আমি ফিরেছি, আপনি ফিরবেন তো?
নিউমার্কেট, চট্টগ্রাম বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে। হালকা বাতাসও বইছে। আমি সামনের রুমে শুয়ে আছি। জানালার ফাঁক দিয়ে সামনের নারিকেল গাছের পাতাগুলোর নৃত্য দেখছি। মোবাইলে হেডফোন লাগিয়ে শুনছি ইমাম ফয়সালের কন্ঠে সূরা মূলক। হঠাৎ এ

বিসমিল্লাহির রাহমানির রাহিম
নিউমার্কেট, চট্টগ্রাম
বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে। হালকা বাতাসও বইছে। আমি সামনের রুমে শুয়ে আছি। জানালার ফাঁক দিয়ে সামনের নারিকেল গাছের পাতাগুলোর নৃত্য দেখছি। মোবাইলে হেডফোন লাগিয়ে শুনছি ইমাম ফয়সালের কন্ঠে সূরা মূলক। হঠাৎ একটু ভাবনার জগতে ডুব দিলাম। ভাবলাম আগে আমি সারাদিন গান শুনতাম। এখন ঠিক তার বিপরীত। কিভাবে এমন হলো? ভাবলাম এ নিয়ে কিছু লিখি। তারপর টেবিলের উপর রাখা ডায়েরি ও কলমটা হাতে নিলাম। লিখতে বসলাম আমার অতীতের কথা। লিখতে বসলাম আমার জাহেলিয়াতের কথা। ডায়েরির শুরুতে বড় করে হেডলাইন দিলাম "আমি ফিরেছি, আপনি ফিরবেন তো?"। তারপর লেখা শুরু করলাম।
আমার জন্ম একবিংশ শতাব্দির শুরুর দিকে। তখন জন্মেছিলাম মুসলিম হয়ে। কিন্তু বয়স বাড়ার সাথে সাথে আশেপাশের পরিবেশ আমাকে জাহেলিয়াতে পরিণত করেছে। তখন আমি জানতাম না খুব ভোরে ঘুম থেকে উঠে সকালের সালাত পড়ার ফযিলত কী, উল্টো জেনেছিলাম কতটুকু দেরিতে ঘুম থেকে উঠে গর্বের সাথে বলতে হয়, 'আজ আমি সকাল দশটায় ঘুম থেকে উঠেছি'। আমি জানতাম না গান শুনার ফলে আমার শাস্তি কী হতে পারে, বরং জেনেছিলাম 'গান না শুনলে আমি আধুনিক হতে পারব না'। আমি জানতাম না আখিরাতের ভয়ভহতার সম্পর্কে, তাই আমি দুনিয়া নিয়ে সবসময় মগ্ন থাকতাম। আমি জানতাম না, 'হালাল' আর 'হারামের' মধ্যে পার্থক্য কী, তাই অনেক পাপ করেছি। দুর্ভাগ্যবশত কোনো এক সময় আমি একজনের আমানত খেয়ানত করেছিলাম (যদিও পরবর্তীতে তা শোধ করে দিই। কিন্তু উনার সাথে মনোমানিল্য হয়ে গেল, আল্লাহ উনার টাকা-পয়সায় বরকত দান করুক এবং উনার হায়াত বৃদ্ধি করুক, আমিন)। আমার জানা মতে এটাই আমার জীবনের একমাত্র ও শ্রেষ্ঠ ভুল। আল্লাহ যেন সামনের দিনগুলোতে আমাকে হারাম থেকে হেফাযত করেন, আমিন।
আগে আমি প্রচুর গান শুনতাম। সারাদিনই শুনতাম বলা চলে। তবে আমি অর্থহীন গান শুনতাম না, শিক্ষামূলক গান শুনতাম। আমি শুনতাম নচিকেতা, সায়ান, হায়দার হোসেন এদের গান। মাঝে মাঝে কিছু প্রেম-ভালোবাসার গানও শুনতাম। প্রায় দুই বছরের (অর্থহীন) সাধনায় আমার মোবাইলে ৭৬৩টি গান জমেছিল। সবগুলো পছন্দের। যা না শুনলেই নয়!
