গুনাহ থেকে বাঁচার ৩ টি কৌশল
লালমনিরহাট ১ম কৌশল — গুনাহ থেকে বেঁচে থাকার জন্য দৃঢ় হিম্মত করা ছাড়া বিকল্প আর কিছুই নেই। কলিজা ছিঁড়ে যায় যাক, তবুও কোনো সুন্দরীর দিকে তাকাবো না, পর্ণগ্রাফী দেখবো না, গান শুনবো না, আল্লাহর জন্য যাকে হৃদয়ের খাঁচা থেকে বিদ

বিসমিল্লাহির রাহমানির রাহিম
লালমনিরহাট
১ম কৌশল — গুনাহ থেকে বেঁচে থাকার জন্য দৃঢ় হিম্মত করা ছাড়া বিকল্প আর কিছুই নেই। কলিজা ছিঁড়ে যায় যাক, তবুও কোনো সুন্দরীর দিকে তাকাবো না, পর্ণগ্রাফী দেখবো না, গান শুনবো না, আল্লাহর জন্য যাকে হৃদয়ের খাঁচা থেকে বিদায় জানিয়েছি সেই প্রাক্তনের সাথে আর কথা বলবো না, অহেতুক আড্ডায় যুক্ত হবো না, লাইফস্টাইলকে সুন্নাত তরিকায় সাজাতে নিজের মনমতো স্টাইলগুলোকে কোরবানি দিয়ে দিবো…
প্রাণ চলে যায় যাক, তবুও আর হস্তমৈথুন করবো না, কু-কল্পনায় জড়াবো না, স্যার হয়ে ছাত্রীদের দিকে তাকাবো না, ছাত্রী হয়ে স্যারের দিকে তাকাবো না, বন্ধু হয়ে বান্ধবীর সাথে হাসি-মজাকে লিপ্ত থাকবো না, বান্ধবী হয়ে বন্ধুর সাথে মজে যাবো না, (জাস্ট ফ্রেন্ড বলতে কিছুই নেই, বন্ধু-বান্ধবী নামক দ্রবণের বিক্রিয়া একটাই— এই দুই প্রাণী কাছে আসলেই প্রেমিক-প্রেমিকা, ঘরে ঢুকলেই স্বামী-স্ত্রী মতন, দূরে থাকলে একে অপরের কল্পনার বিষয়বস্তু, নির্জনতায় সন্তান উৎপাদনের যন্ত্র...) তাই বেঁচে থাকুন এই অবলা প্রাণী থেকে।
আর বেঁচে থাকার জন্যই চাই কঠিন হিম্মত। প্রাণ যায় যাক, তবুও গুনাহ করবো না, দেখবো না, শুনবো না, বলবো না, চলবো না...। এটাকে একটা যুদ্ধক্ষেত্র মনে করুন। যে গুনাহের বিরুদ্ধে সবচেয়ে বেশি তলোয়ারের কোপ মারতে পারে, সে-ই তো সেরা যোদ্ধা। এখন কথা হলো আপনি আমি কি সেরা যোদ্ধা হতে চান না?
নাকি প্রত্যহ শয়তানের কাছে নির্লজ্জ পরাজয় স্বীকার করতে করতে অভ্যাস হয়ে গেছে? যা হয়েছে হয়েছে, আর না। সময় এসেছে ঘুরে দাঁড়ানোর। আল্লাহকে খুশি করতে চাইলে, খুশি করার মতো খুশি করবো। বুকের রক্ত ঢেলে দিয়ে, হৃদয় চূর্ণবিচূর্ণ করে, দেহের রন্ধ্রে রন্ধ্রে সহস্র ব্যথার জ্বালা-যন্ত্রনা সহ্য করে হলেও আল্লাহর জন্য গুনাহের কাজটি থেকে বিরত থাকবো। এটাই দৃঢ় হিম্মত।
শেষ নিশ্বাস অবধি তলোয়ার থেকে আগুনের ফুলকি তুলে বীর দর্পে গুনাহের বিপক্ষে লড়ে যাবো ইন শা আল্লাহ।
২য় কৌশল — এরপরেও যদি একটা গুনাহের কাজ হয়ে যায়! তো সমস্যা কী? দুটো নেক আমল করে বদলা নিয়ে নিন। বদলা নিতে হবে ঠিক সেটার বিপক্ষে যেটার জন্য আপনি গুনাহের কাজটি করেছেন। ধরুন, আপনি খুব মিথ্যা কথা বলেন। বদলা নিতে এবার দুই রাকাআত নফল সালাত পড়ে অকপটে সত্য বলে দিন, সেটা নিজের বিরুদ্ধে হলেও!
