুকরা, নয়নের মণি। ছোট থেকেই মেয়ের কোনো চাহিদা বাদ রাখেননি তার বাবা। একমাত্র মেয়ে হওয়ার যা খেতে মন চায়, যা করতে ইচ্ছা করে, যেখানে যাওয়ার শখ হয়, বাবা-মা বিনাবাক্যে মেনে নেন। সারাহর জোরাজোরিতে ঐশী সালাত ধরলেও পরিপূর্ণ নিকাব পরা শুরু করেনি। ঐশীর আকর্ষণীয় হিজাবের ডিজাইন কলেজের সবাইকে তাকাতে বাধ্য করে। একেকদিন একেক রকমের স্টাইল। কলেজের বখাটে ছেলেগুলো তো বটেই, মেধাবীরা পর্যন্ত তার পেছনে ফুলের তোরা নিয়ে ছোটে। কলেজে ঐশীর ছেলেবন্ধুর কোনো অভাব নেই। সবাইকে সে বন্ধু ভাবে। যাকে হালআমলের "জাস্ট ফ্রেন্ড" বলা হয় আরকি। এসব দেখে সারাহ সর্বাত্মকভাবে চেষ্টা করে ঐশীকে পরিপূর্ণ পর্দায় আবৃত করতে।
"ঐশী, কতদিন এভাবে চলবি তুই? ছেলেদের সাথে এতো কিসের ভাব তোর? তুই যে ওদের সাথে ঘুরতে যাস, এতো বিশ্বাস কীভাবে করিস দু'দিনে পরিচিত হওয়া ছেলেদের?"
"আরে দোস্ত, ওরা সবাই আমার খুব ভালো ফ্রেন্ড। এর বেশি কিছুই না। তুই যেমন আমার বন্ধু ওরাও আমার বন্ধু। উই আর জাস্ট ফ্রেন্ডস্। আর বিশ্বাসের কথা বললে...আসলে ওরা খুব ভালো রে। আমার অনেক কেয়ার করে। বোনের মতো আগলে রাখে আমাকে। ওরা আমার সাথে কখনো খারাপ বিহেভ করে নি।"
"দোস্ত, তুই যেটাকে কিছুই না বলছিস সেটাকে ইসলামে যিনা বলা হয়েছে। চোখের যিনা হলো দেখা, কানের যিনা হলো শোনা, অন্তরের যিনা হলো খারাপ কিছু চিন্তা করা, মুখের যিনা হলো কথা বলা, হাতের যিনা হলো স্পর্শ করা।60সহিহ বুখারিঃ ৬২৪৩, ৬৬১২ ; সহিহ মুসলিমঃ ২৬৫৭ আর তোদের বন্ধুত্বে আর কিছু হোক আর না হোক অন্তরের যিনা হওয়ার প্রোবাবিলিটি প্রায় শতভাগ। যিনার আরও কিছু..."
সহিহ বুখারিঃ ৬২৪৩, ৬৬১২ ; সহিহ মুসলিমঃ ২৬৫৭
"হইসে হইসে এবার থাম। তুই এখনো ইসলামের কিছুই বুঝিস না তাহলে। ইসলাম হলো শান্তির ধর্ম। ইসলাম অনেক সহজ, এই তোর মতো ব্যাকডেটেড চিন্তাধারার মানুষগুলোই ইসলামকে কঠিন বানিয়েছে!"
"দোস্ত ইসলাম শান্তির ধর্ম। কিন্তু এই শান্তি আসবে যদি নিজের সব ইচ্ছে আল্লাহর কাছে সোপর্দ করে পরিপূর্ণ আত্মসমর্পণ করা হয়।"
"দোস্ত, আমি তো নামাজ পড়ি আর পর্দাও করি। হিজাব ছাড়া আমাকে বাইরে যেতে দেখেছিস কখনো? আর সবাই মিলে একসাথে থাকলে সমস্যা কোথায়! ফ্রেন্ড তো থাকতেই পারে। আমি তো আর বেপর্দা হয়ে ঘুরি না।"
সারাহর কথাগুলো ঐশী সেদিন এক প্রকার উড়িয়েই দিয়েছিল। তার মন ও মগজে একটাই ভাবনা, "হিজাব পরে সব করা যায়!"
৩.
