আয়াতের ডায়রি
এক. আজানের শব্দে ঘুম ভাঙলো ইলমার। শীতের ভোর। অনেক দূরের মসজিদ গুলোর আজানও স্পষ্ট আর সুন্দর শোনা যায়। এক অন্য রকম প্রশান্তি কাজ করে এসময়। ইলমা উঠে নামাজ আদায় করে আবার লেপে পা ঢুকিয়ে বসলো। ফোনটা হাতে নিতেই ম্যাসেঞ্জারে একট

বিসমিল্লাহির রাহমানির রাহিম
এক.
আজানের শব্দে ঘুম ভাঙলো ইলমার। শীতের ভোর। অনেক দূরের মসজিদ গুলোর আজানও স্পষ্ট আর সুন্দর শোনা যায়। এক অন্য রকম প্রশান্তি কাজ করে এসময়।
ইলমা উঠে নামাজ আদায় করে আবার লেপে পা ঢুকিয়ে বসলো। ফোনটা হাতে নিতেই ম্যাসেঞ্জারে একটা ম্যাসেজ আসল। আয়াত ম্যাসেজ দিয়েছে। সে ভাবলো, "বাব্বা, এতো বিখ্যাত মানুষ আমার মতো সাধারণ মানুষকে ম্যাসেজ দিয়েছে! "
আয়াত লিখেছে -আসসালামু আ’লাইকুম। কেমন আছিস?
- ওয়া আ’লাইকুমুস সালাম। আলহামদুলিল্লাহ ভালো, তুই?
-আমিও ভালো আলহামদুলিল্লাহ। শুনেছিলাম তোর কাছে আরিফ আজাদের বইগুলো আছে। আমাকে "বেলা ফুরাবার আগে" বইটা দিতে পারবি এক সপ্তাহের জন্য?
-হুম অবশ্যই।
-তাহলে কালকে তোর কলেজের সামনে থেকে নিয়ে নিব।
ইলমা অনেকটা অবাক হয়েই জিজ্ঞেস করলো, "কিরে? হুমায়ুন আহমেদ, জাফর ইকবালের বই ছেড়ে হঠাৎ আরিফ আজাদ?"
"এমনিই রে," আয়াত একটু ইতস্ততঃ করে মেসেজটা সেন্ড করে।
আয়াতের রিপ্লাইয়ের ধরণ দেখে ইলমাও আর কথা বাড়ালো না।
দুই.
হিজাবে পিন লাগাতে লাগাতে হঠাৎ ইলমার বই নেওয়ার কথা মনে পড়লো। আয়াতের সাথে আজ প্রায় ৮ মাস পর দেখা হবে। স্কুলে একই সেকশনে পড়তো ওরা। অনেক যুক্তিবাদী আর বাস্তববাদী ছিল তাই আয়াত কে কম বেশি সবাই পছন্দ করতো। একবছর আগে নারী অধিকার নিয়ে কয়েকটা লাইনের একটা পোস্ট দিয়ে সে বেশ বিখ্যাত হয়ে যায়। অনেক অনেক কমেন্ট, শেয়ার হয়। এতো ছোট বয়সে এমন পোস্ট দিয়ে নারী সমাজে অনেক সুনাম ও পায় সে।
তবে ইলমা এগুলো নিয়ে নাক গলায় না। আল্লাহর দেওয়া অধিকারই তার কাছে সবার উপরে। খুব ভালো বান্ধবী না হওয়ায় কলেজে উঠার পর তাদের আর দেখা হয়নি।
কলেজের পেছন গেটে দাঁড়িয়ে ইলমা আয়াতের জন্য অপেক্ষা করছে। হঠাৎ একজন তার পাশে এসে দাঁড়িয়ে তাকে সালাম দিলো। অন্যমনস্ক থাকায় ইলমা অনেকটা চমকে উঠলো!