একদিন পড়তে বসলাম আরিফ আজাদের সম্পাদিত 'প্রত্যাবর্তন' বইটি। একটি গল্পে গিয়ে আমি থমকে গেলাম। 'যারা গান শুনবে, কিয়ামতের দিন তাদের কানে গরম সীসা ঢেলে দেওয়া হবে'। এই হাদিসটি শুনার সাথে সাথে কেন যেন আমার ভিতরে কম্পন সৃষ্টি হলো। সাথে সাথে মোবাইল হাতে নিয়ে ৭৫০টির মতো গান ডিলেট করে দিলাম। কয়েকটি গান আমি ডিলেট করতে পারলাম না। 'এক হারিয়ে যাওয়া বন্ধুর সাথে, আমি চিৎকার করে কাঁদিয়ে চাহিয়া, তুমি আসবে বলে, বৃদ্ধাশ্রম, তিরিশ বছর পরেও আমি স্বাধীনতাটাকে খুঁজছি, বায়ান্ন, মনের খোরাক ইত্যাদি এ রকম ১৩টা গান আমি প্রথম দিন ডিলেট করতে পারিনি। কয়েকদিন পর করে দিয়েছিলাম। এখনো মনে আছে গানগুলো ডিলেট করতে গিয়ে আমার কান্না চলে এসেছিল। গান ছাড়তে ইবনুল কাইয়্যিমের (রাহ.) এ কথাটিও মনে দাগ কেঁটেছিল, "গান এবং কুরআনের মধ্যে সম্পর্ক বিপরীতমূখী। যে অন্তরে গান থাকে, সে অন্তরে কুরআন থাকতে পারে না। আর যে অন্তরে কুরআন থাকে, সে অন্তরে গান থাকতে পারে না।" (খুশু-খুযু)
গানের অভাব পূরণ করেছিলাম দুটো জিনিস দিয়ে। এক বাসিরা মিডিয়ার ভিডিওগুলো (ওয়াল্লাহি এগুলো যতবার শুনি ততবারই নতুন করে শুনতে মন চাই, এর চেয়ে সুন্দর ভয়েস আমি কোথাও দেখিনি)। দুই ইমাম ফয়সালের কন্ঠে সূরা মূলক (এমনও সময় গিয়েছে, আমি এই সূরা একটানা দশবার শুনেছি, এখনো প্রতিদিন শুনি একবার হলেও), আফাসির কন্ঠে সূরা ফুসসিলাত, ওমর আল হিশামের কন্ঠে সূরা হুজুরত, সালেহ আল মুসাল্লির কন্ঠে সূরা আদ-দুখানের শেষের আয়াতগুলো। এগুলোর সামনে কি পৃথিবীর কোনো সংঙ্গীত দাঁড়াতে পারবে? প্রশ্নই উঠে না! আর দশটা মানুষের মত আমিও ভবিষ্যৎ নিয়ে সবসময় মগ্ন থাকতাম। তবে সেই ভবিষ্যৎমগ্নতা আমার চূড়ান্ত গন্তব্যের (আখিরাত) প্রতি ছিল না, ছিল দুনিয়ার মোহের প্রতি। যেখানে কিছুক্ষণ পর আমি বেঁচে থাকব কিনা সেটার নিশ্চয়তাও নেই।
সাহাবীদের (র:) জীবনী পড়ে জানতে পারলাম, তাঁরা আখিরাতের জন্য চাওয়ার পর যা সময় থাকত, তা দিয়ে দুনিয়ার জন্য চাইত। আর আমরা সারাদিন দুনিয়ার জন্য চাওয়ার পর যা সময় থাকে, তা দিয়ে আখিরাতের জন্য চাই(তাও কয়েকজন)।
আচ্ছা আমরা দুনিয়া নিয়ে এত বেশি মগ্ন থাকি কেন? আমাদের রিজিকের খোঁজ করার জন্য? যে রিজিকের জন্য আমরা জঘন্য কাজ করে ফেলি, সে রিজিকতো আপনার আমার জন্মের পূর্বে মহান আল্লাহ আমাদের তাকদীরে লিখে রেখেছেন। আপনি দুনিয়াতে কতদিন বাঁচবেন, কখন কী করবেন, কখন কী খাবেন, তার সবকিছু তিনি আমাদের জন্মের আগে লিখে রেখেছেন তাকদীরে। সুতরাং, দুনিয়ার মোহের কাছে আখিরাতকে বিক্রি করে দিয়ে লাভ কী?
