বইপ্রেমি ভদ্রলোক
বড়লেখা, মৌলভীবাজার ১. প্রতিদিন জগিং করার সময় পার্কের পাশে বেঞ্চিতে একজন ভদ্রলোককে দেখি বই হাতে নিয়ে বসে আছেন। অন্যদিন এক পলক তাকিয়েই চলে গেলেও আজ কী মনে করে দাঁড়িয়ে থেকে ভদ্রলোককে ভালোমতো দেখতে লাগলাম। মাথায় পুরনো আমলের

বিসমিল্লাহির রাহমানির রাহিম
বড়লেখা, মৌলভীবাজার
১.
প্রতিদিন জগিং করার সময় পার্কের পাশে বেঞ্চিতে একজন ভদ্রলোককে দেখি বই হাতে নিয়ে বসে আছেন। অন্যদিন এক পলক তাকিয়েই চলে গেলেও আজ কী মনে করে দাঁড়িয়ে থেকে ভদ্রলোককে ভালোমতো দেখতে লাগলাম। মাথায় পুরনো আমলের টুপি, চোখে মোটা ফ্রেমের চশমা, পরনে হালকা নীল ফতুয়া আর সাদা পাজামা। ভদ্রলোককে দেখে আমার দাদাভাইয়ের কথা মনে পড়ে গেলো। তিনিও এভাবে ফতুয়ার সাথে পাজামা পড়তেন। ভদ্রলোকের এক হাতে একটি মেটাডোর কলম, সেটা দিয়ে কিছুক্ষণ পরপর বইয়ে দাগ দিচ্ছেন আর পাশে রাখা নোটবুকটা তুলে নিয়ে তাতে কী যেন লিখছেন।
এই শহরে এই সময় বই হাতে নিয়ে আর কেউ বসে আছে কিনা তা শতভাগ নিশ্চিত হয়ে বলতে না পারলেও অনুমান করতে পারি সম্ভবত নেই। আমি নিজেও খুব একটা বই পড়িনা। সপ্তাহান্তে একদিন দু-এক ঘন্টা পড়ি এই যা। তবে বই না পড়লেও বইয়ের প্রতি একটা টান অনুভব করি। পর্যাপ্ত অবসর পেলে হয়তো অনেক বই পড়তাম। তাই বই পড়ুয়া কাউকে দেখলে ভালো লাগে। ভদ্রলোকের প্রতি আমার আগ্রহের কারণও এটাই। নাহলে এই অচেনা শহরে অন্যকে নিয়ে ভাববার ফুরসত কই? আমি ধীর পায়ে ভদ্রলোকের দিকে এগিয়ে যেতে লাগলাম। খুব সন্তর্পণে পা ফেলছি যাতে পাতার মর্মর শব্দে ভদ্রলোকের মনযোগে বিঘ্নতা সৃষ্টি না হয়।
প্রায় মিনিট পাঁচেক পর ভদ্রলোক বইয়ের পাতা থেকে চোখ তুলে তাকিয়ে আমাকে পাশে দাঁড়িয়ে থাকতে দেখে একটু অবাক হলেন মনে হলো। একজন জলজ্যান্ত মানুষ এতক্ষণ ধরে পাশে দাঁড়িয়ে আছে তা ভদ্রলোক বলতেই পারেননা। বইয়ের প্রতি কতটা নিমগ্ন থাকলে এমন হয়? উনি কী ধরনের বইপোকা তা আর আমার বুঝতে বাকি রইলোনা। ভদ্রলোক আমাকে সালাম দিয়ে জিজ্ঞেস করলেন কিছু বলবো কিনা। আমি সালামের জবাব দিয়ে বললাম, 'আপনার পাশে একটু বসতে পারি?' আমার কথার কোনো জবাব না দিয়ে তিনি নোটবুকটা এ পাশ থেকে সরিয়ে অন্য পাশে নিয়ে রাখলেন। বুঝলাম বসার ইঙ্গিত দিচ্ছেন। আমিও তাই কিছু না বলে বসে পড়লাম।
