আত্মোপলব্ধি
রাজশাহী সন্ধ্যা সাতটা থেকে রাত সাড়ে দশটা অবধি এখনো মোবাইলে গেম খেলে যাচ্ছে মাহির। মা এসে তিনবার ডেকে গেলেন, সালাত পড়ে রাতের খাবার খেতে। কিন্তু সেদিকে তার কোনো ভ্রুক্ষেপই নেই। গেম খেলার গভীর নেশায় সে এখন আচ্ছন্ন। যদিও

বিসমিল্লাহির রাহমানির রাহিম
রাজশাহী
সন্ধ্যা সাতটা থেকে রাত সাড়ে দশটা অবধি এখনো মোবাইলে গেম খেলে যাচ্ছে মাহির। মা এসে তিনবার ডেকে গেলেন, সালাত পড়ে রাতের খাবার খেতে। কিন্তু সেদিকে তার কোনো ভ্রুক্ষেপই নেই। গেম খেলার গভীর নেশায় সে এখন আচ্ছন্ন। যদিও মাঝে মাঝে চোখ প্রচন্ড ব্যথা করছে, মনে মনে ভাবছে, "এই আর একটু! এই লেভেলটা শেষ করেই উঠছি।" তবুও উঠছে না। প্রচন্ড ক্ষুধা তবুও গেম খেলাই তার কাছে সব। ওদিকে তার মা তাকে প্রচন্ড বকছেন, কিন্তু কে শোনে কার কথা! তার মাও বুঝছেন না তার ছেলেটার কী হয়েছে। সবেমাত্র নবম থেকে দশম শ্রেণীতে উঠেছে। বন্ধুদের মোবাইল কিনতে দেখে সেও বায়না ধরল মা-বাবার কাছে। মা বাবার একমাত্র ছেলে মাহির। মা অনেক কিছুতে বাধা দিলেও বাবা তার সব আবদার পূরণ করে। তাই মা রাজি না থাকলেও বাবা মোবাইল কিনে দিল। কিন্তু সেটাই যেন সর্বনাশ ডেকে আনল। মোবাইল পাওয়ার পর থেকেই পড়ুয়া শান্তশিষ্ট মাহির যেন কেমন খাপছাড়া হয়ে গেল। পড়াশোনা তো একদমই করে না, সালাতও ঠিকমতো পড়ে না, খাওয়া-দাওয়ার কোন ঠিক নেই, সারাক্ষণ সেই ফোন আর বন্ধুবান্ধবদের সাথে আড্ডা, হাসি-তামাশা ইত্যাদি নিয়েই ব্যস্ত।
বাবা চাকরির কাজে বেশিরভাগই বাইরে থাকেন, ছেলের দিকে খেয়াল রাখার তেমন সময় পান না। মা একটু বকা দিলে অবশ্য ফোনটা রেখে এমনি বসে থাকে। কিন্তু কয়েকদিন ধরে অতি অসহ্য হয়ে উঠেছে ছেলেটা। মায়ের বকুনিতেও আর কাজ হচ্ছে না। তার মা তাকে নিয়ে বড়ই চিন্তিত। আর আজকে তো সহ্য সীমা পার হয়ে গেছে তার। সেই কখন থেকে বলে যাচ্ছেন তবুও কোন কথাই শুনছে না মাহির। তিনি প্রচণ্ড রেগে গিয়ে মাহিরের ঘরে গেলেন এবং তার হাত থেকে ফোনটা কেড়ে নিলেন আর একটা হাদিসের বই তার হাতে ধরিয়ে দিয়ে বললেন, "ফোন রেখে একটু হাদিস পড়।" মা হাদিসের বইটা তাকে দিয়ে ফোনটা নিয়ে ঘর থেকে চলে গেলেন এদিকে মাহিরের মেজাজ চটে গেছে। সে হাদিসের বইটা ফেলে দিয়ে ঘরের দরজা বন্ধ করে দিল সজোরে। মায়ের প্রতি তার খুব রাগ আর একটা লেভেল শেষ করতে দিলে কী হতো? রাগ করে সে বিছানায় শুয়ে গেল।
কিছুক্ষণ পর তার মনে হল সবকিছু কেমন আবছা অন্ধকার লাগছে। আর কেমন যেন স্তব্ধ, বোধ হচ্ছে যেন মৃত্যুপুরী। হঠাৎ বিছানা থেকেই সে লক্ষ্য করলো এক তীব্র আলোর ছটা, যেন হাদিসের সেই বইটা থেকে বের হচ্ছে। ধীরে ধীরে সেই আলোর ছটা তার নিকট এগিয়ে আসলো, অস্পষ্টভাবে মনে হতে থাকলো এ যেন মৃত্যুদূত আজরাইল। সে ভীত হয়ে চিৎকার করতে চাইলো কিন্তু পারল না, সম্পূর্ণ নিথর হয়ে গেছে। বোধ হলো, আজরাইল তার শরীর থেকে রুহ্ বের করল। এরপর সে তার শরীরকে দেখতে পাচ্ছে যেটা নিসাড় হয়ে পড়ে আছে, যার মধ্যে প্রাণ নেই। এদিকে সকাল হতে চলেছে, আজকে তার বাবার ঢাকা থেকে আসার কথা, এতক্ষণে মনে হয় এসেও গিয়েছে।