যে জীবনটা খুব ক্ষণিকের সে জীবনটা নিয়ে আমরা এত বেশি মশগুল হয়ে যায় যে, যে জীবনটা দীর্ঘস্থায়ী সে জীবনটা নিয়ে একটু মনোযোগ দিয়ে ভাবার সময়ও আমাদের হয়ে উঠে না। অথচ একটু ভেবে দেখেন, চোখ দুটো বন্ধ হয়ে গেলে, আপনার হৃৎপিন্ডের কম্পন বন্ধ হয়ে গেলে, আপনার শরীরের প্রতিটি অঙ্গ অচল হয়ে গেলে, আপনি তখন চলে যাবেন অতল থেকে অতলে। যে দুনিয়ার জন্য এত বেশি পাগল ছিলেন, সে দুনিয়ার কে বা কী আছে আপনার হৃৎপিন্ডের কম্পন চালু করে দেওয়ার? কার সাধ্য আছে আপনার চোখ দুটো খুলে দেওয়ার? কার ক্ষমতা আছে আপনার শরীরের প্রতিটি অঙ্গের সঞ্চালন করিয়ে দেওয়ার?
একটু আগে যে মেয়েটি আপনাকে পার্কের ধারে আসতে বলেছিল, একটু পরে সে মেয়েটিও গত হতে পারে। গতকাল যে মানুষটি আপনার সাথে খুব সুন্দরভাবে কথা বলেছিল, আগামীকাল সে মানুষটিও গত হতে পারে। যে মানুষটি কোটি টাকা খরচ করে দালান বেঁধেছিল, সেই দালানে ঘুমোতে যাওয়ার পূর্বে সে মানুষটিও গত হতে পারে। অর্থাৎ মৃত্যু আসলে সবই গত হয়ে যাবে। কিন্তু যে আমলগুলো কিংবা গুনাহগুলো আপনি আজ করে যাচ্ছেন, তার প্রতিদান আপনি আগামীকাল (পরকালে) ঠিকই পাবেন। এগুলো কখনো গত হবে না, এগুলো সব সময় আগামী হবে। আপনি কোনটা করবেন সেটা আপনার উপর নির্ভর করবে। আপনি কি আমল করবেন? নাকি গুনাহ? জবাব নিজেই নিজেকে দিন।
জন্ম থেকেই সমাজের জঘন্য একটা জাহেলী প্রথা দেখতে দেখতে বড় হয়েছি। সেটি হচ্ছে 'যৌতুক প্রথা'। এই যৌতুকের কারণে অনেক বিয়ে ভেঙ্গে যেতে দেখেছি, অনেক মা-বাবার চোখের জল দেখেছি, কুরবানি ঈদে গরু না এনে ছাগল আনার কারণে মেয়ের ছোট ভাইকে উঠান থেকে বের করে দিতে দেখেছি। এসবের কারণে অনেক যুবতীর বিয়ের পর আত্মহত্যার ঘটনা দেখেছি। এটিকে আমি কিভাবে আত্মহত্যা বলতে পারি? এটিতো একধরনের জঘন্য হত্যা। এটি আত্মহত্যার নামে 'সাজানো হত্যা'। ঐ যুবতীগুলোকে যৌতুকের জন্য শ্বশুরবাড়ির সবাই মিলে মানসিক অত্যাচার করতে থাকে। স্বামী নামের বীরপুরুষ, থুক্কু কাপুরুষটি তখন কিছু বলে না। কারণ সেতো ওই দলের একজন সেনাপতি হিসেবে কাজ করছে, যেখানে রাজা-রাণী হচ্ছে সম্মানিত সেনাপতির মা-বাবা। রাজা-রাণী নির্দেশ দেয় এবং সেই নির্দেশ মোতাবেক সেনাপতি কাজ করে। সেনাপতির সাথে যোগ দেয় কিছু প্রজা, যাদেরকে আমরা সেনাপতির ভাই-বোন হিসেবে বুঝি। তারা সবাই একত্রিত হয়ে একজনের সাথে লড়াই করে। সবাই মিলে একজনের সাথে লড়া, এটা কি সাহসিকতা? আরে ভাই এটাতো চরম কাপুরুষতা! কাপুরুষতারওতো একটা লিমিট থাকে। আর জাহান্নামের কথা একবারও মনে পড়ে না?
