বিশুদ্ধ পরিবেশের প্রয়োজনীয়তা
ফিনলে স্কয়ার, দুই নম্বর গেইট, চট্টগ্রাম নিজের ব্যাপারে আমার ভাবনা কেমন? ব্যাপারটি যেন প্রবল আপেক্ষিক। আমি যদি এক দল বোকা-সোকা মানুষের মাঝে বসবাস করি, তবে নিজেকে হয়তো মনে হতে পারে, "আমিই যেন এই যুগের আইন্সটাইন কিংবা নিউটন

বিসমিল্লাহির রাহমানির রাহিম
ফিনলে স্কয়ার, দুই নম্বর গেইট, চট্টগ্রাম
নিজের ব্যাপারে আমার ভাবনা কেমন? ব্যাপারটি যেন প্রবল আপেক্ষিক।
আমি যদি এক দল বোকা-সোকা মানুষের মাঝে বসবাস করি, তবে নিজেকে হয়তো মনে হতে পারে, "আমিই যেন এই যুগের আইন্সটাইন কিংবা নিউটন!"
তার ঠিক বিপরীত মেরুতে, আমি যদি এক দল প্রখর জ্ঞানী ও প্রোডাক্টিভ মানুষের পরিবেশে নিজেকে আগলে রাখি, তাদের সাথেই যদি হয় আমার চলাফেরা ও উঠা-বসা; তবে মনে হতে পারে, "আমার চেয়ে বোকা ও মূর্খ মানুষ মনে হয় এই দুনিয়াতে দ্বিতীয়টি নেই!"
দ্বীনের ব্যাপারটিও ঠিক তেমন। ধরা যাক, আমি এমন এক পরিবেশে বসবাস করি, যেখানে আমার আশপাশের অধিকাংশ মানুষই অতিমাত্রায় গুনাহে লিপ্ত। এমন এক পরিবেশে থেকেও আমি যথাসম্ভব পাঁচ ওয়াক্ত নামাজ সময়মত আদায় করার চেষ্টা করি, যতটুকু সম্ভব গুনাহ থেকে বাঁচার চেষ্টা ও ফিকির করি, তাহলে আমার মনে হতেই পারে, "এইতো আর একটু এগিয়ে গেলেই মনে হয়, আমি একজন জীবন্ত বুজুর্গ হয়ে যাবো!" অপরদিকে আমার বসবাসের পরিবেশ যদি হয় এমন স্থানে, যেখানে আমার আশপাশের অধিকাংশ মানুষজনই সর্বদা আল্লাহকে ভয় করে চলেন।
তাঁরা নিজেদের নিয়ে বড়ই চিন্তিত থাকেন এই ভেবে যে, আমার এই ছোট্ট জীবন নামক নৌকাটির অন্ত না-জানি কোথায় গিয়ে ঠেকে! জান্নাত নাকি জাহান্নাম?! আমি কি পাবো জান্নাতের সেই অদ্ভুত অপূর্ব স্নিগ্ধ আলো ও সুবাস! নাকি আমাকে ভুগতে হবে জাহান্নামের সেই কালো আগুনের তাপ ও উত্তাপ! তাঁরা সর্বদাই ধ্যানের অতল গহীনে থেকে নিজেদের সর্বদা জিকির আযকারে মশগুল রাখে। সুন্নাতের ছায়ায় নিজের জীবনকে গুটিয়ে রাখে।
এমন পরিবেশে যদি সেই ৫ ওয়াক্ত নামাজ পড়ুয়া আমাকে নিয়ে আসা হয়, তখন আমার মনের অনুভব ও অনুভূতি কেমন হবে? দ্বীনি নূরের আলোয় উদ্ভাসিত এমন পরিবেশে, চমৎকার মানুষগুলোর চমৎকার আমলগুলো আমার চিন্তা-চেতনায় কেমন প্রভাব ফেলবে? তখন যেন মনে হবে এই দুনিয়াতে মনে হয় আমার মত দুর্বল ও নিকৃষ্ট আর কোন আল্লাহর বান্দাই নেই! তাই পরিবেশ একটি মারাত্মক ব্যাপার। শুধু মারাত্মক বললেও যেন ভুল হয়, এ যেন ভীষণ মারাত্মক ব্যাপার।
গুনাহ করতে করতে, গুনাহের পরিবেশে নিজেকে নিমজ্জিত রাখতে রাখতে, গুনাহের প্রতি ঘৃণা ও এর ভয়ংকর পরিণামগুলো যেন মন থেকে ধীরে ধীরে উধাও হতে থাকে।
একসময় তা অভ্যস্ততায় পরিণত হওয়াটাও অস্বাভাবিক ব্যাপার নয়। তখন দিল যেন পাথরের মত শক্ত ও কঠিন হতে থাকে, অন্তরে অনুশোচনা ও লজ্জা নামক স্তম্ভ গুলোও যেন ধীরে ধীরে মাকড়সার জালের মতোই দুর্বল ও অস্তিত্বহীন হতে শুরু করে। একটা সময় এমন হয় যে, তখন গুনাহ কে আর গুনাহ হিসেবে ভাবার যোগ্যতাটাও যেন হারিয়ে যায়।
এজন্যই এখনও বলছি, ভবিষতেও বলব ইন শা আল্লাহ; পরিবেশ, পরিবেশ, পরিবেশ। আপনার আচার-আচরণ, আপনার মন-মানসিকতা, আপনার চিন্তা ও চেতনা, আপনার ভাব ও ভাবনা কেমন হবে, এর পেছনে সবচেয়ে বড় ফ্যাক্টর হল, আপনি কোথায় আছেন, কাদের সাথে আছেন, কিভাবে এবং কার সাথে আপনার সবসময়ের উঠা বসা ও চলাফেরা।
আপনি যদি বহুকাল যাবৎ বহু সাধনা করেও কোন গুনাহ ত্যাগ করতে না পারেন, তবে মনে হয় আপনি দূষিত পরিবেশের কিছু অসৎ কর্মের কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে আছেন। যা থেকে নিজেকে বাচাঁতে না পারলে, আপনার পাহাড়ের মতো শক্তিশালী ঈমানটাও গুনাহের স্রোতে ঢলে পড়তে পারে। তাই গুনাহ থেকে নিজেকে বাঁচানোর জন্য এমন একটি বাগান খুবই জরুরী যার ফুল গুলো গুনাহ থেকে বড়ই পাক ও পবিত্র।
আগুনের পাশে বসে থেকে, আমি যতই শীতল হাওয়ার আশা ও স্বপ্ন দেখে যাই না কেন, এতে কোন লাভ নেই। গরম হাওয়াই আমার আসল প্রাপ্য, যতক্ষণ না আমি স্থান পরিবর্তন করি।
পাঠকের মন্তব্য
এখনও কোনো মন্তব্য হয়নি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