আসরের সালাতের পর সারাহ কিছু সময় একাকী বসে জিকির করছে। আজ তার মনে হঠাৎ এক মহীয়সী নারীর কথা মনে পড়ছে। যিনি তাঁর মালিকের কাছে এই বলে দুআ করেছিলেন, "হে আমার পালনকর্তা! আপনার কাছে জান্নাতে আমার জন্য একটি ঘর তৈরি করুন। আমাকে ফেরাউন ও তার দুষ্কর্ম থেকে উদ্ধার করুন এবং আমাকে জালেম সম্প্রদায় থেকে মুক্তি দিন।" (সূরা তাহরীম, ৬৬/১১)
সারাহও দু-হাত তুলে তার মালিকের কাছে ঐ একই কথা বলে দুআ করছে এবং অশ্রুসিক্ত নয়নে তার কাছে রহমত আর ক্ষমা প্রার্থনা করছে এবং হিদায়াত চাইছে প্রিয় বান্ধবীর জন্য যার সাথে সে জান্নাতেও একসাথে থাকতে চায়। সাথে এও বলছে যে, "হে আমার প্রতিপালক! তোমাকে ডেকে আমি কখনো বিফল হইনি।" ( সূরা মারইয়াম ১৯/৪)
দুআ শেষে তার মনে পড়লো, "কী ব্যাপার! বিকেল পার হয়ে যাচ্ছে ঐশী এখনো মেসে ফিরছে না কেনো? ক্লাস তো অনেক আগেই শেষ হওয়ার কথা! মেয়েটার কোনো বিপদ হলো না তো?" অনেক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সারাহর মাথায়।
সারাহ ফেসবুক অন করে কিছুক্ষণ নিউজ ফিড স্ক্রল করল। স্ক্রল করতে করতে হঠাৎ একটা সাজেসটেড ভিডিও সামনে আসলো। ভিডিওতে সারাহ যা দেখলো, সেটা দেখার জন্য সে মোটেও প্রস্তুত ছিলো না! ভিডিওতে সে দেখল যে, তার বান্ধবী একটা ছেলের সাথে খাওয়া-দাওয়া করছে। তারা বসে আছে খুবই ঘনিষ্ঠভাবে। ঐশীর হাত ছেলেটার হাতে। হাতে হাত রেখে তারা গল্প করছে মাঝে মাঝে একে অপরকে খাইয়েও দিচ্ছে! আর কে যেনো সেটা গোপনে ভিডিও করছে। এ দৃশ্য দেখতে না দেখতেই তার ফোনটা ধপাস করে হাত থেকে ফ্লোরে পড়ে গেলো। সারাহ কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে রইলো। সে ভাবছে, "এটা কি সেই ঐশী যাকে জান্নাতে একসাথে থাকার স্বপ্ন সে দেখতো? যাকে সর্বদা দ্বীনের পথে চলার জন্য তাগিদ দিত?"
৪.
এদিকে ঐশীর ওই ভিডিওটা ফেইসবুকে রীতিমতো ভাইরাল হয়ে পড়েছে। বিভিন্ন পেজ আর আইডি থেকে সবাই ব্যাকগ্রাউন্ডে রোমান্টিক গান লাগিয়ে আপলোড করতে শুরু করলো। সন্ধ্যা গড়িয়ে রাত নামল ঐশীর কোনো হদীস পাওয়া গেলো না। সারা রাতভোর ঐশীর ফোন সুইচ অফ করা। সারাহ বারবার আল্লাহর কাছে দুআ করছে ঐশী যেন ভালোভাবে মেসে ফিরে আসতে পারে। তাহাজ্জুদের জায়নামাজে সারাহ তার বান্ধবীর জন্য দুআ করছিলো অশ্রুসজল চোখে।
পরদিন সকাল। আজকের সকালটাও আর পাঁচটা সকালের মতো, নতুন কোনো বিশেষত্ব নেই। কিন্তু ঐশীর চিন্তায় সারাহ সারারাত ঘুমাতে পারেনি। সকাল আটটার দিক সারাহর এক বান্ধবী তাকে ফোন দিয়ে বলল টেলিভিশনে সকালে খবর দেখতে বলল। ইউটিউবে সকালে খবর দেখতে গিয়ে সারাহ দেখলো তার প্রাণপ্রিয় বান্ধবীর নিথর দেহ আত্রাই নদীর ধারে পড়ে আছে! মাথায় তার সেই হিজাব! চেহারায় দু'একটা আঙুলের ছাপ, শরীরের কিছু বিশেষ অংশ রক্তাক্ত! খবরের উপস্থাপিকা বলছেন, "আজ সকালে আত্রাই নদীর ধারে উচ্চমাধ্যমিক প্রথম বর্ষের শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।" পোস্টমর্টেম রিপোর্টে বলা হয়েছে বিকৃতভাবে ধর্ষণ এবং অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু ঘটে তার। আজ পনের তারিখ, ১৫ই ফেব্রুয়ারী। গতকালের বিশ্ব ভালোবাসা দিবসের বিস্ময়কর উপহার পেলো ফ্যাশনেবল হিজাব পরা মেধাবী ছাত্রী ঐশী।
"হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে!"
