ফুল ও যৌবন
চৌরাস্তা, গাজীপুর সবাই ফুলকে ভালোবাসে! ফুল তার নিজ জায়গাতেই বড্ড বেশি সুন্দর। কারণ ফুল যতদিন গাছে থাকে তার গন্ধ, সৌরভ ও বাহ্যিকতা ততদিন থাকে অমলিন। যদিও সেও ঝরে পড়বে মাটির বুকে সময়ের ক্লান্তিতে কিংবা কারো হাতের ছোঁয়ায় ছি

বিসমিল্লাহির রাহমানির রাহিম
চৌরাস্তা, গাজীপুর
সবাই ফুলকে ভালোবাসে! ফুল তার নিজ জায়গাতেই বড্ড বেশি সুন্দর। কারণ ফুল যতদিন গাছে থাকে তার গন্ধ, সৌরভ ও বাহ্যিকতা ততদিন থাকে অমলিন। যদিও সেও ঝরে পড়বে মাটির বুকে সময়ের ক্লান্তিতে কিংবা কারো হাতের ছোঁয়ায় ছিটকে পড়বে তার স্থায়ীনিবাস থেকে। তখন আস্তে আস্তে সেও হারিয়ে ফেলে তার সৌন্দর্য, গন্ধ ও সৌরভ। ক্রমেই বিলীন হয়ে যায় মানুষের আকুলতা, কিছুক্ষণ পর মৃতপ্রায় হয়ে যায়। তখন ভ্রু কুঁচকে অবহেলিত ভঙ্গিমায় ফেলে দেওয়া হয় মাটিতে, কেউ কেউ পায়ের নিচে পিষিয়ে ফেলতেও দ্বিধাবোধ করে না। গাছে থাকার সময় সেই সুন্দর ফুলের ঘ্রাণ নেওয়ার জন্য মৌমাছি ছুটাছুটি করতো, মানুষগুলো তার সৌন্দর্যে বিমোহিত থাকতো কিন্তু সময়ের পরিক্রমায় একদিন সে তার নিজস্ব পরিচয় হারায়। হারিয়ে ফেলে তার সৌন্দর্য ও লাবন্য এবং বিলীন হয়ে যায় তার এই রূপ। নিঃশেষ হয়ে যায় তার অস্তিত্ব।
এখন ফুলের সাথে একটু মানুষের যৌবনকে তুলনা করেন। মানুষ যখন যুবক থাকে তখন শরীরের রক্ত নিউক্লিয়ার গতিতে ছুটতে থাকে দেহের এপার থেকে ওপারে। বাঁধ ভাঙা উল্লাস দোল খেয়ে যায় সবার হৃদয়ে। যৌবনের চাঞ্চল্যতা তাকে ছুটিয়ে বেড়ায় সম্ভাবনা ও সফলতার দুয়ারে দুয়ারে। তখন পরিবার থেকে শুরু করে সমাজের সকল শ্রেণীর চোখ সেই যুবকদের উপর ন্যস্ত থাকে। সেই বয়সে যৌবনের উচ্ছাসে সবার নয়নমণি হয়ে থাকে। তাদের গন্ধ, সুবাস, ঘ্রাণ ছড়িয়ে পড়ে মানুষের রন্ধ্রে রন্ধ্রে। পরিবার, সমাজ, স্ত্রী-সন্তান সবাই তার থেকে উপকার ভোগ করে।
কিন্তু সময় লগ্নে তাকেও ঝরে পড়তে হয় যৌবনের গাছ থেকে। ক্রমেই বৃদ্ধ হয়ে যায়, শরীর নিস্তেজ হয়ে যায়, শক্তি-সামর্থ্য ফুরিয়ে যেতে থাকে। পরিশেষে একসময় অন্যের উপর নির্ভরশীল হতে হয়। এভাবেই একসময় বিলীন হয়ে যায় চিরচেনা সেই যৌবন। এটা আমাদের জীবনের একটি চিরাচরিত চক্র। শৈশব-কৈশর-যৌবন-বৃদ্ধ এভাবেই শেষ হয়ে যায় তার জীবন। তখন ঝরে যাওয়া ফুল যেমন অর্থহীন ঠিক তেমনি যৌবন শেষ হয়ে যাওয়াটাও অর্থহীন। সমাজের বিভিন্ন ঘটনা দেখলেই বুঝা যায়, যে মা-বাবা যৌবনে তার পরিবারের জন্য ছায়া স্বরূপ ছিলেন কিন্তু একসময় তারাই বোঝা স্বরূপ হয়ে যান।
এটি একটি চক্র। ফুল যেমন ঝরে যাবে, মানুষের যৌবন তদ্রুপ নিঃশেষ হয়ে যাবে। এটা কিন্তু বাস্তব সত্য কেউ চাইলেও ঠেকাতে পারবে না। অনেকের জীবনচক্র শেষ হওয়ার আগেই ইতি ঘটে। কিন্তু যৌবন যেহেতু শেষ হওয়ারই কথা তাহলে এটিকে কেন আমরা স্রোতের বিপরীতে কাজে লাগাই না? ইসলামের স্রোতে কেন নিজেকে ভাসাতে পারি না? অথচ আল্লাহ যুবক বয়সের ইবাদতকে বেশি পছন্দ করেন।
হে ভাই, সময় ফুরিয়ে যাবে, সন্ধ্যা ঘনিয়ে আসবে, বেলা শেষ হয়ে যাবে। কিন্তু সময়গুলো যদি রবের ইবাদতবিহীন কাটে, আল্লাহর হুকুম থেকে গাফেল হয়ে কাটে, তাহলে ভাবুন সময় হয়ে গেলে ঈমান-আমলের ঝুলিতো ফাঁকাই পড়ে থাকবে। তাই তারুণ্যের ঝড় যদি আমায় বিপরীতে ঠেলে দেয়, ইসলাম থেকে দূরে নিয়ে যায় এটাই বড় ব্যর্থতা। আপনি চাইলেও নিজের যৌবনকে ধরে রাখতে পারবেন না। কখন মৃত্যু থাবা মারবে তারও ঠিক নেই। হোক তবে সময়ের আগেই বাড়ি ফেরা। এই ক্ষণস্থায়ী জীবনে গাড়ি-বাড়ির মালিক হওয়া সফলতা নয় বরং আল্লাহকে পাওয়াই বড় সফলতা।
শেষে একটা হাদিস দিয়ে শেষ করছি, নবী কারীম ﷺ বলেছেন, যে দিন আল্লাহর (রহমতের) ছায়া ছাড়া আর কোন ছায়া থাকবে না, সেদিন সাত ব্যক্তিকে আল্লাহ তা‘আলা তাঁর নিজের (আরশের) ছায়ায় আশ্রয় দিবেন। তার মধ্যে এক শ্রেণীর হলো----
সে যুবক যার জীবন গড়ে উঠেছে তার প্রতিপালকের ইবাদতের মধ্যে। (সহীহ বুখারী, ৬৬০)
তাই আসুন আল্লাহর দিকে ফিরে আসি এবং নবীজির রঙে রঙিন হই। ফুলের মতো ঝরে যাওয়ার আগেই নিজেকে পরিবর্তন করে ফেলি। ইন শা আল্লাহ দুনিয়া ও আখিরাতে আল্লাহ অবশ্যই সফলতা দান করবেন।
পাঠকের মন্তব্য
এখনও কোনো মন্তব্য হয়নি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