পরিপূর্ণ পর্দাশীল একটা মেয়ে। তার হাতের সৌন্দর্যও যেন কোনো পর পুরুষকে আকৃষ্ট না করে তাই হাতটাকেও আবৃত করেছে। তাকে ঘিরে একটা তৃপ্তিময় পরিপূর্ণতা কাজ করছে। এমন পর্দাশীল মেয়ে এ যুগে বিরল।
সালামের উত্তর নিয়ে সে অনেকটা কৌতুহলী হয়ে জিজ্ঞেস করলো
- আয়াত?!
- হুম। (মুচকি হেসে)
- এত পরিবর্তন কখন কবে কীভাবে? (অনেক বেশি অবাক হয়ে জিজ্ঞেস করলো)
- কেন রে? পরিবর্তন হওয়ার জন্য কী আল্লাহর হেদায়াতই যথেষ্ট নয়? আর হেদায়াতের জন্য কী নির্দিষ্ট সময় প্রয়োজন?
ইলমা আর কোনো উত্তর খুঁজে পেল না।
আয়াত হাসতে হাসতে বলল, -হয়েছে। এবার বইটা দে। বাসায় যেতে হবে। অন্য একদিন গল্প করবো ইন শা আল্লাহ।
- হ্যাঁ, ইন শা আল্লাহ।
আয়াত ইলমার থেকে বিদায় নিয়ে চলে গেলো আর ইলমা অপলক দৃষ্টিতে তাকিয়ে তাকিয়ে ভাবতে লাগলো আগের সেই আয়াতকে।
জিন্সের প্যান্ট যা একটু খানি টাকনুর ওপরে গুজে রাখা থাকতো আর টপস যার দৈর্ঘ্য মাঝে মাঝে হাটুর নিচেও আসতো না। চুলের নিচের দিকে হালকা বাদামী রঙ করা। আর এটাকেই সে নিজের ব্যক্তিত্ব মনে করতো। আর সেই মেয়ে এখন পুরোপুরি আবৃত। পায়ের পাতাটাও দেখা সম্ভব নয়।
ইলমার ঘোর ভাংলো। সে আল্লাহর প্রতি বুক ভর্তি কৃতজ্ঞতা নিয়ে বাসার দিকে রওনা হলো।
তিন.
মাঝখানে ৩ মাস পার হয়ে গেছে। ইতিমধ্যে ইলমা আর আয়াতের অনেক ভালো বন্ধুত্ব তৈরি হয়েছে। দ্বীনের বিষয়ে তারা দুই জন একে অপরকে অনেক সাহায্য করে।
আজকে ইলমা প্রথমবারের মতো আয়াতের বাসায় ঘুরতে গেছে। অনেক বড় বাসা। মা বাবা দু’জনই চাকুরজীবী হওয়ায় সে ছোট থেকে একাই থাকতে অভ্যস্ত। আয়াতের ঘরের এক কোণে একটা ছোট খাটো লাইব্রেরি আছে বলা যায়। সেখানে অনেক রকমের বই। আগে সেগুলো বিভিন্ন বিখ্যাত উপন্যাস, বৈজ্ঞানিক কল্পকাহিনী দিয়েই ভর্তি ছিলো। কিন্তু এখন সেখানে বিভিন্ন ইসলামিক বই জায়গা পেয়েছে।
আয়াত বই গুলো দেখতে দেখতে শেলফের এক কোণে একটা পুরোনো ডায়েরি দেখতে পেলো। এই ডায়েরিটা স্কুলে আয়াতের কাছে সে অনেকবার দেখেছে। তাই কৌতুহল নিয়েই ডায়েরি টা হাতে নিলো ইলমা। স্কুলের অনেক কাহিনী লেখা আছে। সে মনোযোগ দিয়ে পড়ছিল। হঠাৎ শেষের পৃষ্ঠায় ইলমার চোখ আটকে গেল।
কয়েক মাস আগের লেখা। সে পড়তে শুরু করলো।
"সেদিন মনটা আগের থেকে অনেক বেশি খারাপ ছিল। ছাদের একটু বেশি কোনায় যেয়েই বসে ছিলাম। স্তব্ধ বিকাল, কোনো বাঁধা নেই কারণ কেউ এসে জিজ্ঞেস করবে না কেন এভাবে বসে আছি। সবাই নিজেদের স্বার্থ অর্জনে ব্যস্ত। একাকিত্ব, কঠিন বাস্তবতা, পরিস্থিতি আমাকে শেষ করে ফেলেছে প্রায়। ভাবছিলাম জীবনের আসল অর্থটা কী? জীবন মানেই কী একে অপরের সাথে প্রতিযোগিতা করে সফলতা অর্জন করা? কিন্তু আমিতো এগুলোর কিছুতেই হতাশা থেকে মুক্তি পাইনি। পরিবার, সমাজ যে এত সচেতন তাহলে আমি প্রতিদিন যখন সাত তালার ছাদের ওপর পা ঝুলিয়ে বসে থাকি তখন কেউ কেন খেয়ালও করেনা? সব কিছুর পরে তো একমাত্র এই একাকীত্বটাই আমাকে সঙ্গ দেয়। কে আছে আমার যে আমাকে একটু সময় দিবে, সত্যি সত্যিই ভালবাসবে যেখানে কোন দায়বদ্ধতা থাকবে না?