হে যুবক! তুমি নিজেকে শিক্ষিত বল কিভাবে? শিক্ষিত হলে তুমি শ্বশুরের কাছ থেকে যৌতুক চাও কি করে? ইসলামতো তোমাকে সেই শিক্ষা দেইনি। যৌতুক চাওয়াটা তোমার শিক্ষিতের পরিচয় নয়, বরং ভিক্ষুকের পরিচয়! বরং ভিক্ষুকও তোমার চেয়ে শ্রেষ্ঠ।
আরেকটা বিষয় লক্ষ্য করলাম, আমরা একটু কিছু হলেই ভেঙ্গে পড়ি। সর্বশক্তিমান আল্লাহর ব্যাপারে বলে ফেলি, আল্লাহ আমাকে ভালোবাসেন না। আল্লাহু আকবর। আমরা মুসলিম, কিন্তু সিরিয়ার ওই ছোট্ট শিশুটির মতো আল্লাহর উপর ভরসা স্থাপন করতে পারলাম না। আমরা মুসলিম, কিন্তু দিল্লির ওই মহিলার মতো পর্দার মর্যাদা বুঝলাম না। আমরা মুসলিম, কিন্তু ফিলিস্তিনের ওই বাচ্চাটির মতো হতে পারলাম না, যে বলেছিল, তাদের বোম মারা প্লেনগুলোর উপর আমার আল্লাহ রয়েছে। তারা আল্লাহর উপর পরিপূর্ণ ভরসা স্থাপন করতে পেরেছে। অথচ আমরা সামান্য কিছু হলেই ভেঙ্গে পড়ি। এমনকি অনেকে আল্লাহর ব্যাপারেও প্রশ্ন তুলি। নাউযুবিল্লাহ।
অথচ আমাদের অবস্থা তাদের চেয়েও শতগুণ ভালো রয়েছে। তারপরও আমরা শুকরিয়া আদায় করি না। ভাই আমার! নিজেকে একবার তাদের জায়গায় কল্পনা করুন। তারপর ভাবুন আল্লাহ আপনাকে কতটা ভালো রেখেছেন। আমাদের উচিত কষ্টের মুহূর্তগুলোর দিকে না তাকিয়ে, আল্লাহর দেওয়া নিয়ামতের দিকে তাকানো। তাহলেই সুখ পাওয়া যাবে। এতেই সুখ, এতেই প্রশান্তি।
অনেক মুসলিমকে দেখি ইসলাম মানতে যাওয়ার পিছনেও যুক্তি খুঁজে। অনেকেতো বলে ফেলে 'দাঁড়ি হলো সুন্নাত বিষয়, রাখলে ভালো, না রাখলে সমস্যা নেই! ফরজ মানলেই হলো!' আল্লাহু আকবর। আমি এ বিষয়ে দীর্ঘ আলোচনা করবো না, শুধু এতটুকুই বলবো, মুমিন কখনও দাড়ি রাখার পিছনে যুক্তি খুঁজতে যায় না। যদিও দাঁড়ি রাখা একটা আবশ্যক কাজ। না রাখলে গোনাহ হবে। তবুও সে কখনও এটা খুঁজতে যায় না যে, দাঁড়ি রাখা সুন্নাত নাকি ওয়াজিব। সে দাড়ি এ জন্যই রাখে যে, কারণ দাঁড়ি নবীজি ﷺ রেখেছেন ও রাখতে আদেশ দিয়েছেন। একজন মুমিনের জন্য এটাই যথেষ্ট। সে আর কোনো যুক্তি-তর্কে যায় না। ভালোবাসার মানুষের অনুসরণের পিছনে কোনো যুক্তি খুঁজতে নেই, যুক্তি খুঁজতে যাওয়া মানে আপনি তাঁকে ভালোবাসেন না।
আগে আমার ঘুম হতো জাস্টিন বিবারের গান শুনতে শুনতে, এখন ঘুম হয় ওমর আল হিশাম আর ইমাম ফয়সালের তিলওয়াত শুনতে শুনতে! আগে আমার প্রিয় সংগীত ছিল এলেক্স গোওটের 'ক্লোসার', আর এখন হচ্ছে ইমাম ফয়সালের কন্ঠে 'সূরা মূলক'! আগে আমার দেখা সবচেয়ে আবেগময় মুহূর্ত ছিল "বাজরাইনগি ভাইজান" মুভির দৃশ্য, আর এখন হচ্ছে মিশরি আল আফাসির কন্ঠে সূরা ফুসসিলাত তিলাওয়াতের দৃশ্য! আগে আমি মোটিভেশনের জন্য খুঁজে নিতাম স্টিব জবসের স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে দেওয়া লেকচারটি, আর এখন খুঁজে নিই মোহাম্মদ হোবলসের "None of you will enter the paradise by his action" এই লেকচারটি।
হে আমার রব! যদিও আপনার সিদ্ধান্তই চূড়ান্ত, তারপরও আপনার কাছে আমার একটাই ফরিয়াদ; আমাকে এমন অবস্থায় মৃত্যু দান করিয়েন না, যে অবস্থায় মৃত্যুবরণ করা আমার জন্য অকল্যাণকর হবে! হে আমার রব! আপনিই তো সর্বোত্তম পরিকল্পনাকারী।
পাঠকের মন্তব্য
এখনও কোনো মন্তব্য হয়নি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