১৯শে ফেব্রুয়ারি, ২০২১ ঈসায়ী
৬ই রজব, ১৪৪২ হিজরী
নিকাব61এটি আয়াত সিরিজের ২য় পর্ব। ১ম পর্বটি পড়ুন এখানে -
এটি আয়াত সিরিজের ২য় পর্ব। ১ম পর্বটি পড়ুন এখানে -
ফারিহা জান্নাত62মহিষবাথান, রাজশাহী
মহিষবাথান, রাজশাহী
[এক]
দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আয়াত বই পড়ছে। এটা তার পুরনো আর প্রিয় একটি অভ্যাস। হঠাৎ কলিংবেল বেজে উঠল। আয়াত দরজা খুলে দেখলো ইলমা এসেছে। আয়াত জিজ্ঞেস করলো,
“কীরে কবে এসেছিস গ্রামের বাসা থেকে? তোকে এতবার কল দিলাম ধরছিলি না কেন?”
- এমনিই রে। (একটু নিরব হয়েই বলল)
আয়াতের বুঝতে আর দেরি হলো না যে ইলমার মনটা একটু বেশিই খারাপ। মাস দুয়েক হলো ইলমা নিকাব পরা শুরু করেছে। অনেক আগে থেকেই সে শালীন পোশাক পরতো। পরবর্তীতে বোরকা পরলেও নিকাবটা একটু দেরিতেই ধরেছে। গত সপ্তাহে চাচাতো বোনের বিয়ে খেতে গিয়েছিল গ্রামের বাড়িতে। সেখানে তার নিকাব পড়া নিয়ে সবার নানান কথার সম্মুখীন হতে হয়। সে সহ্য করতে না পেরে আয়াতকে ফোন করে তার পরিস্থিতির কথা বলেছিল। কিন্তু আয়াত বুঝতে পারেনি দুনিয়াবি এই ক্ষুদ্র পরীক্ষায় তার মন এতো বেশি খারাপ হবে।
[দুই]
দুই কাপ কফি বানিয়ে আয়াত ইলমার পাশে গিয়ে বসলো। কফির মগটা ইলমার দিকে এগিয়ে দিয়ে জিজ্ঞেস করলো, “এবার সব খুলে বল কী হয়েছিল যার জন্য তোর মন এত বেশি খারাপ?”
ইলমা একটু সময় নিলো। কফিটা শেষ করে বলতে শুরু করলো, "বিয়ের অনুষ্ঠানে আমি নিকাব পরে সবার সামনে যেতেই সবাই আমাকে নিয়ে হাসাহাসি শুরু করে। আশপাশ থেকে অনেক বাজে বাজে মন্তব্য কানে আসে। আমি কারো সাথে খারাপ ব্যবহার না করে ধৈর্য ধরে আমার ঘরে আড়ালে এসে বসেছিলাম। কারণ সেখানে আমাকে সমর্থন করার মতো কেউ ছিলো না। সেদিন রাতে সবাই আমাকে ডেকে নানান ধরনের প্রশ্ন করে।
আমি তো এমন ছিলাম না, তাহলে হঠাৎ কেন এখন এমন হয়ে গেলাম? কোনো ভুল পথে চলে গেলাম নাতো? কে এমন পরিবর্তন আনলো? আম্মুকে আব্বুকে বলে দিয়েছে আমাকে নিয়ে সচেতন হতে। আমি কার সাথে মিশি, কী বই পড়ি, ফোনে কী দেখি সেগুলোর দিকে খেয়াল রাখতে। আমার সবথেকে বেশি ব্যক্তি সাধীনতায় সমর্থন করা বোনটা আমাকে আড়ালে ডেকে বলল, “তোর যা মন চায় তাই কর ইলমা কিন্তু এমন কিছু করিস না যার জন্য তোর ব্যক্তিত্ব আর স্বাধীনতা নষ্ট হয়। অন্ধকার জগতে ঢুকে যাচ্ছিস নাকি তুই একটু ভেবে দ্যাখ।”
কথাটা শুনে আয়াত মুখে হাত চেপে হেসে ফেললো। আয়াত জিজ্ঞেস করলো, “তুই কি হতাশ?”