হঠাৎ মাগরিবের আজান পড় লো।সকল স্তব্ধতা আর সূর্যের হালকা আলোর মাঝে কেমন জানি অদ্ভুত সুন্দর লাগছিলো আজান শুনতে। জীবনে এতবার আজান শুনেছি কিন্তু এতটা আত্মিক প্রশান্তি কাজ করেনি কখনো। বাসায় এসে নামাজ পড়লাম। শেষ কবে পড়েছিলাম মনে নাই। নিজের অজান্তেই চোখ দিয়ে পানি পড় তে লাগলো।সব কিছু খুলে বললাম আল্লাহর কাছে। তিনি তো সবই জানতেন আমার আত্মিক, বাহ্যিক। নতুন করে খুঁজে পেলাম নিজেকে। ধীরে ধীরে বুঝতে পারলাম তাঁকে ভালোবাসাতেই সব সুখ, প্রশান্তি কাজ করে।
আজও আমি একায়ই। কিন্তু একাকিত্বটা এখন বেশ ভালোই লাগে। কারণ একাকিত্বটা আমাকে প্রতিনিয়ত বুঝায় আল্লাহ তাঁর এই সাধারন সৃষ্টিকেও ভালোবাসেন, আর একমাত্র তিনিই আমার জন্য যথেষ্ট।"
ইলমা চুপ হয়ে গেলে। ভাবতে লাগলো, সত্যিই কখন কাকে আল্লাহ হেদায়েত দেন বলা যায় না। তবে সেজন্যও হয়তো আল্লাহর প্রিয় হতে হয়। আমি কী আল্লাহর প্রিয় হতে পেরেছি?
পিছনে ঘুরে দেখলো আয়াত তার দিকে তাঁকিয়ে আছে। ইলমা থতমত খেয়ে গেল কারণ সে আয়াতকে না বলেই ডাইরিটা পড়ে ফেলেছে। আয়াত ইলমার ভয় ভয় মুখ দেখে ফিক করে হেসে দিল। আয়াত বলল,
-কী ভেবেছিলি আমি তোর ওপর রাগ করবো?
-না মানে....
-আরে পড়তেই পারিস কারণ তুই আমার সেই একমাত্র বান্ধবী যার সাথে বন্ধুত্বটা তৈরি হয়েছে শুধুমাত্র আল্লাহর জন্য!
ইলমা দীর্ঘ নিশ্বাস নিয়ে বললো, "উফফফ! তোকে দেখে যে আরো কত অবাক হতে হবে তা আল্লাহই জানেন।"
আর বলুন, ‘সত্য এসেছে ও মিথ্যা বিলুপ্ত হয়েছে; ‘নিশ্চয় মিথ্যা বিলুপ্ত হওয়ারই ছিল
সূরা ইসরা, ১৭/৮১
পাঠকের মন্তব্য
এখনও কোনো মন্তব্য হয়নি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