তার মা দরজার বাইরে ডাকছে সে দরজা খুলে দিতে গেল কিন্তু কিছুই স্পর্শ করতে পারছে না, সে তার নিসাড় শরীরের কাছে এসে আর্তনাদ করে দরজা খোলার জন্য বলছে কিন্তু কোনো লাভ হল না। তার মা ছেলের কোনো সাড়া না পেয়ে তার বাবাকে ডাকলো, তার বাবা এসে দরজা ভেঙে ঘরে ঢুকলো। ঘরে ঢুকেই তার মা তাকে দেখে আর্তনাদ করে কাঁদছেন আর বলছেন, "বাবা, একটিবার ওঠ, তোকে আর বকব না।" মায়ের তীব্র আর্তনাদ শুনে সে বলল, "মা, এইতো আমি তোমার পাশে দাঁড়িয়ে আছি। কিন্তু তার কথা কেউ শুনতে পাচ্ছেনা। বাবা যেন শোকে পাথর হয়ে গেছেন। মাহির তাদেরকে ডাকছে, কিন্তু তার শব্দ তাদের কানে পৌঁছাচ্ছে না। তার বুকটা হাহাকার করে উঠলো।
বেলা বাড়তে থাকল, আশেপাশে তার মৃত্যুর সংবাদ পৌঁছে গেল। আত্মীয় স্বজন, পাড়া-প্রতিবেশী এসে কাঁদছে, সবাই মা-বাবাকে সান্তনা দিচ্ছে। তার প্রাণহীন শরীরটাকে কিছু লোক বরই পাতা দিয়ে পানি গরম করে গোসল করিয়ে কাফনের সাদা কাপড় পরিয়ে দিল। এরপর লাশের খাটরীতে শুইয়ে দিল। যোহরের পর জানাযা শেষে তার শরীরটাকে সবাই কবর দেওয়ার জন্য নিয়ে যাচ্ছে। তার মা প্রচন্ড আর্তনাদ করছেন বারবার জ্ঞান হারিয়ে ফেলছেন। সে চিৎকার করে সবাইকে বলছে আমাকে কই নিয়ে যাচ্ছো? আমাকে মায়ের কাছে থাকতে দাও। সবাই যেন বধির হয়ে গেছে। কবরে তার প্রাণহীন শরীরটাকে রেখে মাটি দিল। আর তার মনে হচ্ছে সে যেন এক বদ্ধ খাঁচায় আটকে পড়েছে। সবাই এক এক করে চলে যাচ্ছে। বাবা আরো কিছুক্ষণ দাঁড়িয়ে কাঁদলেন। এরপর তিনি চলে যাচ্ছেন। বাবাকে আকুতি করে বলছে, "বাবা আমাকে অগ্নিদগ্ধ খাঁচায় বন্দি রেখে যেও না।" তার দম আটকে আসছে! ভয়ে অস্থির।
হঠাৎ আযানের ধ্বনি তার কানে এলো। সে বুঝতে পারছিল না কী হচ্ছে। দেখল ভোর হয়ে গেছে। শীতল স্রোত তার পুরো শরীরজুড়ে বয়ে গেল। তাহলে কি এটা স্বপ্ন ছিল? তার মানে, সে এখনো বেঁচে আছে? তার চোখে পানি চলে এসেছে। মনের অজানা আশংকাটা আর নেই। অন্যরকম এক প্রশান্তি সে যেন অনুভব করতে লাগলো। নিজের অজান্তেই মুখ দিয়ে বেরিয়ে এলো- "আলহামদুলিল্লাহ্।" সে বুঝে গেছে এখন থেকে আর আগের মতো বকা শুনতে হবে না তাকে। সে আর গেম খেলবে না আগের মতো। প্রবল এক অনুতাপ বোধ তাকে ঘিরে ফেলল তার আগের কাজের জন্য, মায়ের কথা না শোনার জন্য, সালাত আদায় না করার জন্য। নিজেকে পাপী মনে হতে থাকলো। এমনসময় তার ঘড়িতে চোখ পড়ল। প্রায় পাঁচটা বাজে। সে চটজলদি ফ্রেশ হয়ে ওযু করে মাকে ডাক দিল, "মা ওঠো, আজান দিয়েছে! নামাজ পড়ো।"
তার মায়ের ঘুম ভাঙলো ছেলের কথা শুনে। অবাক হলেন; যে ছেলেকে তিনি ডেকে ডেকে উঠাতে পারেন না, সে ছেলে আজ তার মাকে ডেকে নামাজ পড়ার কথা বলছে! মাহিরের ইচ্ছে করতে লাগলো তার মাকে জড়িয়ে ধরে কাঁদার। খুব করে কাঁদার। খুশিতে তার মায়ের চোখ দিয়ে তখন হয়তো অশ্রু পড়বে। কিন্তু না, সংকোচে সে আর এগোতে পারল না। মাকে জড়িয়ে ধরে কাঁদা কি অতো সহজ? লজ্জা তো লাগবেই। এদিকে তার মায়ের চোখের কোণাতে কী এক রহস্য চকচক করছে। মায়াভরা কণ্ঠে তিনি বলে উঠলেন, "হ্যাঁ, উঠছি বাবা। তুই যা সুন্নাতটা পড়ে নে।" নিজের সন্তানের এই আত্মোপলব্ধি দেখে মহান আল্লাহর নিকট শুকরিয়া আদায় করলেন।
وَمَا تَوْفِيقِىٓ إِلَّا بِٱللَّهِ ۚ عَلَيْهِ تَوَكَّلْتُ وَإِلَيْهِ أُنِيبُ
আমার কার্যসাধন তো আল্লাহরই সাহায্যে ; আমি তাঁরই উপর নির্ভর করি
এবং তাঁরই অভিমুখী। (সূরা হুদ, ১১/ ৮৮)
পাঠকের মন্তব্য
এখনও কোনো মন্তব্য হয়নি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