“না না। কিন্তু সবাই এমন করলে,পরিবারের কেউ সমর্থন না করলে নিকাব ধরে রাখতে পারবো তো জীবনের শেষ অবধি?” ইলমার চেহারায় অজানা এক আশংকার ছাপ স্পষ্ট।
[তিন]
ইলমা কথা চালিয়ে গেল, “তুই বল ব্যাক্তিত্ব কি পোশাকের ওপর নির্ভর করে নাকি আচরণ, স্বভাব-চরিত্রে?”
আয়াত ভেবে চিন্তে উত্তর দিলো, “উম! আমার কাছে ব্যক্তিত্ব ‘পোশাক, আচরণ, স্বভাব-চরিত্র’ কোনোটার ওপরই নির্ভর করেনা।”
- তাহলে কিসে?
- আমার কাছে ব্যক্তিত্বের সংজ্ঞাটা একটু অন্যরকম।
- কেমন? (একটু কৌতুহল নিয়ে বলল)
- আমার কাছে ব্যাক্তিত্ব নির্ভর করে "নিয়তের ওপর"।
- নিয়তের ওপর? কিভাবে? (ইলমা পুরোপুরি অপ্রস্তুত ছিল এই উত্তরের জন্য)
আয়াত ইলমার দিকে তাকিয়ে বললো, “তোর মনে আছে? ক্লাস নাইনের সাংস্কৃতিক অনুষ্ঠানের পরের দিনের কথা? অনুষ্ঠানেও তোর কাঁধঢাকা হিজাব পরে আসা দেখে একজন তোকে বলেছিল, “এই বয়সে একটু স্টাইল করে হিজাব পরলেই তো পারিস সবার মতো। এমন বুড়ি সেজে থাকিস কেন?”
তুই বলেছিলি, “তোদের হিজাব পরার উদ্দেশ্য আর আমার উদ্দেশ্য এক না বলেই আমার হিজাব স্টাইল সব সময় একই থাকে। জায়গা অনুযায়ী পরিবর্তন হয় না। আর বয়ষ্ক লাগলে আমার পর্দাটাই সঠিক হয়তো, আলহামদুলিল্লাহ।”
ইলমা বললো, “হ্যাঁ মনে আছে।”
- জানিস ক্লাসের সবাই তোকে খুব ভয় পেত। কারণ তুই ইসলামিক কোন কিছু পেলেই খুব দীর্ঘ ব্যাখ্যা দিয়ে বুঝাতি। (আয়াত হেসে হেসে বলল)
একটু মন খারাপ নিয়েই ইলমা উত্তর দিলো, “হ্যাঁ জানি। অনেকে কানে হাত চাপা দিয়ে পালাতো ইসলামিক কোনো প্রসঙ্গ উঠলে। তাই আমি কারো সাথেই তেমন মিশতাম না।”
- আচ্ছা তোর মনে আছে ওই ঘটনাটা? (আয়াত ইংগিত দিয়ে বোঝাতে চাইলো)
- কোনটা?!
ঐ যে এলাকার সবচেয়ে প্রতিষ্ঠিত আর সুদর্শন ওই ছেলেটা যাকে আকৃষ্ট করার চেষ্টা করতো অন্য সব মেয়েরা। সেই ছেলেটা তোর চলাফেরার সরলতায় মুগ্ধ হয়ে এক বান্ধবীর মাধ্যমে তোকে হারাম সম্পর্কের প্রস্তাব দিয়েছিল। আর তুই তো খুশি হওয়া দুরেই থাক,আরো বেশি চিন্তায় পরে গিয়েছিলি কেন পছন্দ করলো? তোর চলাফেরায় কোন উগ্রতা ঢুকে যায়নি তো? এই ভেবে। সবাই যখন তোকে বলতো তুই অনেক বড় সুযোগ হারাচ্ছিস, এই সম্পর্কের ভবিষ্যত আছে। তুই তখন খুব রাগ করে বলতি, “আমার ভবিষ্যৎ আল্লাহ ঠিক করে রেখেছেন। আমাকে তাহলে কেন ঠিক করে রাখতে হবে। আমার সৃষ্টিকর্তা কী আমার থেকে বেশি অবগত নন কোনটা আমার জন্য ভালো?”
ইলমা অনেক অনুতপ্ত হয়ে বলল, “উফফ! মনে করতেও চাইনা সেই ঘটনা!”
