দৃষ্টির হিফাজত
ভালুকা, ময়মনসিংহ নজর হিফাজত বর্তমানে সময় সবচেয়ে কঠিন কাজ৷ পাঁচ টাকার ব্লেড থেকে শুরু করে যত এ্যাড হয় সব জায়গায় মেয়েদের ছবি ব্যবহার করা হয়। সাবান এর প্যাকেট এর গায়ে লিখা থাকে হালাল সাবান। কিন্তু,সেই সাবান এর অপর পৃষ্ঠায়

বিসমিল্লাহির রাহমানির রাহিম
ভালুকা, ময়মনসিংহ
নজর হিফাজত বর্তমানে সময় সবচেয়ে কঠিন কাজ৷ পাঁচ টাকার ব্লেড থেকে শুরু করে যত এ্যাড হয় সব জায়গায় মেয়েদের ছবি ব্যবহার করা হয়। সাবান এর প্যাকেট এর গায়ে লিখা থাকে হালাল সাবান। কিন্তু,সেই সাবান এর অপর পৃষ্ঠায় থাকে মেয়েদের ছবি৷ নিজের নজরকে হিফাজত করা আর যুদ্ধের ময়দানে সেনাপতির দায়িত্ব পালন করা একই কথা। আর নজর হিফাজত ছাড়া কখোনোই ইবাদতে মজা পাওয়া সম্ভব না এবং নিজেকে পাপ থেকেও বিরত রাখা সম্ভব না। তাইতো ইমাম গাজ্জালী (রহ.) কত সুন্দর বলেছেন। "দৃষ্টি ব্যতিরেকে গোনাহ নিয়ন্ত্রণ অসম্ভব।"
দৃষ্টি সম্পর্কে হাফিয আল্লামা ইবনুল কাইয়্যিম (রহ.) লিখেছেনঃ ‘‘দৃষ্টিই হয় যৌন লালসা উদ্বোধক, পয়গাম বাহক। কাজেই এ দৃষ্টির নিয়ন্ত্রণ ও সংরক্ষণ মূলত যৌনাঙ্গেরই সংরক্ষণ। যে ব্যক্তি দৃষ্টিকে অবাধ, উন্মুক্ত ও সর্বগামী করে সে নিজেকে নৈতিক পতন ও ধ্বংসের মুখে ঠেলে দেয়। মানুষ নৈতিকতার ক্ষেত্রে যত বিপদ ও পদস্খলনেই নিপতিত হয়, দৃষ্টিই হচ্ছে তার সর্ব কিছুর মুল কারণ। কেননা দৃষ্টি প্রথমত আকর্ষণ জাগায়, আকর্ষণ মানুষকে চিন্তা-বিভ্রমে নিমজ্জিত করে, আর এ চিন্তাই মানুষের মধ্যে সৃষ্টি করে লালসার উত্তেজনা। এ যৌন উত্তেজনা ইচ্ছা শক্তিকে উদ্বুদ্ধ করে, আর ইচ্ছা ও প্রবৃত্তি শক্তিশালী হয়ে দৃঢ় সংকল্পে পরিণত হয়। এ দৃঢ় সংকল্প অধিকতর শক্তি অর্জন করে বাস্তবে ঘটনা সংঘটিত করে। বাস্তবে যখন কোন বাঁধাই থাকে না, তখন এ বাস্তব অবস্থার সম্মুখীন না হয়ে কারো কোন উপায় থাকে না।’’ আল-জাওয়াব আলকাফী, পৃষ্ঠা ২০৪
আল্লামাহ ইবনে কাসীর (রহ.) এ প্রসঙ্গে দৃষ্টি সম্পর্কে লিখেছেনঃ النظرة سهم سم إلى القلب "দৃষ্টি হচ্ছে এমন একটি তীর, যা মানুষের হৃদয়ে বিষের উদ্রেক করে।" (ইবনু কাসীর ৩য় খন্ড, ৩৭৬ পৃষ্ঠা)
অনিয়ন্ত্রিত দৃষ্টি চালনার কুফল সম্পর্কে সতর্ক করতে গিয়ে নাবী কারীম ﷺ ইরশাদ করেছেনঃ
"অনিয়ন্ত্রিত দৃষ্টি ইবলীসের বিষাক্ত বাণ বিশেষ।" (মুসনাদ আশ শিহাব ১ম খন্ড, ১৯৫-১৯৬ পৃষ্ঠা)
দৃষ্টি চালনা সম্পর্কে রাসূলের ﷺ নির্দেশ, "তোমাদের দৃষ্টিকে নিচু কর, নিয়ন্ত্রিত কর এবং তোমাদের লজ্জাস্থানের সংরক্ষণ করো।" (মু‘জামুল কাবীর, ৮ম খন্ড ২৬২ পৃষ্ঠা, হাঃ ৮০১৮)
রাসূল ﷺ আরো বলেন, "হে ‘আলী, একবার কোন পরস্ত্রীর প্রতি দৃষ্টি পড়লে পুনরায় তার প্রতি চোখ তুলে তাকাবে না। কেননা তোমার জন্যে প্রথম দৃষ্টিই ক্ষমার যোগ্য, দ্বিতীয়বার দেখা নয়।" (আবু দাউদ, ২১৪৯)
