ধর্মান্ধ
যাত্রাবাড়ি, ঢাকা একটি সিম্পল প্রশ্ন, "আপনি কি ধর্মান্ধ?" বিভিন্ন মানুষের ক্ষেত্রে এই প্রশ্নের উত্তর কী কী হতে পারে আর আসলে উত্তর কেমন হওয়া উচিত? প্রথমেই বিবেচনা করা যাক লিবারেল/সেক্যুলার নাস্তিকদের উত্তর কী হতে পারে। আমা

বিসমিল্লাহির রাহমানির রাহিম
যাত্রাবাড়ি, ঢাকা
একটি সিম্পল প্রশ্ন, "আপনি কি ধর্মান্ধ?" বিভিন্ন মানুষের ক্ষেত্রে এই প্রশ্নের উত্তর কী কী হতে পারে আর আসলে উত্তর কেমন হওয়া উচিত?
প্রথমেই বিবেচনা করা যাক লিবারেল/সেক্যুলার নাস্তিকদের উত্তর কী হতে পারে। আমার মনে হয় সবাই সেই উত্তর জানে, তারা বলবে তারা মোটেও ধর্মান্ধ না। তারা নিজেদেরকে মুক্তমনা, বিজ্ঞানমনষ্ক, প্রগতিশীল, স্বাধীনচিন্তক ইত্যাদি বলে দাবি করে। তারা বিজ্ঞান, যুক্তি এসবকে অন্ধ অনুসরণ করছে, আল্লাহর বিধানকে অনুসরণ করছে না (এখানে ধর্ম বলতে ইসলাম ধর্মই উদ্দেশ্য, কারণ ইসলাম ছাড়া বাকি সব ধর্মই বাতিল এবং ভ্রান্ত)। অথচ বিজ্ঞানও সদা পরিবর্তনশীল, একই ব্যাপারে পরস্পর বিরোধী যুক্তি সম্ভব। অল্প কিছু কমন ও সহজ উদাহরণ দেওয়া যাক।
বিজ্ঞান একসময় বলতো সূর্য পৃথিবীর চারদিকে ঘুরছে, পৃথিবী স্থির। তারপর বললো সূর্য স্থির, পৃথিবী সূর্যের চারদিকে ঘুরছে, এখন দেখা গেল সূর্যও পুরোপুরি স্থির নয়, নিজ গ্যালাক্সির চারদিকে এই সৌরজগত নিয়ে ঘুরছে। আবার যুুুক্তির অসারতা নিয়ে উদাহরণ দিতে গেলে বলতে হয় ২য় বিশ্বযুদ্ধের কথা। হিরোশিমা নাগাসাকিতে পারমাণবিক বোমা ফেলা হলো, এটা কি ভালো কাজ নাকি খারাপ কাজ? এখন হিরোশিমা নাগাসাকির মানুষের কাছে নিশ্চয়ই নির্মম ও জঘন্য অন্যায়। কিন্তু যারা বোমা ফেলেছে তাদের পক্ষেও তো যুক্তি দাঁড় করানো সম্ভব। এই বোমা ফেলায় বিশ্বযুদ্ধ তাড়াতাড়ি শেষ হয়েছে, তাদের অনেক সৈনিক বেঁচে গিয়েছে যারা নিজেদের কাছের মানুষদের কাছে ফিরতে পেরেছে, তাদের ঐ যুদ্ধের পিছনে আর তেমন শ্রম, অর্থ, সময় ইত্যাদি ব্যয় করতে হয়নি, তারা যে অর্থ যুদ্ধে ব্যয় করতো সেটা নিজ দেশের মানুষের উন্নয়নে ব্যয় করতে পেরেছে এরকম অসংখ্য যুক্তি দেখানো সম্ভব এই পক্ষে।
তাহলে এরকম অনেক ক্ষেত্রেই পরস্পরবিরোধী অসংখ্য যুক্তি খুঁজে বের করা সম্ভব। তেমনি বিজ্ঞানেও প্রমাণিত বিষয় ছাড়াও অনেক হাইপোথিটিক্যাল ব্যাপার আছে। অর্থাৎ, যুক্তিও সর্বদা পক্ষপাত মুক্ত নয়, অ্যাবসোলিউট ট্রু বা আল্টিমেট ট্রু বলা যায় না। আর মোরাল ভ্যালুজ এর কথাও যদি বলা হয় তাহলে দেখা যাবে তা ব্যক্তি, সমাজ, অঞ্চল, পরিবেশ, সিচুয়েশনভেদে ভিন্ন। তাই দেখা যায় এই লিবারেল/সেক্যুলার, নাস্তিক মানুষজন কোনো না কোনো মতবাদের অন্ধ অনুসরণই করছে মুক্তচিন্তার ট্যাগ লাগিয়ে।