আয়াত ইলমার মনের অবস্থা বুঝার জন্য একটু মজা করেই জিজ্ঞেস করলো, “আচ্ছা তুই এগুলো কেন করতি?”
- অবশ্যই আল্লাহ কে খুশি করার জন্য, তার আনুগত্যের জন্য। কিন্তু এটাইতো সমাজের কেউ বুঝতে চায় না। (দীর্ঘ একটা নিশ্বাস নিয়ে বলল)
- সমাজের সব মানুষকে বুঝানো কি অনেক বেশি প্রয়োজন?
[চার]
আয়াত ইলমার মনের অবস্থা বুঝতে পেরেছে। তার হতাশা দূর করার জন্য বলল, “হিসাব দিনে সাত শ্রেণির মানুষ আল্লাহর আরশের ছায়ায় স্থান পাবে। তার মধ্যে থাকবে,
* আল্লাহর এবাদতের মধ্যে বড় হওয়া যুবক (এবং যুবতী)
* নির্জনে যে আল্লাহকে স্মরণ করে এবং তার দুচোখ বেয়ে বয়ে যায় অশ্রুধারা
* যাকে কোন সুন্দরী নেতৃস্থানীয়া রমণী আহ্বান করল অশ্লীল কর্মের প্রতি, এবং প্রত্যাখ্যান করে সে বলল, আমি আল্লাহকে ভয় করি (এবং উল্টোটাও)
কল্পনা কর সেইদিন যখন দেখবি আমাদের সমাজের এই ব্যক্তিত্ববান মানুষগুলোর মধ্যে এতো সাধারণ হয়েও তোর অবস্থা তাদের থেকে ভালো। যখন সূর্যের তাপ সবাইকে বিগলিত করে ফেলেছে প্রায়, তখন তুই একই ময়দানে দাঁড়িয়ে থেকেও অক্ষত। সূর্যের তাপ তোর কোনো ক্ষতি করতে পারেনি কারণ অনুমতি নেই। তুই স্থান পেয়েছিস আল্লাহর আরশের ছায়ার নিচে। যার আনুগত্যের জন্য, তাকে খুশি করার নিয়তে তুই দুনিয়ার পুরোটা জীবন অনেক সরলতায় কাটিয়ে দিচ্ছিস। তুই তখন সবথেকে বেশি সম্মানিত আর মর্যাদাবান মানুষদের মধ্যে একজন। আর এই সম্মান আর কারো নয়, এই সৃষ্টিজগতের স্রষ্টা হতে প্রদত্ত। সেখানেই তুই হবি সৃষ্টিজগতের সব থেকে ব্যক্তিত্ববান মানুষগুলোর একজন।
[পাঁচ]
ইলমা সত্যি আয়াতের কথায় হারিয়ে গিয়েছিল। কেমন হবে সেই প্রাপ্তি যার জন্য এতো পরীক্ষা, ধৈর্য আর ত্যাগ? কল্পনা করতেও অনেক বেশি প্রশান্তি কাজ করে। সেই সর্বোচ্চ প্রাপ্তির কথা ভেবে ইলমার চোখে পানি চলে আসলো। আয়াত বললো, “এজন্যই আমার কাছে সেই সবচেয়ে ব্যক্তিত্ববান, যার নিয়ত শুধু আল্লাহ কে খুশি করা। আল্লাহর কাছে সম্মানিত হওয়া, এই মানুষ গড়া সামাজিক নিয়মের কাছে নয়। আল্লাহ কে খুশি করার নিয়ত থাকলে আচরণ, স্বভাব-চরিত্র আপনা আপনিই ঠিক হয়ে যায়।”
- ঠিকই বলেছিস। (চোখ মুছে ইলমা উত্তর দিলো)
- আর আল্লাহ কে খুশি করার নিয়ত করলে কোনো প্রতিকূলতায় তুই নিকাব ছাড়তে পারবি না। আল্লাহ আছেন তো সাহায্যকারী হিসেবে।
- হ্যাঁ রে। আসলে শয়তান আমাকে ভুলিয়েই দিয়েছিল জানা বিষয়গুলো।
- শয়তানের চাকুরীই তো ওইটা। (আয়াত বিরক্তি নিয়ে বলল)
- ইশশ! আর আমি হতাশ হয়ে শয়তানের বেতনটা বাড়িয়ে দিচ্ছিলাম। (ইলমা চিন্তিত হয়ে অবচেতন মনে বলে উঠলো)
কথাটা শুনে আয়াত হো হো করে হেসে দিল।
পাঠকের মন্তব্য
এখনও কোনো মন্তব্য হয়নি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