রসূলে কারীম ﷺ-কে জিজ্ঞেস করা হলঃ পরস্ত্রীর প্রতি আকস্মিক দৃষ্টি পড়া সম্পর্কে আপনার কী হুকুম? তিনি বললেনঃ "তোমার চোখ অন্যদিকে ফিরিয়ে নাও।" (আবু দাউদ, ২১৪৮)
দৃষ্টি ফেরানো কয়েকভাবে হতে পারে। উদ্দেশ্য হচ্ছে পরস্ত্রীকে দেখার পংকিলতা থেকে নিজেকে পবিত্র রাখা। আকস্মিক নিতান্ত অনিচ্ছা সত্ত্বেও যদি কারো প্রতি দৃষ্টি পড়ে যায়, তবে সঙ্গে সঙ্গেই চোখ নিচু করা, অন্যদিকে সরিয়ে নেয়া হচ্ছে ঈমানদার ব্যক্তির কাজ। নাবী কারীম ﷺ একবার নিকটে উপস্থিত লোকদের জিজ্ঞেস করলেন, "মেয়েলোকদের জন্য ভাল কী?” প্রশ্ন শুনে সকলেই চুপ মেরে থাকলেন, কেউ কোন জবাব দিতে পারলেন না। ‘আলী এখানে উপস্থিত ছিলেন। তিনি বাড়ি এসে ফাতিমা (রা.) কে এ বিষয়ে জিজ্ঞাসা করলেন। তিনি সঙ্গে সঙ্গেই জবাব দিলেনঃ لا يراهن الرجال ভিনপুরুষরা তাদের দেখবে না। এটাই তাদের জন্যে ভাল ও কল্যাণকর। অপর বর্ণনায় ফাতিমা বললেনঃ لا يرين الرجال ولا يرون هن মেয়েরা পুরুষদের দেখবে না, আর পুরুষরা দেখবে না মেয়েদেরকে। (দারকুতনী, বাযযার)
বস্তুত ইসলামী সমাজজীবনের পবিত্রতা রক্ষার্থে পুরুষদের পক্ষে যেমন ভিনমেয়েলোক দেখা হারাম, তেমনি হারাম মেয়েদের পক্ষেও ভিনপুরুষদের দেখা। কুরআন মাজীদে এ সম্পর্কে যেমন পাশাপাশি দু’টো আয়াতে রয়েছে- তেমনি হাদীসেও এ দুটো নিষেধবাণী একই সঙ্গে ও পাশাপাশি উদ্ধৃত রয়েছে। উম্মে সালামা বর্ণিত এক হাদীসের ভিত্তিতে আল্লামা শাওকানী লিখেছেনঃ পুরুষদেরকে দেখা মেয়েদের জন্য হারাম, ঠিক যেমন হারাম পুরুষদের জন্য মেয়েদের দেখা। (নাইলুল আওত্বর ৬ষ্ঠ খন্ড, ১৭৭ পৃষ্ঠা)
মোটকথা, গায়র মাহরম স্ত্রী-পুরুষের পারস্পরিক দৃষ্টি বিনিময় কিংবা একজনের অপরজনকে দেখা, লালসার দৃষ্টি নিক্ষেপ ইসলামে নিষিদ্ধ। এতে করে পারিবারিক জীবনে শুধু যে পংকিলতার বিষবাষ্প জমে তাই নয়, তাতে আসতে পারে এক প্রলয়ঙ্কর ভাঙ্গণ ও বিপর্যয়। মনে করা যেতে পারে, একজন পুরুষের দৃষ্টিতে কোন পরস্ত্রী অতিশয় সুন্দরী ও লাস্যময়ী হয়ে দেখা দিল। পুরুষ তার প্রতি দৃষ্টিপথে ঢেলে দিল প্রাণ মাতানো মন ভুলানো প্রেম ও ভালবাসা। স্ত্রীলোকটি তাতে আত্মহারা হয়ে গেল, সেও ঠিক দৃষ্টির মাধ্যমেই আত্মসমর্পণ করল এই পর-পুরুষের কাছে। এখন ভাবুন, এর পরিণাম কী? এর ফলে পুরুষ কি তার ঘরের স্ত্রীর প্রতি বিরাগভাজন হবে না? হবে নাকি এই স্ত্রী লোকটি নিজের স্বামীর প্রতি অনাসক্তা, আনুগত্যহীনা। আর তাই যদি হয়, তাহলে উভয়ের পারিবারিক জীবনের গ্রন্থি প্রথমে কলংকিত ও বিষ-জর্জর এবং পরে সম্পূর্ণরূপে ছিন্ন হতে বাধ্য। এর পরিণাম তো আমরা সমাজে দিনরাতই দেখতে পাচ্ছি। তাই নিজের ইবাদতের প্রকৃত সৌন্দর্য পেতে, গুনাহ থেকে বিরত থাকতে চাইলে আপনাকে অবশ্যই দৃষ্টি বা নজর হিফাজত করতেই হবে।
পাঠকের মন্তব্য
এখনও কোনো মন্তব্য হয়নি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