আমাকে পাশে বসিয়ে রেখে ভদ্রলোক আরো প্রায় মিনিট পাঁচেক বইয়ের মাঝে ডুবে রইলেন। এরপর বই বন্ধ করে এক পাশে রেখে দিয়ে আমার দিকে তাকিয়ে বললেন, 'তো কী যেন বলবেন বলেছিলেন?' আমি খানিক নীরব থেকে বললাম, 'বই পড়তে আপনার খুব ভালো লাগে তাইনা?' ভদ্রলোক চশমাটা খুলে হাতে নিয়ে আকাশের দিকে একবার তাকালেন। এরপর আমার দিকে ফিরে বললেন, 'লাইলি-কাইসের ভালোবাসার গল্প তো শুনেছেন নাকি?' আমি বললাম, 'লাইলি-মজনুর ভালোবাসার গল্প শুনেছি কিন্তু কাইস নামটা আগে কখনো শুনিনি বলে মনে হচ্ছে।' ভদ্রলোক একটা মুচকি হাসি দিয়ে বললেন, 'না শুনারই কথা।'
চশমাটা আবার চোখে লাগিয়ে ভদ্রলোক একবার গলা ঝেড়ে নিলেন। মনে হচ্ছে একটা লম্বা বক্তব্য পেশ করতে যাচ্ছেন। আমার অনুমান সত্য হলো। ভদ্রলোক বলতে শুরু করলেন, 'লাইলি-কাইসের গল্পটাই আমাদের দেশে লাইলি-মজনুর গল্প নামে পরিচিত। কিন্তু বাস্তবে মজনু নামে কেউ নেই। আরবী লায়লা বাংলায় এসে লাইলি আর মাজনুন বাংলায় এসে মজনু হয়ে গেছে। লাইলির প্রেমে অত্যাদিক পরিমাণে মজে যাওয়ায় তাকে বলা হয় মাজনুন লায়লা বা লাইলির পাগল। সেখান থেকেই মূলত লাইলি মজনুর উৎপত্তি।'
নতুন কিছু জানতে আমার বরাবরই ভালো লাগে। লাইলি-মজনুর গল্পটা নতুনভাবে জানতে পেরে আমি খুব আগ্রহী হয়ে উঠলাম। জিজ্ঞাসু ভঙ্গিতে বললাম, 'তাহলে এই মজনুর আসল নাম কী?' মনযোগী শ্রোতা পেয়ে ভদ্রলোককে মনে হলো দারুণ খুশি হয়েছেন। মুখে হাসি টেনে বললেন, 'মজনুর আসল নাম হচ্ছে কাইস ইবনুল মুলাওয়িহ। মজার ব্যাপার হচ্ছে এই কাইস কিন্তু একজন জবর্দস্ত কবিও ছিলেন।' আমি অবাক হয়ে বললাম, 'তাই নাকি?' ভদ্রলোক আবারো স্বভাবসুলভ হাসি দিয়ে বললেন, 'হুম একদম তাই। তার কবিতার একটা সংকলনও আছে দিওয়ানু কাইস ইবনিল মুলাওয়িহ নামে।' আমি হাসতে হাসতে বললাম, 'এতো বড় প্রেমিক কবি না হয়ে পারে?' মুচকি হেসে ভদ্রলোকও আমার সাথে শরিক হলেন।
ভদ্রলোকের মুক্তোঝরানো কথা শুনতে শুনতে সময়ের দিকে কোনো খেয়ালই ছিলোনা। হাতঘড়ির দিকে তাকিয়ে দেখি অফিসে যাওয়ার সময় হয়ে গেছে। আমি বেঞ্চি থেকে উঠতে উঠতে বললাম, 'এতোদিন আপনার সাথে কথা না বলে অনেক কিছুই মিস করে ফেলেছি। আজ দারুণ অভিজ্ঞতা হলো সাথে জানাও হলো নতুন কিছু। সময় থাকলে আরো একটু সময় বসতাম। আজ তাহলে আসি?' ভদ্রলোক হ্যান্ডশেক করার জন্য হাত বাড়িয়ে দিতে দিতে বললেন, 'আপনার মতো মনযোগী শ্রোতা পেয়ে আমারও কথা বলতে ভালো লেগেছে। আবারও দেখা হবে ইন শা আল্লাহ।'
আমি বিদায় নিয়ে চলে আসতে যাচ্ছি এমন সময় পিছন থেকে ভদ্রলোক ডাক দিয়ে বললেন, 'আপনার প্রশ্নের উত্তর না জেনেই চলে যাচ্ছেন যে?' আমি ফিরে তাকিয়ে বললাম, 'ও তাইতো!' ভদ্রলোক তার সরঞ্জামাদি গোছাতে গোছাতে বললেন, 'বইয়ের প্রতি আমার ভালো লাগাটা লাইলির প্রতি কাইসের ভালোবাসার মতোই।'
প্রত্যয়ে প্রতীতি
পাঠকের মন্তব্য
এখনও কোনো মন্তব্য হয়নি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