পার্থক্য হলো বিশ্বাসী মুমিন অনুসরণ করছে সমস্ত জগতের স্রষ্টা আল্লাহর বিধানের আর লিবারেল/সেক্যুলার, নাস্তিকরা অনুসরণ করছে নিজের নফসের খাহেশাতের, পশ্চিমা কলোনিয়াল সভ্যতার, সুবিধাবাদী নীতির। তারা নিজেদের আকল ও যুক্তিকে প্রাধান্য দিতে চায়, অথচ একজন পাশবিক ও জৈবিক কামনা-বাসনা সম্বলিত মানুষের নানাবিধ মানবীয় দুর্বলতা নিয়ে শুধুমাত্র নিজের আকল ও যুক্তি দিয়ে সবসময় পক্ষপাতহীন সঠিক সিদ্ধান্তে পৌঁছানো যে কতটা অসম্ভব সেটা বলাই বাহুল্য।
দ্বিতীয়ত বিবেচনা করা যাক আধুনিক/মডারেট মুসলিমদের যাদের কাছে ইসলাম হলো কিছু ব্যক্তিগত রিচুয়ালস। তারাও আলোচ্য প্রশ্নের উত্তরে বলবে যে তারা ধর্মান্ধ নন। কারণ তারাও দ্বীনের ব্যাপারে দৈন্যতার শিকার। হয়তো তারা দ্বীন সম্পর্কে সম্যক অবহিত নয় অথবা জানলেও সব মানে না। সিলেক্টিভ ওয়েতে দ্বীন মানে। অর্থাৎ, ইসলামের যেসব বিধান মানতে কষ্ট হয়, কুরবানী করতে হয়, মেহনত ও পেরেশানি বিদ্যমান সেগুলো ছেড়ে দেয়। তারাও আল্লাহর বিধান সামনে পেলে বিনাবাক্যে মেনে নেয় না, আগে নিজের চিন্তাচেতনা ও যুক্তি দিয়ে বিচার করে। তারপর নিজের "চিন্তাভাবনা ও যুক্তির" বিচারে উত্তীর্ণ হলে তারপর হয়তো আমল করে অথবা তবুও করে না, শুধু এটা ইসলামের একটা বিধান বলে স্বীকৃতি দেয় মাত্র। আবার অনেকেই আছে যারা ইসলামের অনেক বিধানকে পালন করতে হবে অথবা এটা আল্লাহর বিধান বলেও স্বীকার করে না, বরং বিভিন্ন অপযুক্তি দেখায় যে এটা আল্লাহর বিধান হলেও এটা আধুনিক যুগে প্রযোজ্য নয় অথবা ইসলাম এতো কঠিন কিছু না, আলেমরা কঠিন করছে।
অর্থাৎ, তারা অপব্যাখ্যার আশ্রয় নিয়ে ইসলামের কিছু বিধানকে আল্লাহর বিধান বলে স্বীকারই করতে চায় না, অথবা স্বীকার করলেও সেগুলো মানতে চায় না আরেক অপব্যাখ্যা দেখিয়ে অথবা অপব্যাখ্যা না দিয়েও নিজের দুর্বলতার জন্য মানে না। তাদের কাছে প্রকৃত ইসলাম উগ্রবাদ, জঙ্গিবাদ, ধর্মান্ধতা। অর্থাৎ, তাদের কাছে নিজস্ব মনগড়া সহজ ইসলাম রয়েছে যা আসল ইসলামের থেকে কিছু দিক দিয়ে অনেক আলাদা বলে এই মডারেট ইসলাম, আসল ইসলাম টার্মগুলো ব্যবহার করতে হচ্ছে আলাদাভাবে বুঝানোর জন্য। তারা লিবারেল ইসলাম, ইসলামী ফেমিনিজম, গণতান্ত্রিক ইসলাম, মানবতাবাদী ইসলাম ইত্যাদি বিভিন্ন জিনিসের উদ্ভাবক। তারাও অনেকটা বুদ্ধিবৃত্তিক দাসত্বের শিকার।