আপনি খুব মেয়ে দেখেন, রাস্তার কোনো মেয়েই আপনার নজর থেকে বাদ যায় না। নির্জনে বসে কিছুক্ষণ আল্লাহর জিকির করে আল্লাহর সামনে সেই চোখ দিয়েই কান্নাকাটি করুন যে চোখ দিয়ে গুনাহের কাজটি করেছেন! আপনি মানুষের খুব গীবত করেন! কিছু টাকা সদকা করে এবার নিজেকে গীবতকারী বলে প্রচার শুরু করে দিন যাদের নিয়ে গীবত করেছেন তাদের কাছে! ব্যস এই বিরুদ্ধ বদলা শুরু হয়ে গেলে গুনাহের কাজ কমতে কমতে শূন্যের কোঠায় চলে যাবে ইন শা আল্লাহ।
এই কৌশল দুটো কিছুদন ট্রাই করেই দেখুন না! কতোটা উন্নতি করতে পারছেন, নিজেই বুঝে যাবেন।
৩য় কৌশল — গুনাহের খায়েশাত সামনে আসলেই নিজেকে মৃত বলে ঘোষণা করুন। মৃত মানুষের যেমন স্বাদ-আহ্লাদ, হারাম ইচ্ছা, হারাম খায়েশ, হারাম কাম-বাসনা ইত্যাদি জাগ্রত হয় না। না আছে তার কুদৃষ্টি করার ক্ষমতা, না আছে তার যেনা করার ক্ষমতা, না আছে তার গুনাহের প্রতি আকাঙ্ক্ষা।
ঠিক তেমনি নিজেকে মৃত মনে করুন; আমি তো মরে গেছি! মরা মানুষের আবার কিসের এতো চাহিদা? কিসের গান শোনা? কিসের নাচানাচি? কিসের মেয়ে দেখা? কিসের পর্নোগ্রাফি? কিসের প্রেম-ভালোবাসা? কিসের হৈ-হুল্লোড় ঢাকঢোলে ফূর্তি? কিসের কামবাসনা? মরা মানুষের আবার দেহ বলে কিছু আছে নাকি? আমি তো এখন স্রেফ একটা রূহ! অর্থাৎ যখনই গুনাহের কাজ সামনে চলে আসবে তখনই মরে যান। মনে মনে বলুন— “আরেহ আমি তো মরে গেছি! মরা মানুষের এখানে কি? আমার তো কবরের আজাবের ভয়ে জড়োসড়ো হয়ে থাকার কথা!” ব্যস, দেখবেন গুনাহের আকাঙ্ক্ষা হাওয়া হয়ে গেছে! তবে এটা কিন্তু এক দিনে হবে না, এর জন্য নিয়মিত চেষ্টা চালিয়ে যেতে হবে।
“গুনাহের কাজ আমার সামনে আসলেই আমি যেনো মরা লাশ, আবার নেকির কাজ আমার সামনে আসার সঙ্গে সঙ্গে আমি একেবারে জিন্দা!” এই থিউরিটা নিজের ভেতর সেট করে নিতে হবে। দেখবেন গুনাহের কাজ একদম নাই হয়ে গেছে। আর নেকির কাজ উত্তরোত্তর বৃদ্ধি পেতেই আছে।
বিকল্প পদ্ধতিঃ গুনাহের কাজ সামনে আসার সঙ্গে সঙ্গে নিজেকে যদি মৃত বলে মনে করতে না পারেন, তাহলে অন্তত এটা ভাবতে পারেন যে; “আমি তো আর বেশি দিন বাঁচবো না!”
আমার ব্রেন টিউমার, ফুসফুসে ক্যান্সার কিংবা কিডনি অচল হয়ে গেছে। অথবা এক্সিডেন্টে হাত-পা অকেজো হয়ে গেছে। যেকোনো ভয়াবহ একটি শারীরিক সমস্যা খুব সিরিয়াস ভাবে মনে মনে মেনে নিন। কেনোনা আপনার জীবনেও তো এই অসুখ গুলো হতে পারতো। যদি হতো, তাহলে কী হতো? আপনি কি পারতেন প্রতিদিন এতো এতো গুনাহের কাজ কারতে? পারতেন না। তাই ধরে নিন আপনার ব্লাড ক্যান্সার হয়েছে বা কিডনি দু'টো নষ্ট হয়ে গেছে!
তো ব্লাড ক্যান্সারের রুগী বা কিডনি অচল হওয়া রুগী হিসেবে গুনাহের সাথে কিরকম সম্পর্ক হয় একবার হাসপাতালে গিয়ে স্বচক্ষে দেখেও আসতে পারেন। তারা না হৈ-হুল্লোড়ে আছে, না পর্নোগ্রাফীতে আছে, না হস্তমৈথুনে আছে, না নাচে গানে উম্মাদ হয়ে আছে! না আছে হারাম রিলেশনে! শুধুমাত্র একটু শান্তিতে বেঁচে থাকার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। যেটা আপনি আমি রেডিমেড পাচ্ছি! তো ঠিক সে রকম আপনিও নিজেকে ব্লাড ক্যান্সারের রুগী ভাবুন।
আর নিজেকে সম্মোধন করে বলুন— “তুই আর কয়দিন বাঁচবি বল? তোর তো জীবন শেষ-ই! এরপরেও কি তুই গুনাহ করবি? শেষ ক'টা দিন গুনাহ করেই মরবি তবে?”
কৌশলগুলো চেষ্টা করেই দেখুন। আমি করেছি এবং উপকৃত হয়েছি। আল্লাহ পাক আমাদের সকলকেই গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করুন।
পাঠকের মন্তব্য
এখনও কোনো মন্তব্য হয়নি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