তাই অনেক হারাম জিনিসকেও ইসলামাইজেশনের প্রচেষ্টা দেখতে পাওয়া যায়। অর্থাৎ তারা লিবারেল, সেক্যুলার, পশ্চিমা ধ্যানধারণাকে মাপকাঠি ধরে সেই স্কেলে ইসলামের বিধানকে মূল্যায়ন করে, ইসলামের যেসব বিধান সেই মাপকাঠির সাথে মিলে যায় সেগুলো তাদের কাছে তখন যৌক্তিক ও পালনযোগ্য হয়ে যায়, আর যেসব বিধান তাদের সেই স্কেলে উত্তীর্ণ হয় না সেগুলো হয়ে যায় ধর্মান্ধতা, মধ্যযুগীয়, পালনঅযোগ্য ইত্যাদি। তারা মুসলিম হিসেবে আইডেন্টিটি ক্রাইসিসে ভোগে, ইসলামের কনসেপ্টের সামনে অন্য কনসেপ্টকে পছন্দ করতেও দ্বিধাবোধ করে না। ইসলামের সাথে তাদের সম্পর্ক তাই দুর্বলভাবে থাকে। তাদের মধ্যে হিপোক্রেসিও খুঁজে পাওয়া যায়। বস্তুত প্রকৃত মুমিনের অনেক বৈশিষ্ট্য তাদের মধ্যে অনুপস্থিত।
তৃতীয়ত বিবেচনা করা যাক একজন খাঁটি মুমিনের কথা। আলোচ্য প্রশ্নে তাদের উত্তর হওয়ার কথা যে তারা অবশ্যই ধর্মান্ধ (আবারো বলছি, ধর্ম বলতে কেবলই ইসলামকে বোঝানো হচ্ছে)। তাঁরা আল্লাহর যেকোনো বিধানকে বিনাবাক্যে মেনে নিতে প্রস্তুত তাদের ঈমানের গভীরতা ও আল্লাহর সাথে মজবুত সম্পর্কের বদৌলতে। তাঁরা দুনিয়াবি যেকোনো মতবাদ, পথ, চিন্তাচেতনা, বিজ্ঞান, যুক্তি সবকিছুর ঊর্ধ্বে মনে করে আল্লাহর যেকোনো একটি বিধানকেও। তাঁরা "আমরা শুনলাম ও মানলাম" এই নীতিতে বিশ্বাসী। তাঁরা পশ্চিমা ধ্যানধারণার বুদ্ধিবৃত্তিক দাসত্ব করে না, তাঁরা শুধুমাত্র এক আল্লাহর দাসত্ব করে।
আর "আল্লাহ সর্ববিষয়ে সম্যক অবহিত, সর্বাধিক জ্ঞানী" এই বিশ্বাস তাঁদেরকে অন্যদের চোখে ধর্মান্ধ করেছে। তাঁরা অন্যদের মতো নফসের দাসত্ব করে না, সহজ ইসলাম খোঁজে না, তাই তাঁরা ধর্মান্ধ। তাঁরা ইসলামের দৃষ্টিতে দুনিয়াকে দেখে এবং সেসব জিনিসকেই গ্রহণ করে যেগুলো ইসলামী মানদণ্ডে উত্তীর্ণ। আর যেসব জিনিস আল্লাহর বিধানের বিরোধী সেগুলোকে বর্জন করে। অর্থাৎ তাঁদের কাছে কোনো জিনিস ভালো মন্দ, গ্রহণযোগ্য, বর্জনীয় এসব মূল্যায়নের ভিত্তি স্থির ও অপরিবর্তনীয়। তাঁরা সুবিধাবাদী নীতি বর্জন করে আল্লাহর সন্তুষ্টির নীতি গ্রহণ করায় তাঁরা ধর্মান্ধ। তাঁদের কাছে নিজের আকল, যুক্তির চেয়ে আল্লাহ ও রাসূলের কথা বেশি মূল্যবান। আল্লাহর কোনো বিধানের কার্যকারিতা বা প্রামাণ্যতা খুঁজে পাওয়া গেলেও একজন খাঁটি মুমিন এসবের জন্য অপেক্ষা করে না, এসবের জন্য বিধানের অনুসরণ করে না। বরং তাঁর উদ্দেশ্য থাকে আল্লাহকে সন্তুষ্ট করা, আর এজন্য সব বিধান মানার জন্য যৌক্তিকতা, প্রামাণ্যতা এসবের আবশ্যকতা নেই।
আল্লাহ রব্বুল ইজ্জাত আমাদের সবাইকে তাঁর প্রিয় বান্দা খাঁটি মুমিনদের মতো ঈমান আনার, তাদের মতো ধর্মান্ধ হওয়ার তাওফিক দান করুন, আমিন ইয়া রব্বাল আলামীন।
পাঠকের মন্তব্য
এখনও কোনো মন্তব্য হয়নি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

